সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

আত্মহত্যার ঘটনায় প্রকাশিত সংবাদে মহামায়া কওমী মাদ্রাসার নাম ব্যবহারে দুঃখ প্রকাশ

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১০ অক্টোবর, ২০২২, ৮:০৯ এম
আত্মহত্যার ঘটনায় প্রকাশিত সংবাদে মহামায়া কওমী মাদ্রাসার নাম ব্যবহারে দুঃখ প্রকাশ
স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের পূর্ব লোধেরগাঁও মহামায়া বাজার সংলগ্ন বালুরমাঠ এলাকায় গত ৮ অক্টোবর সকালে মহরম আলীর বড় ছেলে সিহাব নামে ১৮ বছর বয়সী এক কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। সে আল জামেয়াতুল ইসলামিয়া শামছুল উলূম মহামায়া মাদ্রাসার প্রাক্তণ ছাত্র এবং মৃত্যু পূর্বে বিভিন্ন পেশায় নিয়োজিত ছিলেন। এবং পছন্দের মেয়ের সঙ্গে সম্পর্কের কথা মেনে না নেওয়ায় তার এই আত্মহত্যার ঘটনায় গত ৯ অক্টোবর চাঁদপুরের বেশ কয়েকটি স্থানীয় প্রিন্ট, ইলেকট্রিক ও জাতীয় পত্রিকায় অত্র মাদ্রাসার কিতাব বিভাগের ছাত্র হিসেবে প্রচার করা হয়েছে। তা আদৌ সত্য নয়।
এ নিয়ে মাদ্রাসা কর্তৃপক্ষ অত্যন্ত দুঃখ প্রকাশ করে এক বিবৃতিতে বলেছেন নিহত সিহাব গত ৬ বছর পূর্বে ৫ম শ্রেনীতে পড়াশোনা অবস্থায় আল জামেয়াতুল ইসলামিয়া শামছুল উলূম মহামায়া মাদ্রাসা থেকে চলে যায়। এরপরে শিক্ষাজীবনের সমাপ্তি ঘটিয়ে পারিবারিক জীবিকা নির্বাহের তাগিদে বিভিন্ন পেশায় জড়িয়ে পড়েন। গণমাধ্যমে প্রকাশিত মহামায়া মাদ্রাসার ছাত্র হিসেবে ভুল তথ্য প্রচার করায় এর জন্য দুঃখ প্রকাশ ও তীব্র প্রতিবাদ জানিয়েছেন।
উল্লেখ্য, চাঁদপুর সদর উপজেলায় পছন্দের মেয়ের সঙ্গে সম্পর্কের কথা মেনে না নেওয়ায় অভিমান করে ১৭ বছর বয়সী এক কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার (৮ অক্টোবর) সকালে প্রায় সাড়ে ১০টার দিকে উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের পূর্ব লোধেরগাঁও গ্রামে ঘটনাটি ঘটেছে। মৃত শিহাব লাকসাম এলাকার মহরম আলীর বড় ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, তার বাবা ব্যবসার তাগিদে এলাকার বাহিরে থাকায় তারা পূর্ব লোধেরগাঁও গ্রামের মহামায়া বাজার সংলগ্ন বালুর মাঠের পাশে মঞ্জুল হকের বাড়িতে বাসা ভাড়া থাকতেন। সে তার নানার এলাকা রামপুর ইউনিয়নের চরবাকিলা গ্রামের একটি মেয়েকে পছন্দ করতেন। তার মা লিপি বেগমকে বিষয়টি জানালে তিনি রাজি হননি।
ঘটনার দিন সকালে শিহাবের কাছে দুই বছর বয়সী ছোট ভাইকে রেখে অন্যত্র যান মা লিপি বেগম। কিছুক্ষণ পর এসে দেখেন ঘরের আঁড়ার সাথে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে শিহাব। এসময় তার ডাক চিৎকারে পার্শ্ববর্তী লোকজন এসে ভিড় জমান এবং মা লিপি বেগম তাকে নামিয়ে দ্রুত ২৫০ শয্যা চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন। পরে স্থানীয় ইউপি সদস্য চাঁদপুর সদর মডেল থানায় খবর দিলে এএসআই শহীদ উল্যাহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে আসেন।
বাড়ির মালিক লোকমান হোসেন এর স্ত্রী জানান, আমার একটি দো’চালা ঘরে ভাড়া থাকতেন তারা। আমি প্রতিদিনের ন্যায় ঘটনারদিন সকালে রান্নাবান্নার কাজে ব্যস্ত ছিলাম। মৃত শিহাবের মায়ের ডাক চিৎকারে এসে দেখি এই অবস্থা। পরবর্তীতে ইউপি মেম্বারকে বিষয়টি অবহিত করি।
৭নং ওয়ার্ড ইউপি সদস্য হাবিবুর রহমান বলেন, আমাকে এ ঘটনার অনেক পরে বাড়ির মালিক লোকমানের স্ত্রী জানালে আমি সাথে সাথে চাঁদপুর সদর মডেল থানা ও শাহমাহমুদপুর ইউপি চেয়ারম্যানকে জানালে তারা ঘটনাস্থলে এসে দেখে যান।
শাহমাহমুদপুর ইউপি চেয়ারম্যান মোঃ মাসুদুর রহমান নান্টু পাটওয়ারী বলেন, আমি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। তবে কি কারনে ছেলেটি আত্মহত্যা করেছে তা সঠিক জানা নেই আমার। তবে প্রত্যক্ষদর্শী কয়েকজনের ধারনা মতে মেয়ে সংক্রান্ত হতে পারে। এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুর রশিদ বলেন, আত্মহত্যার ঘটনাটি সঠিক। তবে আত্মহত্যার এ ঘটনাটি মেয়ে সংক্রান্ত হয়েছে বলে জানা যায়। ময়না তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শাহরাস্তিতে ফুটপাত দখলবিরোধী অভিযানে ৫ ব্যবসায়ীকে জরিমানা

