চাঁদপুরে বিশ্ব শিক্ষক দিবসে র্যালি ও আলোচনা সভা
শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : চাঁদপুর ডিসি
চাঁদপুরে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

সোমবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় চাঁদপুর সদর উপজেলা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চাঁদপুর সদর উপজেলা মিলনায়তনে গিয়ে শেষ হয়।

পরে সকাল ১০টায় সদর উপজেলা মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য দেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

তিনি বলেন, শিক্ষকরা সমাজ ও শিক্ষার্থীদের জন্য রোল মডেল। আমরা এখানে যারা উপস্থিত আছি, সবাই যদি নিজেদের অতীতের কথা চিন্তা করি, তাহলে সর্বপ্রথম আমাদের শিক্ষাজীবন ও স্কুলের শিক্ষকদের কথাই মনে পড়ে। শিক্ষার্থীরাও সারা জীবন তাদের শিক্ষকদের কথা মনে রাখবে।

জেলা প্রশাসক বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞান দিলেই হবে না; পড়াশোনার পাশাপাশি তাদের সামাজিক শিক্ষাও নিশ্চিত করতে হবে। শিক্ষকদের শিক্ষার্থীদের সঙ্গে সুন্দর আচরণ করতে হবে এবং তাদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও সামাজিক মূল্যবোধ গড়ে তুলতে হবে।
তিনি বলেন, আমরা সবাই একে অপরের সঙ্গে হাসিমুখে কথা বলার চেষ্টা করব। সুন্দর আচরণ ও পারস্পরিক সম্মান নিজেদের মধ্যে একটি সুন্দর সামাজিক বন্ধন তৈরি করে। শিক্ষকদের কাছ থেকে শিক্ষার্থীরা যেমন শিখবে, তেমনি শিক্ষার্থীদের কাছ থেকেও ভালো কিছু শেখার মানসিকতা শিক্ষকদের থাকতে হবে।
আহমেদ জিয়াউর রহমান আরও বলেন, শিক্ষার্থীদের প্রকৃতির মাঝে বিভিন্ন বিষয়ে শেখার সুযোগ করে দিতে ‘প্রকৃতি পাঠশালা’ চালুর বিষয়টি ইতোমধ্যে সামনে এসেছে। সেখানে শিক্ষার্থীরা প্রকৃতির মাঝে থেকে সামাজিক সম্প্রীতি, মূল্যবোধসহ বিভিন্ন বিষয়ে বাস্তব শিক্ষা লাভের সুযোগ পাবে। চাঁদপুরে খুব শিগগিরই এ ধরনের কার্যক্রম শুরু করার উদ্যোগ নেওয়া হবে।
তিনি বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন শিক্ষক শুধু শ্রেণিকক্ষে পাঠদান করেন না; তিনি শিক্ষার্থীদের চরিত্র, মূল্যবোধ, সামাজিক দায়িত্ববোধ ও মানবিক গুণাবলি বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাই শিক্ষকদের পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য নিজেদের আদর্শ হিসেবে গড়ে তুলতে হবে।
চাঁদপুর জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজমুন নাহার, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. এন. জামিউল হিকমা, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ মোছাদ্দেক হোসেন।








