রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩
রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

মতলব উত্তরে এমপি নুরুল আমিন রুহুলের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৩, ১:১২ পিএম
মতলব উত্তরে এমপি নুরুল আমিন রুহুলের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
মনিরুল ইসলাম মনির:  চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল এর উদ্যোগে ছেংগারচর পৌরসভার এক হাজার দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
২ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বিকালে ছেংগারচর ডিগ্রি কলেজ প্রাঙ্গণে কম্বল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল।
প্রধান বক্তা হিসেবে বক্তৃতা দেন চাঁদপুর জেলা যুবলীগের আহ্বায়ক আলহাজ্ব মিজানুর রহমান কালু ভুইয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।
প্রধান অতিথির বক্তব্যে এমপি নুরুল আমিন রুহুল বলেন, বর্তমান সরকারের সুনাম সারাবিশ্বে ছড়িয়ে আছে। কারণ আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন মানবতার মা। ইতোমধ্যেই তিনি বিশ্বে মানবতার নেত্রী হিসেবে পরিচিত। তাই মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে প্রতিটি অঞ্চলে অসহায় মানুষের পাশে থাকা। সেই লক্ষ্যে আমরা প্রতি বছরের ন্যায় কম্বল বিতরণ করছি।
তিনি আরও বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকারের উন্নয়ন আপনারা দেখছেন। স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই উন্নয়ন ধারা অব্যাহত রাখতে আগামী দিনে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে হবে।
ছেংগারচর পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল হোসেন ফরাজীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক জামান সরকারের পরিচালনায় আরো বক্তব্য রাখেন, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক বাবু ঝন্টু দাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান জহির, পৌর আওয়ামী লীগের সদস্য আতিকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা শাহআলম সিদ্দিকী, ফরাজীকান্দি ইউপি চেয়ারম্যান ইঞ্জি. রেজাউল করিম, উপজেলা যুবলীগের সহ-সভাপতি কামরুজ্জামান ইয়ার, প্রচার সম্পাদক রেফায়েত উল্লাহ দর্জি, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক অ্যাড. মহসিন মিয়া মানিক, প্রতিষ্ঠাতা সভাপতি আঃ রব, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রহমত উল্লাহ চৌধুরী, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক নুর নবী খান, ছেংগারচর পৌর ছাত্রলীগের সভাপতি রাজিব মিয়া, সাবেক ছাত্রলীগ নেতা আলী নুর, ছেংগারচর পৌর যুবলীগ যুবলীগ নেতা মাহবুব আলম বাবু, সাবেক আহ্বায়ক সাইফুল ইসলাম প্রধান, ৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহাদাৎ হোসেন খোকন ঢালী প্রমুখ। ছেংগারচর পৌর যুবলীগের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ আয়োজন করা হয়।

শাহরাস্তিতে ফুটপাত দখলবিরোধী অভিযানে ৫ ব্যবসায়ীকে জরিমানা

মোঃ মাসুদ রানা প্রকাশিত: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ৯:১০ পিএম
শাহরাস্তিতে ফুটপাত দখলবিরোধী অভিযানে ৫ ব্যবসায়ীকে জরিমানা
শাহরাস্তিতে সরকারি সড়কের দুই পাশে পথচারীদের চলাচলের জায়গা দখল করে মালামাল রাখার দায়ে ৫ ব্যবসায়ীকে মোট ৮ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (৮ নভেম্বর) শাহরাস্তি পৌরশহরের ঠাকুরবাজার ও কালীবাড়ি বাজারে উপজেলা প্রশাসন ও পৌরসভার যৌথ অভিযানে এ দণ্ড দেওয়া হয়।চাঁদপুরের জেলা প্রশাসক এবং শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুনের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান।
সংশ্লিষ্ট সূত্র ও স্থানীয় ব্যবসায়ীরা জানান, ওই দুটি বাজারে দীর্ঘদিন ধরে একশ্রেণির ব্যবসায়ী ফুটপাত দখল করে মালামাল রাখছিলেন। পাশাপাশি অবৈধভাবে স্টিলের সাইনবোর্ড স্থাপন করে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছিল। এতে বাজার এলাকায় যানজট তৈরি হয়ে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ছিলেন। এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রশাসন এ অভিযান চালায়।
অভিযানকালে ফুটপাত ও সড়কের পাশে মালামাল রেখে চলাচলে বাধা সৃষ্টির দায়ে বিভিন্ন প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এতে অভিযুক্ত ৫ ব্যবসায়ীকে অভিযানে স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ১০৯ ধারায় ৫টি মামলায় এ অর্থদণ্ড প্রদান করা হয়৷ একই সঙ্গে সরকারি সড়কের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও রাস্তায় রাখা মালামাল নিজ উদ্যোগে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান বলেন, “সরকারি রাস্তা ও পথচারীদের চলাচলের জায়গা দখল করে ব্যবসা পরিচালনার কোনো সুযোগ নেই। জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং বাজারের যানজট নিরসনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।তিনি আরও বলেন, ব্যবসায়ীদের নিজ নিজ প্রতিষ্ঠানের নির্ধারিত সীমানার মধ্যে মালামাল রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনা অমান্য করে আবার রাস্তা দখল করলে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানে শাহরাস্তি পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, থানা পুলিশ ও উপজেলা আনসার সদস্যরা সহযোগিতা করেন।