শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

শাহমাহমুদপুরকে মডেল ইউনিয়ন গড়তে চান দুইবারের সাবেক চেয়ারম্যান স্বপন মাহমুদ

মাসুদ হোসেন প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৯:৩৫ পিএম
শাহমাহমুদপুরকে মডেল ইউনিয়ন গড়তে চান দুইবারের সাবেক চেয়ারম্যান স্বপন মাহমুদ
চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নিয়ে আসন্ন ইউপি নির্বাচনী মাঠে থাকতে চান দুইবারের সাবেক সফল চেয়ারম্যান স্বপন মাহমুদ। ভোটারদের সমর্থন ও ভালোবাসা নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ড আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।
স্বপন মাহমুদ চাঁদপুর সদর উপজেলা বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক এবং ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি। তিনি এর আগে নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ সরকারের আমলে টানা ১০ বছর শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। নিজের দীর্ঘদিনের জনপ্রতিনিধিত্বের অভিজ্ঞতার কথা তুলে ধরে স্বপন মাহমুদ প্রিয় চাঁদপুরকে বলেন, অতীতে টানা ১০ বছর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছি। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে এলাকার উন্নয়নে আরও বেশি ভূমিকা রাখতে চাই। এমনকি ঐ সময়কালীন বিভিন্ন হামলা-মামলার শিকার হয়েও শাহমাহমুদপুরের মাটি ছেড়ে যাইনি। এই ইউনিয়নের মানুষের কাছেই থেকেছি। সকল শ্রেনী পেশার মানুষের কাছাকাছি থেকে কাজ করার সৌভাগ্য হয়েছে আমার। এতে করেই তৎকালীন সরকারের সময় জেলা ও উপজেলায় শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে সম্মাননা অর্জন করেছি। পাশাপাশি আমার রাজনৈতিক দলের দুঃসময়েও দলের সকল কর্মকান্ডে জড়িত থেকে নেতাকর্মীদের পাশে থাকার চেষ্টা করেছি।
এদিকে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অসংখ্যবার কারানির্যাতিত স্বপন মাহমুদের প্রত্যাশা, তাঁর দল বিএনপি বর্তমানে রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার সুবাদে দলীয় সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়নের উন্নয়নমূলক কর্মকাণ্ড আরও এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হবে। তিনি মনে করেন, পরিকল্পিত উদ্যোগ ও কার্যকর সমন্বয়ের মাধ্যমে শাহমাহমুদপুর ইউনিয়নের রাস্তাঘাট, যোগাযোগ ব্যবস্থা, অবকাঠামো এবং জনসেবামূলক কার্যক্রমের উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখা সম্ভব।
তিনি শাহমাহমুদপুর ইউনিয়নকে শুধু সাধারণ একটি ইউনিয়ন হিসেবে নয়, বরং চাঁদপুর জেলার মধ্যে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করছেন। এ লক্ষ্য বাস্তবায়নে এলাকার সার্বিক উন্নয়ন, জনসেবার মান বৃদ্ধি এবং সাধারণ মানুষের প্রত্যাশা পূরণকে গুরুত্ব দিতে চান তিনি।
স্বপন মাহমুদের মতে, জনপ্রতিনিধির প্রধান দায়িত্ব হচ্ছে জনগণের পাশে থাকা এবং এলাকার সমস্যা সমাধানে আন্তরিকভাবে কাজ করা। তাই আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি ভোটারদের সমর্থন ও আস্থাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে চান।
দীর্ঘ ১০ বছরের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা এবং রাজনৈতিক সম্পৃক্ততাকে কাজে লাগিয়ে আবারও জনগণের সেবা করার প্রত্যাশা নিয়ে এগিয়ে যেতে চান স্বপন মাহমুদ। তবে তাঁর এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রয়োজন ভোটারদের সমর্থন ও নির্বাচনে বিজয়। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে শাহমাহমুদপুরে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা বাড়ছে। এ পরিস্থিতিতে স্বপন মাহমুদের মডেল ইউনিয়ন গড়ার পরিকল্পনা এবং উন্নয়ন ভাবনা ভোটারদের মধ্যে কতটা সাড়া ফেলে, তা নির্ভর করবে তাঁর নির্বাচনী অবস্থান ও জনসমর্থনের ওপর।

শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন কর আইনজীবী মুহম্মদ মোজাম্মেল হক

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১০:১৪ পিএম
শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন কর আইনজীবী মুহম্মদ মোজাম্মেল হক
রাষ্ট্রীয় রাজস্ব আদায়ে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৬’ পেয়েছেন চাঁদপুরের কর আইনজীবী মুহম্মদ মোজাম্মেল হক।
শনিবার (২৪ অক্টোবর) ঢাকার পুরানা পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে শেরে বাংলা এ কে ফজলুল হক জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাঁর হাতে এ সম্মাননা তুলে দেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরে বাংলা এ কে ফজলুল হক স্মৃতি পরিষদের প্রধান উপদেষ্টা ও সাবেক সচিব সৈয়দ মন্ডব মোর্শেদ। সংগঠনের মহাসচিব এএইচ আরমান চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
আয়োজক প্রতিষ্ঠান শেরে বাংলা এ কে ফজলুল হক স্মৃতি পরিষদ কতৃপক্ষ জানান রাষ্ট্রীয় রাজস্ব আদায়ে বিশেষ অবদানের জন্য মুহম্মদ মোজাম্মেল হককে এ পুরস্কার প্রদান করা হয়েছে। উল্লেখ্য : মুহম্মদ মোজাম্মেল হক চাঁদপুর কর আইনজীবী ‘আমিন অ্যান্ড অ্যাসোসিয়েটস’-এর সঙ্গে যুক্ত। তিনি চাঁদপুর জেলা যুবদলের সাহিত্য ও প্রকাশনা(সহ) বিষয়ক সম্পাদক।