বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

মানিক এমপির পক্ষে চাঁদপুরের ইব্রাহিমপুরে তিন পরিবারের ঘর নির্মাণে এগিয়ে এলেন চেয়ারম্যান প্রার্থী বাদশা মিয়া

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৯:০১ পিএম
মানিক এমপির পক্ষে চাঁদপুরের ইব্রাহিমপুরে তিন পরিবারের ঘর নির্মাণে এগিয়ে এলেন চেয়ারম্যান প্রার্থী বাদশা মিয়া

চাঁদপুর সদর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নে তিনটি অসহায় পরিবারের ঘর নির্মাণে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. বাদশা মিয়া চৌকিদার। বুধবার (১১ নভেম্বর) বিকেলে ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের তিনটি পরিবারের হাতে চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকের পক্ষ থেকে নতুন ঢেউটিন তুলে দেন তিনি।

সহায়তা পাওয়া পরিবারগুলো হলো ৫ নম্বর ওয়ার্ডের ঈদগাহ বাজার এলাকার হালেমা বেগম, কুদ্দুস মাল ও মুক্তার গাজী। ঘর নির্মাণে এমন মানবিক সহায়তা পেয়ে আনন্দ প্রকাশ করেন পরিবারগুলোর সদস্যরা। এ সময় তাঁরা সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক ও চেয়ারম্যান পদপ্রার্থী বাদশা মিয়া চৌকিদারের প্রতি কৃতজ্ঞতা জানান।

এ বিষয়ে বাদশা মিয়া চৌকিদার বলেন, ‘আমাদের চাঁদপুর জেলা বিএনপির অভিভাবক ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক ভাই নির্বাচনী প্রচারণাকালে ইব্রাহিমপুর ইউনিয়নের এসব অসহায় পরিবারকে ঘর নির্মাণে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের ধারাবাহিকতায় আজ এমপি সাহেবের পক্ষ থেকে আমরা ঘর নির্মাণের জন্য ঢেউটিন দিয়ে কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। পর্যায়ক্রমে এ ইউনিয়নের ঘরহীন প্রতিটি মানুষের পাশে আমরা মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেব।’

তিনি আরও বলেন, ‘আমি বিএনপির একজন নিবেদিত কর্মী। ২০১১ সাল থেকে নিজ এলাকায় সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছি। আমার জন্মভূমি ইব্রাহিমপুরকে একটি উন্নত ও সমৃদ্ধ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। আমি দল থেকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়নপ্রত্যাশী। আশা করি, বিগত দিনের সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ড এবং দলের প্রতি আমার ত্যাগ ও আনুগত্য বিবেচনা করে দল আমাকে মূল্যায়ন করবে। ইনশাআল্লাহ, মহান আল্লাহ যদি আমাকে চেয়ারম্যান হিসেবে কবুল করেন, তাহলে জনপ্রতিনিধি নয়, ইব্রাহিমপুর ইউনিয়নবাসীর সেবক হিসেবে কাজ করব।’

Model Hospital

এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সহসভাপতি আতিক রাঢ়ি, মান্নান ডাক্তার ও রকমান সরদার, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. হাসান পাটোয়ারী, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি ইমাম গাজী, ওয়ার্ড যুবদলের সভাপতি সাজু শেখ, সাধারণ সম্পাদক দুলু গাজীসহ স্থানীয় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, বাদশা মিয়া চৌকিদার প্রায় দুই দশক ধরে নীরবে-নিভৃতে এলাকায় সমাজসেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। নিজ অর্থায়নে এলাকার রাস্তাঘাট, সাঁকো, মসজিদ, মাদ্রাসা ও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন ও নির্মাণকাজে সহযোগিতাসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে তিনি সম্পৃক্ত রয়েছেন। বিশেষ করে চরাঞ্চলের এতিম ও অসহায় মেয়েদের বিয়েতে আর্থিক সহায়তা দিয়ে থাকেন। তাঁর এসব সামাজিক ও মানবিক কর্মকাণ্ড এলাকাবাসীর মধ্যে প্রশংসিত হচ্ছে।

অদম্য ইচ্ছাশক্তিতে ক্যাসেট শুনে শুনে কোরআন মুখস্থ করলেন বৃদ্ধা মরিয়ম

অনলাইন ডেস্ক প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৯:১১ পিএম
অদম্য ইচ্ছাশক্তিতে ক্যাসেট শুনে শুনে কোরআন মুখস্থ করলেন বৃদ্ধা মরিয়ম

অদম্য ইচ্ছাশক্তি ও পবিত্র কোরআনের প্রতি গভীর ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ইয়েমেনের এক বৃদ্ধা। পড়তে কিংবা লিখতে না জানলেও শুধু শুনে শুনে পবিত্র কোরআনের ৩০ পারা মুখস্থ করেছেন তিনি। ইয়েমেনের তায়েজ প্রদেশের ৮২ বছর পেরোনো হাজ্জা মরিয়ম আল-রুমাইমাহ নামের এই নারী প্রায় ১০ বছরের সাধনায় কোরআন হিফজ সম্পন্ন করেন।

