সুদের টাকা নিয়ে দ্বন্দ্বে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ, আহত ২৫
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় সুদের টাকা লেনদেনের জেরে মাঝবাড়ি ও বংকুরা গ্রামের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ৩ পুলিশ সদস্যসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন।

শুক্রবার (১৩ জুন) সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত টানা দুই ঘণ্টা ধরে এই সংঘর্ষ চলে।

স্থানীয়রা জানান, বংকুরা গ্রামের রিয়াজুলের কাছ থেকে মাঝবাড়ি গ্রামের ফারুক দাড়িয়া সুদে টাকা নিয়েছিলেন। নির্ধারিত সময়ে সুদসহ টাকা পরিশোধে গড়িমসি করায় উভয়ের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে স্থানীয় মসজিদের মাইক থেকে সংঘর্ষে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়। এতে দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে রাস্তায় নেমে আসে এবং সংঘর্ষে জড়ায়।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। সংঘর্ষ থামাতে পুলিশ অন্তত ২৫ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে এবং ৪৫ জনকে আটক করে।

তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় শেষ পর্যন্ত সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছায় এবং সংঘর্ষ থামায়।
কোটালীপাড়া থানার ওসি মো. আবুল কালাম আজাদ বলেন, “ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। উত্তেজনা এখনও বিরাজ করছে, তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।”
আহতদের মধ্যে ৩ জন পুলিশ সদস্যও রয়েছেন। বাকিদের কোটালীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সংঘর্ষের মূল কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।








