রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

জাতীয় কবি নজরুল ইসলামের জন্মবার্ষিকীতে সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা ও দোয়া অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২৬, ১০:৫৫ পিএম
জাতীয় কবি নজরুল ইসলামের জন্মবার্ষিকীতে সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা ও দোয়া অনুষ্ঠিত

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে নবরূপ পাঠাগারের উদ্যোগে সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ জুন ২০২৬) সকালে রেলওয়ে কিন্ডারগার্টেন স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে নবরূপ পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি পি. এম.বিল্লাল সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন, চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম।

অনুষ্ঠানে রেলওয়ে কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের রুহের মাগফিরাত ও দেশ-জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Model Hospital

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলওয়ে কিন্ডারগার্টেন স্কুলের সভাপতি, বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন চাঁদপুর জেলা শাখার সভাপতি এবং নবরুপ মানবিক উন্নয়ন সংস্থা সহ-সভাপতি মাহমুদা খানম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আমাদের সাম্য, মানবতা, দেশপ্রেম ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের চিরন্তন প্রেরণা। শিক্ষার্থীদের শুধু সুন্দর হাতের লেখাই নয়, সুন্দর চরিত্র, নৈতিকতা ও দেশপ্রেমে গড়ে উঠতে হবে। বই পড়ার অভ্যাস গড়ে তুললে তারা ভবিষ্যতে সুনাগরিক হিসেবে দেশ ও সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।”

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নজরুল গবেষক মোরশেদ খান জয়, বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন চাঁদপুর জেলা শাখার নারী সম্পাদক মানছুরা বেগম আসমা, সদস্য জুলেখা আক্তার।

এছাড়াও উপস্থিত ছিলেন রেলওয়ে কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক রুবিনা আক্তার, লিপি রানী দাশ, জনি দাশ, কাজী আজিজুল নাহিয়ান, উম্মে কুলছুম মারজিয়াসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ।

১২৯ বছরের জীবনের অবসান! মতলবের প্রবীণ বারেক বেপারীর বিদায়, বয়স নিয়ে চাঞ্চল্য

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১১:১৬ পিএম
১২৯ বছরের জীবনের অবসান! মতলবের প্রবীণ বারেক বেপারীর বিদায়, বয়স নিয়ে চাঞ্চল্য

দীর্ঘ ১২৯ বছরের জীবনের অবসান। পৃথিবীর আলো-বাতাসে এক শতাব্দীরও বেশি সময় কাটিয়ে না ফেরার দেশে চলে গেলেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মুদাফর গ্রামের প্রবীণ ব্যক্তি বারেক বেপারী। স্থানীয়দের দাবি, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১২৯ বছর। তাঁর দীর্ঘায়ু নিয়ে এলাকায় রয়েছে নানা আলোচনা ও কৌতূহল।

রোববার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীতে মেয়ের বাসায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুর খবরে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

বারেক বেপারী মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের মুদাফর গ্রামের মৃত লতিফ বেপারীর ছেলে। মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

রোববার বাদ আসর মুদাফর ঈদগাহ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজায় ইমামতি করেন তাঁর দৌহিত্র হাফেজ মো. হাফিজ উদ্দিন।

Model Hospital

১২৯ বছরের জীবন, স্থানীয়দের মুখে দীর্ঘায়ুর গল্প

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বারেক বেপারী প্রায় ১২৯ বছর বয়স পর্যন্ত বেঁচে ছিলেন। তাঁদের দাবি, এত দীর্ঘ জীবন পাওয়ায় তিনি ছিলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তিদের একজন। তবে তাঁর বয়সের পক্ষে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও যাচাইকৃত কোনো নথির তথ্য পাওয়া যায়নি। ফলে ১২৯ বছর বয়সের বিষয়টি স্থানীয়দের দাবি হিসেবেই বিবেচিত হচ্ছে।

মানবজীবনে শতবর্ষ পেরিয়ে বেঁচে থাকা অত্যন্ত বিরল ঘটনা। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, ফ্রান্সের জ্যাঁ লুইস কালমঁ ১২২ বছর ১৬৪ দিন বেঁচে ছিলেন, যা কোনো মানুষের সর্বোচ্চ যাচাইকৃত আয়ু হিসেবে স্বীকৃত।

বারেক বেপারীর জীবনও স্থানীয়দের কাছে দীর্ঘায়ুর এক বিস্ময়কর গল্প হয়ে থাকবে। এক শতাব্দীরও বেশি সময়ের জীবনের অবসান ঘটিয়ে তিনি চলে গেলেন চিরবিদায়ের পথে। রেখে গেলেন অসংখ্য স্মৃতি, স্বজনদের ভালোবাসা আর দীর্ঘ জীবনের নানা গল্প।

দীর্ঘ জীবনের পথচলা থেমে গেল, কিন্তু স্মৃতিতে বেঁচে থাকবেন বারেক বেপারী।

তাঁর মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। মহান আল্লাহ তাঁকে ক্ষমা করুন, তাঁর কবরকে প্রশস্ত করুন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।