সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩
সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

মাদ্রাসা আছে, শিক্ষার্থী আছে—নেই শুধু শ্রেণিকক্ষ! মসজিদে বসেই পড়ছে ফরিদগঞ্জের শিশুরা

এস এম ইকবাল প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১১:৩৯ এম
মাদ্রাসা আছে, শিক্ষার্থী আছে—নেই শুধু শ্রেণিকক্ষ! মসজিদে বসেই পড়ছে ফরিদগঞ্জের শিশুরা
চাঁদপুরের ফরিদগঞ্জে শ্রেণিকক্ষ সংকটের কারণে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে দারুল কোরআন আরাবিয়া মাদ্রাসার স্বাভাবিক পাঠদান কার্যক্রম। শিক্ষার্থীর সংখ্যা হু হু করে বাড়লেও সে অনুযায়ী অবকাঠামো না থাকায় বাধ্য হয়ে পাশের মসজিদে ক্লাস করাতে হচ্ছে শিক্ষকদের। এতে একদিকে যেমন শিক্ষার স্বাভাবিক পরিবেশ নষ্ট হচ্ছে, অন্যদিকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে কোমলমতি মাদ্রাসা শিক্ষার্থীদের।
এ পরিস্থিতিতে মাদ্রাসার অসমাপ্ত তৃতীয় তলার নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করতে স্থানীয় সংসদ সদস্য এম এ হান্নানের হস্তক্ষেপ ও সরকারি বরাদ্দ এবং বিত্তশালীদের কাছে সহযোগিতা কামনা করেছেন শিক্ষক, পরিচালনা পর্ষদ ও এলাকাবাসী।
সরেজমিনে জানা যায়, উপজেলার ১৫ নং রূপসা উত্তর ইউনিয়নের বারপাইকা-বদরপুর গ্রামের ঐতিহ্যবাহী ফকির বাড়ির সামনে ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হয় দারুল কোরআন আরাবিয়া মাদ্রাসাটি। প্রতিষ্ঠার পর থেকে সম্পূর্ণ স্থানীয় মানুষের দান-অনুদান ও সহযোগিতায় দ্বীনি শিক্ষার আলো ছড়িয়ে আসছে এই প্রতিষ্ঠান। বর্তমানে এখানে প্রায় ৪০০ শতাধিক শিক্ষার্থী অধ্যয়ন করছে এবং প্রতিবছরই এখান থেকে তৈরি হচ্ছেন কোরআনের হাফেজ।
তবে শিক্ষার্থীর তুলনায় শ্রেণিকক্ষের অপ্রতুলতা প্রকট আকার ধারণ করায় পাঠদান কার্যক্রম পরিচালনা করা অসম্ভব হয়ে পড়েছে। কক্ষের অভাবে বাধ্য হয়ে শিক্ষার্থীদের পাশের মসজিদে বসিয়ে ক্লাস নিতে হচ্ছে শিক্ষকদের, যার ফলে পড়াশোনার মনোযোগ ও শৃঙ্খলা বজায় রাখা কঠিন হয়ে দাঁড়িয়েছে।
স্থানীয়দের উদ্যোগে বহু কষ্টে ভবনের তৃতীয় তলার নির্মাণকাজ শুরু হলেও তীব্র অর্থসংকটে তা মাঝপথে আটকে গেছে। এই সংকট উত্তরণে সংসদ সদস্য ও বিত্তবানদের সুদৃষ্টি কামনা করে স্থানীয় বাসিন্দা সুলতান আহাম্মেদ ও রুহুল আমিন বলেন, আমরা তিলে তিলে এই দ্বীনি প্রতিষ্ঠানটি গড়ে তুলেছি। আর্থিক সংকটের কারণে কাজটি শেষ করতে পারছি না। এমপি মহোদয় সহযোগিতা করলে শিক্ষার্থীদের পড়াশোনার উপযুক্ত পরিবেশ ফিরত আসত।
মাদ্রাসার সহকারী শিক্ষক হিসাম কবির জানান, শ্রেণিকক্ষের অভাবে নিয়মিত পাঠদান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। তৃতীয় তলার কাজ শেষ হলে এই সংকট চিরতরে ঘুচে যাবে।
প্রতিষ্ঠানটির মুহতামিম মুফতি ওমর ফারুক চাঁদপুরী বলেন, আমাদের মাদ্রাসার বর্তমান পরিস্থিতি অত্যন্ত করুণ। শিক্ষার্থীদের সুন্দর ও উপযুক্ত পরিবেশে শিক্ষা দেওয়ার স্বার্থে সংসদ সদস্য এম এ হান্নান মহোদয়ের আন্তরিক সহযোগিতা ও আর্থিক বরাদ্দ একান্ত প্রয়োজন।

