অবৈধ ড্রেজার থেকে গ্রাম্য ডাক্তার, কচুয়ায় একদিনে ৩ মামলায় ৪০ হাজার টাকা জরিমানা
ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ৬:৪৭ পিএম
কচুয়ায় মোবাইল কোর্ট পরিচালনা করছেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু নাছির।
কচুয়ায় অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করায় ও গ্রাম্য দুই ডাক্তারকে অননুমোদিত প্রেক্টিসের দায়ে এবং মহাসড়কে বালু ফেলে যাত্রী দুর্ভোগ তৈরি করার অভিযোগে ৩ মামলায় ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু নাছির মোবাইল কোর্ট পরিচালনা করেন।
এসময় ইউনিয়ন ভূমি কর্মকর্তা ও কচুয়া থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন মোবাইল কোর্টে কাদলা ইউনিয়নে দোঘর এলাকায় অবৈধ ড্রেজার চালানোর অপরাধে এক ব্যক্তিকে পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী ১০ হাজার টাকা, পালাখাল মডেল ইউনিয়নে মেঘদাইর গ্রামে দুইজন গ্রাম্য ডাক্তারকে অননুমোদিত প্রেক্টিসের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে ২০ হাজার টাকা ও কচুয়া সাচার মহাসড়কে বালু ফেলে যাত্রী দুর্ভোগ তৈরি করায় এ ব্যক্তিকে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী ১০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়।
একই দিনে পালাখাল মডেল ইউনিয়নে মেঘদাইর ও বক্সগঞ্জ গ্রামে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতি টের পেয়ে অবৈধ ড্রেজার মেশিনে বালু উত্তোলনকারীরা পালিয়ে যায়। ঘটনাস্থলে প্রাপ্ত ৩ টি ড্রেজার সম্পূর্ণভাবে ভেঙ্গে দেয়া হয় এবং প্রায় ৩০০ মিটার সঞ্চালন পাইপ ধ্বংস করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু নাছির মোবাইল কোর্ট পরিচালনা সময় বলেন, ড্রেজার দিয়ে অবৈধভাবে মাটি কাটা পরিবেশ, কৃষিজমি ও জনস্বার্থের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। এ ধরনের অবৈধ কর্মকাণ্ড রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে।





