চাঁদপুরে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন, সম্পত্তি লিখে না দেওয়ায় হত্যার হুমকী
চাঁদপুর সদর উপজেলায় ভরণপোষণ না দেওয়া, মারধরের চেষ্টা, ভয়ভীতি প্রদর্শন, বসতঘর থেকে বের করে দেওয়া ও হত্যার হুমকির অভিযোগে ছেলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন ৭৫ বছর বয়সী এক বৃদ্ধা মা।
চাঁদপুর সদর উপজেলায় ভরণপোষণ না দেওয়া, মারধরের চেষ্টা, ভয়ভীতি প্রদর্শন, বসতঘর থেকে বের করে দেওয়া এবং হত্যার হুমকির অভিযোগে ছেলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ৭৫ বছর বয়সী এক বৃদ্ধা মা।


সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোছা. সুফিয়া বেগম অভিযোগ করেন, তার ছেলে মনির হোসেন খোকা তাকে নিয়মিত ভরণপোষণ দেন না। বিভিন্ন সময় টাকা দাবি করেন এবং টাকা দিতে না পারলে অশ্লীল ভাষায় গালমন্দ করেন। স্বামীর মৃত্যুর পর তিনি যে সম্পত্তির মালিক হয়েছেন, তা বিক্রি করে ছেলেকে টাকা দেওয়ার জন্যও চাপ সৃষ্টি করা হয়। একপর্যায়ে তাকে হত্যার হুমকি দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।


সংবাদ সম্মেলনে সুফিয়া বেগমের মেয়ে জাহানারা বেগম অভিযোগ করেন, তার ভাই বিভিন্ন সময়ে তার কাছ থেকে ৮ লাখ টাকা নিয়েছেন। ওই টাকা ফেরত চাইতে গেলে অশ্লীল ভাষায় গালমন্দ করেন এবং সম্পত্তি তার নামে লিখে না দিলে তাদের মেরে ফেলার হুমকি দেন। বর্তমানে তারা পরিবার-পরিজন নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন। তার মাকেও বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। বর্তমানে তার মা তার বাড়িতে অবস্থান করছেন।
এদিকে সুফিয়া বেগমের নাতনি মাওয়াই জান্নাত অভিযোগ করেন, তার বিয়ের পর তার স্বামী তার নানা ও মামার কাছ থেকে একটি সম্পত্তি ক্রয় করেন। ওই সম্পত্তি তাদের নামে রেজিস্ট্রি করা হলেও তারা তা ভোগদখল করতে পারছেন না। মামা মনির হোসেন খোকা তাদের গালাগাল করেন এবং সম্পত্তি দখল করতে হলে পুনরায় ৫০ লাখ টাকা দিতে হবে বলে দাবি করেন। টাকা না দিলে সম্পত্তি ভোগদখল করতে দেওয়া হবে না বলেও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে মোছা. সুফিয়া বেগম এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত, নিজেদের নিরাপত্তা নিশ্চিত করা এবং অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।





