শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

শাহরাস্তিতে অটোরিক্সা উল্টে চালক নিহত

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৯ জুন, ২০২২, ২:০০ পিএম
শাহরাস্তিতে অটোরিক্সা উল্টে চালক নিহত
রাফিউ হাসান হামজা : চাঁদপুরের শাহরাস্তিতে ব্যাটারি চালিত অটোরিক্সা নিয়ন্ত্রন হারিয়ে খালে পড়ে চালক মোঃ জামাল হোসেন (৩৫) নিহত হয়েছেন।
১৯ জুন রোববার দুপুর দেড়টায় উপজেলার সূচীপাড়া উত্তর ইউনিয়নের ধামড়া গ্রামে এ দূর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনার সময় একটি ব্যাটারি চালিত অটোরিক্সা শোরসাক থেকে সূচীপাড়া যাওয়ার পথে ধামরা গ্রামের পুলের পাশে বৃষ্টিভেজা কাঁচা রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক মোঃ জামাল হোসেন (৩৫) নিহত হন।নিহতের বাড়ী ওই ইউনিয়নের শোরসাক পশ্চিম পাড়া রোশাগাজী মিয়াজি বাড়ি। সে ওই গ্রামের মৃতঃ আবুল কাশেমের পুত্র।
খবর পেয়ে শাহরাস্তি মডেল থানা উপ-পরিদর্শক (এসআই) নূরুল আনোয়ার ও সহকারী উপ-পরিদর্শক মোঃ শোয়েব আখন্দ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে।
পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে ৩ সন্তান নিয়ে দু চোখে অন্ধকার দেখছেন নিহতের স্ত্রী মৌসুমি। তিনি জানান, জীবিকার সন্ধানে বেরিয়ে তাঁর স্বামী লাশ হয়ে ফিরলো। তাঁর ২ কন্যা ও ১ পুত্র সন্তানকে দেখার কেউ রইলো না।
শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুল মান্নান জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে নিহতের লাশ হস্তান্তর করা হবে।

প্রথমবারের আয়োজনেই সাড়া, হাজীগঞ্জের ৬ কিলোমিটার মিনি ম্যারাথনে ৭৫৬ প্রতিযোগী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৯:০৫ পিএম
প্রথমবারের আয়োজনেই সাড়া, হাজীগঞ্জের ৬ কিলোমিটার মিনি ম্যারাথনে ৭৫৬ প্রতিযোগী

শরীরচর্চা ও সুস্থ জীবনযাপনে মানুষকে উৎসাহিত করতে চাঁদপুরের হাজীগঞ্জে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ৬ কিলোমিটার মিনি ম্যারাথন-২০২৬। ‘সুস্থতার জন্য দৌড়’ স্লোগানে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় বিভিন্ন বয়সের ৭৫৬ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।

শনিবার (১৪ নভেম্বর) ভোরে উপজেলা পরিষদ চত্বর থেকে দৌড় প্রতিযোগিতার সূচনা হয়। হাজীগঞ্জ বাজার, বিশ্বরোড ও বদরপুর মোড় ঘুরে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয় ৬ কিলোমিটারের এ দৌড়।
বয়সভিত্তিক চারটি ক্যাটাগরিতে প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। প্রতিযোগীদের উৎসাহ দিতে সড়কের বিভিন্ন স্থানে উপস্থিত ছিলেন দর্শনার্থীরাও।

আয়োজকরা জানান, তরুণ প্রজন্ম থেকে শুরু করে সব বয়সী মানুষের মধ্যে নিয়মিত শরীরচর্চা, খেলাধুলা ও স্বাস্থ্যসচেতনতা গড়ে তোলাই এ আয়োজনের প্রধান লক্ষ্য। উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব মিজানুর রহমান সেলিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসাইন এ আয়োজনের উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান।

প্রতিযোগিতা বাস্তবায়নে সহযোগিতা করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট, বিডি ক্লিন ও হাজীগঞ্জ থানা পুলিশ।

Model Hospital

দৌড় শেষে চারটি ক্যাটাগরির প্রতিটিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের হাতে ক্রেস্ট, নগদ অর্থ ও মেডেল তুলে দেওয়া হয়। পাশাপাশি প্রতিটি গ্রুপ থেকে আরও ২০ জন প্রতিযোগীকে মেডেল প্রদান করা হয়। প্রথমবারের মতো এমন ব্যতিক্রমী আয়োজনে অংশ নিতে পেরে আনন্দ ও সন্তুষ্টি প্রকাশ করেন প্রতিযোগীরা।

আয়োজকদের প্রত্যাশা, এ আয়োজনের ধারাবাহিকতা বজায় রেখে আগামীতে আরও বৃহৎ পরিসরে মিনি ম্যারাথনের আয়োজন করা হবে। এর মধ্য দিয়ে হাজীগঞ্জে খেলাধুলার চর্চা বাড়ার পাশাপাশি সুস্থ ও সচেতন সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে এ উদ্যোগ।