মোঃ মাসুদ রানা প্রকাশিত: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ৯:১০ পিএম
শাহরাস্তিতে ফুটপাত দখলবিরোধী অভিযানে ৫ ব্যবসায়ীকে জরিমানা
শাহরাস্তিতে সরকারি সড়কের দুই পাশে পথচারীদের চলাচলের জায়গা দখল করে মালামাল রাখার দায়ে ৫ ব্যবসায়ীকে মোট ৮ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (৮ নভেম্বর) শাহরাস্তি পৌরশহরের ঠাকুরবাজার ও কালীবাড়ি বাজারে উপজেলা প্রশাসন ও পৌরসভার যৌথ অভিযানে এ দণ্ড দেওয়া হয়।চাঁদপুরের জেলা প্রশাসক এবং শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুনের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান।
সংশ্লিষ্ট সূত্র ও স্থানীয় ব্যবসায়ীরা জানান, ওই দুটি বাজারে দীর্ঘদিন ধরে একশ্রেণির ব্যবসায়ী ফুটপাত দখল করে মালামাল রাখছিলেন। পাশাপাশি অবৈধভাবে স্টিলের সাইনবোর্ড স্থাপন করে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছিল। এতে বাজার এলাকায় যানজট তৈরি হয়ে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ছিলেন। এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রশাসন এ অভিযান চালায়।
অভিযানকালে ফুটপাত ও সড়কের পাশে মালামাল রেখে চলাচলে বাধা সৃষ্টির দায়ে বিভিন্ন প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এতে অভিযুক্ত ৫ ব্যবসায়ীকে অভিযানে স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ১০৯ ধারায় ৫টি মামলায় এ অর্থদণ্ড প্রদান করা হয়৷ একই সঙ্গে সরকারি সড়কের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও রাস্তায় রাখা মালামাল নিজ উদ্যোগে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান বলেন, “সরকারি রাস্তা ও পথচারীদের চলাচলের জায়গা দখল করে ব্যবসা পরিচালনার কোনো সুযোগ নেই। জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং বাজারের যানজট নিরসনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।তিনি আরও বলেন, ব্যবসায়ীদের নিজ নিজ প্রতিষ্ঠানের নির্ধারিত সীমানার মধ্যে মালামাল রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনা অমান্য করে আবার রাস্তা দখল করলে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানে শাহরাস্তি পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, থানা পুলিশ ও উপজেলা আনসার সদস্যরা সহযোগিতা করেন।