ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন
চট্টগ্রাম নগরের চান্দগাঁও এলাকায় পারিবারিক কলহের জেরে বড় ভাই মো. মোরশেদ (৪০) ছুরিকাঘাতে নিহত হয়েছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত ছোট ভাই মো. জসিম পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ জুন) দুপুরে রাহাত্তারপুল মাজার গেট এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত মোরশেদ চট্টগ্রাম নগরের পশ্চিম বাকলিয়া এলাকার কে বি আমান আলী রোডের বাসিন্দা।

পুলিশ জানায়, মোরশেদ ও জসিমের মধ্যে দীর্ঘদিন ধরেই পারিবারিক বিষয় নিয়ে বিরোধ চলছিল। দুপুরে তর্ক-বিতর্কের একপর্যায়ে উত্তেজিত হয়ে জসিম এলোপাতাড়ি ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই মোরশেদের মৃত্যু হয়। ঘটনার পরপরই জসিম পালিয়ে যায়।

চান্দগাঁও থানার তদন্ত পরিদর্শক তানভীর আহমেদ বলেন, “মোরশেদকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। হত্যাকাণ্ডের বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।”









