বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

হাজীগঞ্জে নিরাপদ খাদ্য আইনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২, ৪:২০ পিএম
হাজীগঞ্জে নিরাপদ খাদ্য আইনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী আটক

সাইফুল ইসলাম সিফাত : মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রী বিক্রির দায়ে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বেলচোঁ বাজারে এক ব্যবসায়ীর বিরুদ্ধে নিরাপদ খাদ্য আইনে ১ বছরের বিনাশ্রম সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে আটক করেছে হাজীগঞ্জ থানা পুলিশ।

মঙ্গলবার (৮ নভেম্বর) সন্ধ্যায় বেলচোঁ বাজার থেকে ওই ব্যবসায়ীকে আটক করে এএসআই রেজাউল ও এএস আই রাশেদ সহ সঙ্গীয় ফোর্স।

মামলার বাদী উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর মোঃ সামছুল ইসলাম রমিজ ।
জানা যায়, গত ২০২০ খ্রিষ্টাব্দে হাজীগঞ্জ বেলচোঁ বাজারের মজিবুর রহমানের মুদি মনোহরি দোকানে অভিযানে মেয়াদ উত্তীর্ণ সেভেন আপ ও বিস্কুট জব্দ করে।

এ ঘটনায় উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর মোঃ সামছুল ইসলাম রমিজ বাদী হয়ে নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর ২৯ ধারায় মুদি মনোহরি দোকানের স্বত্বাধিকারী সেন্দ্রা গ্রামের মৃত বাচ্চু মিয়ার পুত্র মোঃ মজিবুর রহমানের বিরুদ্ধে ২৬/১১/২০২০ ইং তারিখে মামলা নং-সিআর-১৭/২০ দায়ের করে। ওই মামলা করলে বিশুদ্ধ খাদ্য আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ কামাল হোসাইন অভিযোগ সত্য প্রমাণীত হওয়ায় দীর্ঘ শুনানির পর চলতি বছরের মে ২০২২ ইং তারিখে তাকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে।

Model Hospital

আদালতের সাজা ঘোষণার পর সে দীর্ঘ ৫ মাস পলাতক ছিলেন।

পরে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার বেলচোঁ বাজারে তার নিজ প্রতিষ্ঠান থেকে তাকে আটক করে হাজীগঞ্জ থানা পুলিশ।
আটকের সত্যতা নিশ্চিত করেছেন হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জোবাইর সৈয়দ। বুধবার সকালে তাকে জেল হাজতে প্রেরণ প্রেরণ করা হবে বলে তিনি জানিয়েছেন।

হাজীগঞ্জে অবৈধ মাটিকাটার বিরুদ্ধে অভিযান, বিকল ৩ ড্রেজার, ধ্বংস ১৫০ পাইপ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ৮:৩১ পিএম
হাজীগঞ্জে অবৈধ মাটিকাটার বিরুদ্ধে অভিযান, বিকল ৩ ড্রেজার, ধ্বংস ১৫০ পাইপ

চাঁদপুরের হাজীগঞ্জে কৃষিজমির উর্বর মাটি অবৈধভাবে কেটে বিভিন্ন জলাশয় ভরাটের কাজে ব্যবহারের অভিযোগে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) উপজেলার দুটি ইউনিয়নে দিনব্যাপী পরিচালিত এ অভিযানে প্রায় ১৫০টি ড্রেজার পাইপ ধ্বংস করা হয়েছে। এ ছাড়া তিনটি ড্রেজার মেশিন বিকল করে দেওয়া হয়।

উপজেলা প্রশাসন ও হাজীগঞ্জ থানা পুলিশের যৌথ সহযোগিতায় অভিযানটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন।

অভিযানসংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলার ২ নম্বর বাকিলা ইউনিয়নের মহেশপুর গ্রাম এবং দ্বাদশগ্রাম ইউনিয়নের চারিয়ানি গ্রামের তালুকদার বাড়ি ব্রিজের কাছে নাসিরকোট মৌজার বেতাগি বিলে অবৈধভাবে মাটি কাটার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম রাখা হয়েছে—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।

Model Hospital

অভিযান পরিচালনার সময় সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। তবে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, দিনের বেলায় কৃষিজমির আশপাশে ড্রেজার মেশিন ও পাইপ স্থাপন করে রাখা হয়। পরে রাতের বেলায় এসব যন্ত্র চালু করে পাইপের সাহায্যে জমির উপরিভাগের মাটি অন্যত্র সরিয়ে নেওয়া হয়। এসব মাটি দিয়ে পুকুরসহ বিভিন্ন জলাশয় ভরাট করা হচ্ছে বলে স্থানীয়রা জানান।

কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি অপসারণের কারণে আশপাশের জমিতে ভাঙন দেখা দেওয়ার পাশাপাশি জমির স্বাভাবিক গঠন ও উর্বরতা নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। এতে কৃষিজমির দীর্ঘমেয়াদি উৎপাদনক্ষমতা ক্ষতিগ্রস্ত হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ অবস্থায় অবৈধভাবে মাটি কাটার কাজে ব্যবহৃত সরঞ্জামগুলো অকেজো করার উদ্যোগ নেয় প্রশাসন। অভিযানের অংশ হিসেবে দুটি পৃথক স্থানে থাকা প্রায় ১৫০টি ড্রেজার পাইপ সম্পূর্ণ বিনষ্ট করা হয়। পাশাপাশি তিনটি ড্রেজার মেশিন বিকল করে দেওয়া হয়, যাতে সেগুলো ব্যবহার করে পুনরায় মাটি কাটা ও পরিবহন করা না যায়।

ঘটনাস্থলে অভিযুক্ত ব্যক্তিদের কাউকে পাওয়া না যাওয়ায় তাৎক্ষণিকভাবে কাউকে দণ্ড দেওয়া সম্ভব হয়নি। তবে কৃষিজমির উর্বরতা রক্ষা এবং অবৈধভাবে টপসয়েল কাটা প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন।