মধ্যরাত থেকে শেষ হচ্ছে চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনের প্রচার-প্রচারনা

জেলা নির্বাচন কমিশনার ও সহকারী রিটার্নি কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেন বলেন, একটি স্বচ্ছ নির্বাচন উপহার দিতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর। নির্বাচনে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে প্রমাণ সাপেক্ষে সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে ভোটগ্রহন স্থগিত করার নির্দেশনাও রয়েছে। প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত পুলিশ ও আনসার সদস্য মোতায়েন থাকবেন। পাশাপাশি জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোতায়েন থাকবেন।

চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে ৮টি ওয়ার্ড। চেয়ারম্যান পদে ২ জন। সাধারণ সদস্য পদে ৩৫ জন এবং ৩ সংরক্ষিত মহিলা ওয়ার্ডের সদস্য পদে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।

এই নির্বাচনে ৮৯টি ইউনিয়ন ও ৬টি পৌরসভায় ১ হাজার ২শ’ ৬০জন জনপ্রতিনিধি নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ৯৭৪ জন ও নারী ২৯৯ জন। জেলার ৮ কেন্দ্রের মোট ১৬ টি বুথে ইভিএম এর মাধ্যমে ভোটাররা তাদের প্রতিনিধি নির্বাচন করবেন। পৌরসভার মেয়র, সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর, উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত ওয়ার্ড সদস্যরা এ নির্বাচনের ভোটার। আগামী ১৭ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।









