সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

‘ক্রিম আপা’ শিলা গ্রেপ্তার

প্রিয় চাঁদপুর ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ১১:২৯ পিএম
‘ক্রিম আপা’ শিলা গ্রেপ্তার

নিজের সন্তানকে ক্যামেরার সামনে এনে নিষ্ঠুর আচরণের অভিযোগে ভাইরাল শারমিন শিলা ওরফে ক্রিম আপাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাতে সাভার পৌর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে গতকাল তার বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা দায়ের করেন সাভার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জামান।

মামলার এজাহার সূত্রে জানা যায়, সাভারের আশুলিয়ায় বিউটিশিয়ান হিসাবে কাজ করে বসবাস করে আসছিলেন শারমিন সুলতানা। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রিম আপা নামে পরিচিত। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে তিনি মেকআপের কাজসহ বিভিন্ন ধরনের ক্রিম তৈরি করে বিক্রি করেন। তিনি নিজের শিশু ছেলে ও মেয়েকে নিয়ে ফেসবুকসহ অনলাইনে বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করে পোস্ট দেন। সম্প্রতি গত ৩০ মার্চ নিজের ফেসবুক আইডিতে বিকেল চারটার দিকে একটি ভিডিও পোস্ট করেন তিনি, যা রীতিমতো ভাইরাল হয়। সেই ভাইরাল ভিডিওতে শারমিন শিলা তার ছোট্ট মেয়ের মুখে চাপ দিয়ে জোর করে হাঁ করিয়ে কেক জাতীয় কিছু খেতে বাধ্য করছেন। তিনি ভাইরাল হওয়ার জন্য এক বছর ধরে দুই শিশুসন্তানের প্রতি মাতৃসুলভ আচরণ না করে আঘাত, উৎপীড়ন, অবহেলাসহ তাদের প্রতি নিষ্ঠুর আচরণ করছেন। এ ধরনের আচরণের কারণে শিশুরা শারীরিক ও মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে পড়েছে। এছাড়া শারমিন শিলা ভিউ পেতে বা অনলাইনে টাকা আয়ের জন্য নিজের সন্তানকে ক্যামেরার সামনে এনে নানাভাবে নির্যাতন করছেন বলে অভিযোগ ওঠে। পরে তার বিরুদ্ধে মামলা দায়ের হলে আজ তাকে গ্রেপ্তার করে পুলিশ।

Model Hospital

খোঁজ নিয়ে জানা যায়, গত রোববার ‘একাই এক শ’ নামে শিশুদের সুরক্ষায় সামাজিক আন্দোলনের পক্ষে সাদাত রহমানসহ অন্যরা ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে ‘ক্রিম আপা’র বিরুদ্ধে স্মারকলিপি জমা দেন। জেলা প্রশাসকের কার্যালয় থেকে তিনদিনের মধ্যে কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়। স্মারকলিপির অনুলিপি মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর দেওয়া হয়।

আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. কামাল হোসেন বলেন, শিশু আইনের ৭০ ধারায় শারমিন শিলার বিরুদ্ধে মামলা দায়ের হয়। তার বিরুদ্ধে শিশুকে আঘাত, উৎপীড়ন ও অশালীনভাবে প্রদর্শন করার অভিযোগ করা হয়েছে। এই মামলায় আজ তাকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল (১১ এপ্রিল) শুক্রবার তাকে আদালতে পাঠানো হবে।

তার দুই সন্তান এখন কার তত্ত্বাবধানে থাকবে প্রশ্নে তিনি বলেন, তার শিশুসন্তানদের বিষয়ে কোনো সিদ্ধান্তের ব্যাপারে আমার জানা নাই। আমরা সমাজসেবা কর্মকর্তার সঙ্গে কথা বলে আদালতে পাঠালে আদালত সিদ্ধান্ত নেবে মা ছাড়া তার সন্তানরা কোথায় থাকবে।

প্রসঙ্গত, আশুলিয়ার বাইপাইল এলাকায় ‘ক্রিম আপা বিউটি পার্লার’ নামে শারমিন শিলার একটি বিউটি পার্লার রয়েছে। এছাড়া তিনি ক্রিম তৈরি, ব্যবহারের পদ্ধতিসহ নানা ধরনের ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে থাকেন।

শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

মাঈনুল ইসলাম প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:৩৯ পিএম
শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের অভিযানে বিকল্প চিকিৎসাপদ্ধতির এক প্র্যাকটিশনারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ডায়াগনস্টিক সেন্টারে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় অনুমোদন না থাকায় অপর একটি মেডিকেল সেন্টারের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

সোমবার (২৬ অক্টোবর) শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টারে অভিযান চালিয়ে বিকল্প চিকিৎসাপদ্ধতির একজন প্র্যাকটিশনারকে মূলধারার চিকিৎসাপদ্ধতিতে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়। এ ঘটনায় তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওই প্রতিষ্ঠানে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে, উপজেলার দোয়াভাঙ্গায় অবস্থিত অ্যাপোলো মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

Model Hospital

প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসাসেবার মান নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবায় শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এ ধরনের অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।