সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩
সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

দক্ষতা অর্জন করে আত্মকর্মসংস্থান সৃষ্টির আহ্বান ইউএনও মনিরা খাতুন

শাহরাস্তিতে যুব দিবসে ৬ যুবক পেলেন ১০ লাখ টাকার ঋণ, প্রশিক্ষণ সনদ ও পুরস্কার বিতরণ

মো. মাসুদ রানা প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১২:১২ পিএম
শাহরাস্তিতে যুব দিবসে ৬ যুবক পেলেন ১০ লাখ টাকার ঋণ, প্রশিক্ষণ সনদ ও পুরস্কার বিতরণ
‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে চাঁদপুরের শাহরাস্তিতে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে রোববার (১ নভেম্বর) উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, প্রশিক্ষণ সনদ, যুব ঋণের চেক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন চাঁদপুর-৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ) আসনের সংসদ সদস্য লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা খাতুন। মূল বক্তব্য উপস্থাপন করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান।
সভাপতির বক্তব্যে ইউএনও মনিরা খাতুন বলেন, যুবসমাজ দেশের জনসংখ্যার একটি গুরুত্বপূর্ণ অংশ। তাদের দক্ষতা ও কর্মক্ষমতাকে কাজে লাগাতে পারলে দেশের আর্থসামাজিক উন্নয়ন ত্বরান্বিত হবে। যুবকদের জীবনের একটি পর্যায় শেষ হয়ে গেছে, এমনটি না ভেবে নতুন উদ্যোগ গ্রহণ ও কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে ইতিবাচক চিন্তা করতে হবে।তিনি বলেন, যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি রয়েছে। এসব প্রশিক্ষণ নিয়ে শুধু সনদ অর্জন করলেই হবে না, অর্জিত জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগিয়ে আত্মকর্মসংস্থান সৃষ্টি করতে হবে।
গবাদিপশু পালন, কাঁথা সেলাইসহ বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে নিজের পায়ে দাঁড়ানোর পাশাপাশি পরিবারের অর্থনৈতিক উন্নয়নেও ভূমিকা রাখা সম্ভব।ইউএনও আরও বলেন, নারীরাও প্রশিক্ষণ নিয়ে আয়মূলক কাজে যুক্ত হলে পরিবারের আর্থিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন। এতে সন্তানদের শিক্ষা ও চিকিৎসার ব্যয় নির্বাহের পাশাপাশি বয়স্ক মা-বাবার পাশে দাঁড়ানো সম্ভব হবে। প্রশিক্ষণ গ্রহণের পর কর্মসংস্থান সৃষ্টিতে প্রয়োজনীয় সহায়তা ও ঋণের জন্য উপজেলা প্রশাসনের সহযোগিতা নেওয়ার আহ্বান জানান তিনি।অনুষ্ঠানে ছয়জন যুবক ও যুবার  মধ্যে মোট ১০ লাখ টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়।
এ ছাড়া পাঁচজনকে প্রশিক্ষণ সনদ, ২০ জনকে গাছের চারা, দুজনকে সফল সংগঠক হিসেবে ক্রেস্ট এবং একজনকে সফল খামারি হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুজ্জামান, উপজেলা বিএনপির সহসভাপতি শাহ মোহাম্মদ আলী, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ বেলায়েত হোসেন সেলিম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন,উপজেলা  যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজী, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মোঃ মাসুদ রানা, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক পারভীন সুলতানা লাভলী, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান পাটওয়ারী, উদ্যোক্তা গিয়াস উদ্দিন ও খোরশেদ আলমসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।
এদিকে, জাতীয় যুব দিবস উপলক্ষে শাহরাস্তি যুব শক্তি ফাউন্ডেশনের সভাপতি নেয়ামত উল্লাহ অভির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও গাছের চারা বিতরণ করা হয়।

চাঁদপুরের ফরিদগঞ্জে ওনূআ ভাস্কর্য পুনঃস্থাপনের দাবিতে গণসংযোগ ও প্রচারপত্র বিলি

এস এম ইকবাল প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১২:০৮ পিএম
চাঁদপুরের ফরিদগঞ্জে ওনূআ ভাস্কর্য পুনঃস্থাপনের দাবিতে গণসংযোগ ও প্রচারপত্র বিলি
চাঁদপুরের ফরিদগঞ্জে ঐতিহ্যবাহী ‘ওনূআ’ ভাস্কর্য পুনঃস্থাপনের জোরালো দাবিতে দিনব্যাপী গণসংযোগ ও প্রচারপত্র (লিফলেট) বিলি কর্মসূচি পালিত হয়েছে।
১ নভেম্বর রবিবার সকাল থেকে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ফরিদগঞ্জ পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ওনূআ স্মৃতিসংসদের উদ্যোগে এই ব্যাপক গণসংযোগ চালানো হয়।
কর্মসূচিতে মূলত দুই ধরনের বিশেষ প্রচারপত্র বিলি করা হয়। এর মধ্যে একটি প্রচারপত্রে বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে অবস্থিত দৃষ্টিনন্দন ভাস্কর্যের ছবি ও তথ্য তুলে ধরা হয়। অন্য প্রচারপত্রটিতে ফরিদগঞ্জের তিন প্রখ্যাত কৃতী সন্তান-ওলীউল্লাহ নওজোয়ান, নূরেজ্জামান ভূঁইয়া ও আইয়্যুব আলী খানের (যাঁদের নামের আদ্যক্ষর নিয়ে ‘ওনূআ’ গঠিত) সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত এবং তাঁদের অবদান তুলে ধরা হয়।
দিনব্যাপী এই কর্মসূচিতে ওনূআ স্মৃতিসংসদের সভাপতি প্রাক্তন অধ্যক্ষ জহিরুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলমগীর হোসেন দুলালের নেতৃত্বে একটি প্রতিনিধিদল অংশগ্রহণ করে। ওনূআ স্মৃতি পাঠাগার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে লিফলেট বিতরণ কার্যক্রমটি শহীদ আবুতাহের সড়ক, উপজেলা পরিষদ এলাকা, দলিল লেখক অফিস, পৌরসভার বিভিন্ন পয়েন্ট এবং ফরিদগঞ্জ এআর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে পরিচালনা করা হয়।
প্রচারপত্র বিলিকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নূরেজ্জামান ভূঁইয়ার সুপুত্র কবি ও সাহিত্যিক কামরুজ্জামান ভূঁইয়া, আইয়্যুব আলী খানের দৌহিত্র মাসুদ খান বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা আবদুল লতিফ, সাবেক শিক্ষক হৃতেশ শর্মা, মোশাররফ হোসেন বাবলু, মমতাজ উদ্দীন সরকার এবং ওনূআ স্মৃতি পাঠাগার পরিচালনা কমিটির সদস্য রহিমা আক্তার কলি।
গণসংযোগকালে ওনূআ স্মৃতিসংসদের সভাপতি ও সাধারণ সম্পাদক এই ভাস্কর্যটি পুনঃস্থাপনের ন্যায়সংগত লড়াইকে আরও বেগবান করার জন্য আগামীকালের নির্ধারিত কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিতে ফরিদগঞ্জের সর্বস্তরের পৌরবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান।