সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩
সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

মতলব দক্ষিণে নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ৯:১৮ পিএম
মতলব দক্ষিণে নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

মতলব দক্ষিণে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালিতে উপস্থিত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শিক্ষকবৃন্দ।

মতলব দক্ষিণে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে ‘বিশ্ব শিক্ষক দিবস- ২০২৬’।
সোমবার (৫ অক্টোবর ) সকাল ১০টায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করে মতলব দক্ষিণ উপজেলা প্রশাসন ও শিক্ষক পরিবার।
মতলব দক্ষিণ উপজেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিতে মতলব দক্ষিণের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা ও সংশ্লিষ্টরা অংশ নেয়। র‍্যালিটি মতলব শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মতলব দক্ষিণ উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে মতলব দক্ষিণ উপজেলা পরিষদ মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলার নির্বাহী অফিসার ও মতলব পৌরসভার প্রশাসক কে.এম ইশমাম।
এসময় তিনি বলেন, শিক্ষকরা শুধু পাঠ্যবইয়ের জ্ঞান দান করেন না; বরং একজন শিক্ষার্থীকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে, সঠিক নৈতিক শিক্ষায় ভিত্তি তৈরি করতে এবং ভবিষ্যতের লক্ষ্য অর্জনে অনুপ্রেরণা জোগাতে মুখ্য ভূমিকা পালন করেন। শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন এবং শিক্ষকদের সার্বিক সুযোগ-সুবিধা ও মর্যাদা নিশ্চিত করতে এই দিবসটি সারা বিশ্বে সচেতনতা সৃষ্টি করে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি এমদাদ হোসেন খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সাগর, মতলব পৌর বিএনপির সভাপতি মো. শোয়েব সরকার, মতলব দক্ষিণ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. আব্দুল হাইসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, একটি দেশের উন্নয়ন ও অগ্রগতির পেছনে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে শিক্ষকরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তাই শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি শিক্ষকদের পেশাগত সুরক্ষা, কর্মপরিবেশ ও সামাজিক মর্যাদা নিশ্চিত করা প্রয়োজন।
বক্তারা আরও বলেন, পরিবর্তিত সময়ের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষাব্যবস্থাকে আধুনিক ও যুগোপযোগী করতে শিক্ষকদের প্রশিক্ষণ ও পেশাগত দক্ষতা বৃদ্ধির সুযোগ বাড়াতে হবে। একই সঙ্গে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও দায়িত্বশীলতার পরিবেশ তৈরি করার ওপরও গুরুত্ব দেন তারা।

বিমানবন্দরে সংবর্ধিত রাজারগাঁওয়ের চেয়ারম্যান প্রার্থী আব্দুল করিম বেপারী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১১:০৩ পিএম
বিমানবন্দরে সংবর্ধিত রাজারগাঁওয়ের চেয়ারম্যান প্রার্থী আব্দুল করিম বেপারী

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১ নং রাজারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল করিম বেপারী দেশে ফেরায় তাকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবর্ধনা দিয়েছেন দুই শতাধিক নেতাকর্মী ও সমর্থক।

সোমবার (৫ অক্টোবর) ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে আসা নেতাকর্মী ও সমর্থকরা বিমানবন্দরে উপস্থিত হয়ে তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় নেতাকর্মী ও সমর্থকরা ফুল দিয়ে তাকে বরণ করে নেন। রাজারগাঁও ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে স্বতঃস্ফূর্তভাবে প্রবীণ-নবীনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা এতে অংশ নেন।

আব্দুল করিম বেপারী নেতাকর্মী ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আপনাদের ভালোবাসা, দোয়া ও সহযোগিতা আমাকে অনুপ্রাণিত করেছে। আমি রাজারগাঁও ইউনিয়নবাসীর সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। সমান ভাবে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের উন্নয়ন কর্মকাণ্ডে সমান গুরুত্ব দেওয়া হবে।

তিনি আরও বলেন, “আমি চেয়ারম্যান নির্বাচিত হলে হাজীগঞ্জ-শাহরাস্তি-চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক মমিন ভাইয়ের দিকনির্দেশনা অনুযায়ী ইউনিয়নের উন্নয়নমূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল করার চেষ্টা করব। রাজারগাঁও ইউনিয়নকে অন্যায়, অনিয়ম,অপরাধ, দুর্নীতি, লুটপাট মুক্ত – একটি সুন্দর ইউনিয়ন হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করছি।”

Model Hospital

এদিকে সংবর্ধনায় অংশ নেওয়া নেতাকর্মী ও সমর্থকরা বলেন, তারা আব্দুল করিম বেপারীকে রাজারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দেখতে চান। তাদের প্রত্যাশা, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে তিনি বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হবেন।

সংবর্ধনা অনুষ্ঠানে ১নং রাজারগাঁও ইউনিয়নের প্রবীণ ও নবীন নেতাকর্মী, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

শেষে আব্দুল করিম বেপারী বলেন, “আমার নেতাকর্মী, সমর্থক ও ইউনিয়নবাসীর কাছে আমি চিরকৃতজ্ঞ। আপনারা আমাকে যে ভালোবাসা ও সম্মান দেখিয়েছেন, তা আমার জন্য অত্যন্ত আনন্দের ও স্মরণীয় একটি মুহূর্ত।”