তায়েজ প্রদেশের জাবাল সাবরের পাহাড়ি এলাকার হাদনান গ্রামে জন্ম মরিয়ম আল-রুমাইমাহর। এমন এক সময়ে তার বেড়ে ওঠা, যখন গ্রামীণ মেয়েদের শিক্ষার সুযোগ ছিল অত্যন্ত সীমিত। জীবনের অধিকাংশ সময় সংসার সামলানো ও কৃষিকাজ করেই কাটিয়েছেন তিনি। কখনো প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ না পাওয়ায় পড়তে কিংবা লিখতে শেখা হয়নি তার।

তবে কোরআনের প্রতি গভীর ভালোবাসা থেকেই একসময় পুরো কোরআন মুখস্থ করার স্বপ্ন দেখেন তিনি। ২০০৬ সালে ষাটের কোঠায় থাকা অবস্থায় সেই স্বপ্ন বাস্তবায়নের উদ্যোগ নেন। তার ছেলে শেখ মুখতার আল-রুমাইমাহ গ্রামে একটি কোরআন শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠা করলে মায়ের স্বপ্নপূরণের পথ আরও সহজ হয়।

কোরআন মুখস্থের জন্য প্রতিদিন নির্দিষ্ট সময় মেনে চলতেন মরিয়ম। বিকেলে গ্রামের একজন শিক্ষিকার কাছে গিয়ে আয়াত মুখস্থ শোনাতেন এবং নতুন আয়াত শিখতেন। সন্ধ্যার পর বাড়িতে ফিরে ক্যাসেট প্লেয়ারে কোরআন তিলাওয়াত শুনে সেগুলো বারবার অনুশীলন করতেন। এমনকি ফজরের আগেও ঘুম থেকে উঠে তিলাওয়াত শুনতেন এবং মুখস্থ করা আয়াতগুলো ঝালিয়ে নিতেন।

Model Hospital

এ ক্ষেত্রে তার সবচেয়ে বড় সঙ্গী ছিল ক্যাসেট প্লেয়ার। বিশেষ করে কোরআনের বিখ্যাত ক্বারি শেখ ফারিস আব্বাদের কণ্ঠে তিলাওয়াত শুনতে ভালোবাসতেন তিনি। ক্যাসেটে একটি অংশ মুখস্থ শেষ হলে পরিবারের সদস্যরা তাকে পরবর্তী ক্যাসেট এনে দিতেন।

কোরআনের আয়াতগুলোর মধ্যে মিল থাকায় কিছু অংশ মুখস্থ করতে বেশ বেগ পেতে হয়েছে তাকে। বিশেষ করে সূরা তাওবা ও সূরা রাদের আয়াতগুলো আলাদা করে মনে রাখা কঠিন ছিল। তবে বারবার শোনা ও অনুশীলনের মাধ্যমে সেই বাধাও কাটিয়ে ওঠেন তিনি।

এভাবে টানা ১০ বছর সাধনার পর ২০১৬ সালে পুরো কোরআন মুখস্থ সম্পন্ন করেন মরিয়ম। শেষ আয়াতটি মুখস্থ করার পর আনন্দে কেঁদে ফেলেন তিনি। এরপর সিজদায় পড়ে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। তার এই অর্জনে আবেগাপ্লুত হয়ে পড়েন পরিবারের সদস্য ও স্বজনেরা।

মরিয়মের এক ছেলে ও তিন মেয়ে। তার রয়েছে ২১ জন নাতি-নাতনি। তাদের অনেকেই উচ্চশিক্ষা গ্রহণ করেছেন। কিন্তু পরিবারের সদস্যদের কাছে সবচেয়ে বিস্ময়কর বিষয় ছিল, নিরক্ষর হয়েও তাদের মা ও দাদি কেবল শুনে শুনে পুরো কোরআন মুখস্থ করতে পেরেছেন।

কোরআনের সব সূরার মধ্যে সূরা বাকারা তার বিশেষ প্রিয়। প্রতিদিনের আমলে এই সূরা রাখার চেষ্টা করেন তিনি।

আল-মুশাহিদের প্রতিবেদন প্রকাশের সময় তার বয়স ৮২ বছরের বেশি ছিল। বার্ধক্য ও উচ্চ রক্তচাপের কারণে শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। চোখের দৃষ্টিশক্তিও কিছুটা কমেছে। বয়সের প্রভাবে মুখস্থ করা কিছু আয়াত মনে করতে আগের তুলনায় সমস্যা হলেও কোরআনের সঙ্গে সম্পর্ক ধরে রেখেছেন তিনি।

মরিয়মের কোরআন মুখস্থের পুরো সময়টি কেটেছে ইয়েমেনের তায়েজে যুদ্ধ ও অবরোধের কঠিন পরিস্থিতির মধ্যে। গোলাগুলির শব্দ, বিদ্যুৎবিভ্রাট ও নানা সংকটের মধ্যেও থেমে থাকেনি তার সাধনা। বরং কোরআনের তিলাওয়াতই হয়ে উঠেছিল তার মানসিক শক্তি ও প্রশান্তির উৎস।

শারীরিক সীমাবদ্ধতা, নিরক্ষরতা ও প্রতিকূল পরিবেশ কোনো কিছুই যে দৃঢ় সংকল্পের সামনে বাধা হয়ে দাঁড়াতে পারে না, মরিয়ম আল-রুমাইমাহর জীবন তারই এক অনুপ্রেরণাদায়ক উদাহরণ।

সূত্র: আল-মুশাহিদ