শাহরাস্তিতে জন্ম-মৃত্যু নিবন্ধনে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব শাহরাস্তি উপজেলা ইউএনওর, তিন ইউপি চেয়ারম্যানকে সম্মাননা
শাহরাস্তিতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা ও মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনের মিনি কনফারেন্স রুম আলাপনে পৃথকভাবে সভা দুটি অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, আসন্ন কালীপূজা ও মেলা উদযাপনে নিরাপত্তাব্যবস্থা, স্বাস্থ্যসেবা, সড়ক যোগাযোগ, যানজট, মাদক, কিশোর অপরাধ, ইভটিজিং, শিক্ষা, কৃষি, বিদ্যুৎ, মাটি কাটা, ইটভাটা ও জনসেবাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ২০২৬ সালের সেপ্টেম্বর মাসের কার্যক্রম মূল্যায়নে জন্ম ও মৃত্যু নিবন্ধনে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করায় শাহরাস্তি উপজেলা প্রশাসনকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান বক্তারা। একই সঙ্গে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে টামটা দক্ষিণ, মেহের দক্ষিণ ও চিতোষী পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সভাপতির বক্তব্যে ইউএনও মনিরা খাতুন বলেন, জনগণের সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধান এবং সরকারি সেবার মানোন্নয়ন প্রশাসনের অন্যতম প্রধান দায়িত্ব। সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা যেসব সমস্যা ও জনদুর্ভোগের বিষয় তুলে ধরেছেন, সেগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে। জনসাধারণের ভোগান্তি কমাতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। স্বাস্থ্যসেবার বিদ্যমান সমস্যা নিরসন, সড়ক যোগাযোগের উন্নয়ন, যানজট নিয়ন্ত্রণ এবং সরকারি সেবার মান বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।

আসন্ন কালীপূজা ও মেলা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, এ ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদযাপন কমিটি, জনপ্রতিনিধি ও স্থানীয় বাসিন্দাদের সমন্বিতভাবে কাজ করতে হবে। কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যাতে সৃষ্টি না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক ও দায়িত্বশীল থাকতে হবে। মাদক, কিশোর অপরাধ, ইভটিজিং, বাল্যবিবাহ ও সামাজিক অবক্ষয় প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের দায়িত্বশীল ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে ইউএনও বলেন, সন্তানদের জন্য সুস্থ পরিবেশ নিশ্চিত করতে সবাইকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। কোনো তরুণ বা কিশোর বিপথে গেলে তাকে বুঝিয়ে এবং অভিভাবকদের সঙ্গে কথা বলে সঠিক পথে ফিরিয়ে আনতে হবে।

অবৈধ ইটভাটা প্রসঙ্গে তিনি বলেন, জেলা প্রশাসনের নির্দেশনায় ইটভাটার মালিকদের সতর্ক করা হয়েছে। এরপরও অবৈধভাবে ইটভাটা পরিচালনা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। অপরাধের তথ্য গোপন না করে দ্রুত প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে হবে। প্রশাসন ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা, সহযোগিতা ও যোগাযোগ জোরদারের মাধ্যমে শাহরাস্তির শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা সম্ভব। জনস্বার্থে প্রশাসনের নিয়মিত নজরদারি ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।
সভায় বক্তারা উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে প্রশাসন ও পুলিশের কার্যক্রমের প্রশংসা করেন। জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে জাতীয় পর্যায়ে শাহরাস্তি উপজেলা প্রশাসনের শ্রেষ্ঠত্ব অর্জনকে উপজেলার জন্য গৌরবের বিষয় হিসেবে উল্লেখ করেন তাঁরা।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুজ্জামান, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আয়েত আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক মো. সেলিম পাটোয়ারী লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক মো. আবু কালাম ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ বেলায়েত হোসেন সেলিম।
প্রশাসনের পক্ষে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু নাছের শাকিল, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ডা. সাজ্জাদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আওরঙ্গজেব,উপজেলা প্রকৌশলী মাইনুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাকসুদ আলম, ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জহিরুল ইসলাম, বিদ্যুৎ বিভাগের ডিজিএম মোহাম্মদ নিজাম উদ্দিন সামস্, শাহরাস্তি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইমাম হোসেন, ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা জহিরুল ইসলাম, শাহরাস্তি ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার আবু হাসান, তথ্য আপা তাসলিমা আক্তার ও মহিলা বিষয়ক কর্মকর্তা আমেনা বেগম,সমাজ সেবা অফিসার মনিরুল ইসলাম,উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সিএ জসিম উদ্দিন।
এ ছাড়া চিতোষী পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জোবায়েদুল কবির বাহাদুর, রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডা. মো. আব্দুর রাজ্জাক, রায়শ্রী উত্তর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান খোরশেদ আলম, মেহের দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রুহুল আমিন, মেহের উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম ও সুচিপাড়া উত্তর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ লোকমান হোসেন লিটনসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক ও গণমাধ্যম সংগঠনের নেতৃবৃন্দ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।