দক্ষতা অর্জন করে আত্মকর্মসংস্থান সৃষ্টির আহ্বান ইউএনও মনিরা খাতুন

শাহরাস্তিতে যুব দিবসে ৬ যুবক পেলেন ১০ লাখ টাকার ঋণ, প্রশিক্ষণ সনদ ও পুরস্কার বিতরণ

মো. মাসুদ রানা প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১২:১২ পিএম
শাহরাস্তিতে যুব দিবসে ৬ যুবক পেলেন ১০ লাখ টাকার ঋণ, প্রশিক্ষণ সনদ ও পুরস্কার বিতরণ
‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে চাঁদপুরের শাহরাস্তিতে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে রোববার (১ নভেম্বর) উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, প্রশিক্ষণ সনদ, যুব ঋণের চেক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন চাঁদপুর-৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ) আসনের সংসদ সদস্য লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা খাতুন। মূল বক্তব্য উপস্থাপন করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান।
সভাপতির বক্তব্যে ইউএনও মনিরা খাতুন বলেন, যুবসমাজ দেশের জনসংখ্যার একটি গুরুত্বপূর্ণ অংশ। তাদের দক্ষতা ও কর্মক্ষমতাকে কাজে লাগাতে পারলে দেশের আর্থসামাজিক উন্নয়ন ত্বরান্বিত হবে। যুবকদের জীবনের একটি পর্যায় শেষ হয়ে গেছে, এমনটি না ভেবে নতুন উদ্যোগ গ্রহণ ও কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে ইতিবাচক চিন্তা করতে হবে।তিনি বলেন, যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি রয়েছে। এসব প্রশিক্ষণ নিয়ে শুধু সনদ অর্জন করলেই হবে না, অর্জিত জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগিয়ে আত্মকর্মসংস্থান সৃষ্টি করতে হবে।
গবাদিপশু পালন, কাঁথা সেলাইসহ বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে নিজের পায়ে দাঁড়ানোর পাশাপাশি পরিবারের অর্থনৈতিক উন্নয়নেও ভূমিকা রাখা সম্ভব।ইউএনও আরও বলেন, নারীরাও প্রশিক্ষণ নিয়ে আয়মূলক কাজে যুক্ত হলে পরিবারের আর্থিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন। এতে সন্তানদের শিক্ষা ও চিকিৎসার ব্যয় নির্বাহের পাশাপাশি বয়স্ক মা-বাবার পাশে দাঁড়ানো সম্ভব হবে। প্রশিক্ষণ গ্রহণের পর কর্মসংস্থান সৃষ্টিতে প্রয়োজনীয় সহায়তা ও ঋণের জন্য উপজেলা প্রশাসনের সহযোগিতা নেওয়ার আহ্বান জানান তিনি।অনুষ্ঠানে ছয়জন যুবক ও যুবার  মধ্যে মোট ১০ লাখ টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়।
এ ছাড়া পাঁচজনকে প্রশিক্ষণ সনদ, ২০ জনকে গাছের চারা, দুজনকে সফল সংগঠক হিসেবে ক্রেস্ট এবং একজনকে সফল খামারি হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুজ্জামান, উপজেলা বিএনপির সহসভাপতি শাহ মোহাম্মদ আলী, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ বেলায়েত হোসেন সেলিম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন,উপজেলা  যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজী, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মোঃ মাসুদ রানা, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক পারভীন সুলতানা লাভলী, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান পাটওয়ারী, উদ্যোক্তা গিয়াস উদ্দিন ও খোরশেদ আলমসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।
এদিকে, জাতীয় যুব দিবস উপলক্ষে শাহরাস্তি যুব শক্তি ফাউন্ডেশনের সভাপতি নেয়ামত উল্লাহ অভির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও গাছের চারা বিতরণ করা হয়।