রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩
রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

ভাষা শহীদদের স্মরণে চাঁদপুরে ইসলামী আন্দোলনের আলোচনা সভা ও দোয়া

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৩, ১:৫১ পিএম
ভাষা শহীদদের স্মরণে চাঁদপুরে ইসলামী আন্দোলনের আলোচনা সভা ও দোয়া
স্টাফ রিপোর্টার : মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের স্মরণে চাঁদপুরে ইসলামী আন্দোলনের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২১ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে শহরের বিপনিবাগ আইএবি মিলনায়তনে ভাষা শহীদদের স্মরণে এ আয়োজন করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখা।
আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি শেখ মুহা. জয়নাল আবদীন।
তিনি বলেন, রফিক, জব্বর, বরকত ও ছালাম সহ অসংখ্য শহীদের রক্তের বিনিময়ে আমাদের মাতৃভাষা বাংলা আজ পুরো বিশ্বে ছড়িয়ে পড়েছে। কিন্তু আজও অনেক ভাষা সৈনিক ও ভাষা শহীদের পরিবার রয়েছে, যারা যথাসাধ্য মর্যাদা পায়নি।
এখনো রাষ্ট্রীয়ভাবে বাংলা ভাষাকে পুরোপুরি কার্যকর করা হয়নি। আমরা চাই রক্তের বিনিময়ে যেই ভাষা অর্জিত হয়েছে, সেই বাংলা ভাষাকে বিচার বিভাগ, আইন বিভাগ ও রাষ্ট্রের সকল নথিপত্রে ব্যবহারের মাধ্যমে কার্যকর করা হোক।
জেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারি কে এম ইয়াসিন রাশেদসানির পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সাংগঠনিক সম্পাদক শাহজামাল গাজী সোহাগ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নাসির উদ্দিন, ওলামা মাশায়েখ পরিষদের জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুর রহমান নূর, জেলা ছাত্র আন্দোলনের সভাপতি মুহ. সেলিম হোসাইন।
অনুষ্ঠানের শুরুতে ভাষা শহীদদের স্মরণে প্রবন্ধ পাঠ করেন জেলা ছাত্র আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মেধাবী ছাত্রনেতা ডি এম ফয়সাল।
আলোচনা সভার শেষে সকল ভাষা শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শাহরাস্তিতে ফুটপাত দখলবিরোধী অভিযানে ৫ ব্যবসায়ীকে জরিমানা

মোঃ মাসুদ রানা প্রকাশিত: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ৯:১০ পিএম
শাহরাস্তিতে ফুটপাত দখলবিরোধী অভিযানে ৫ ব্যবসায়ীকে জরিমানা
শাহরাস্তিতে সরকারি সড়কের দুই পাশে পথচারীদের চলাচলের জায়গা দখল করে মালামাল রাখার দায়ে ৫ ব্যবসায়ীকে মোট ৮ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (৮ নভেম্বর) শাহরাস্তি পৌরশহরের ঠাকুরবাজার ও কালীবাড়ি বাজারে উপজেলা প্রশাসন ও পৌরসভার যৌথ অভিযানে এ দণ্ড দেওয়া হয়।চাঁদপুরের জেলা প্রশাসক এবং শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুনের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান।
সংশ্লিষ্ট সূত্র ও স্থানীয় ব্যবসায়ীরা জানান, ওই দুটি বাজারে দীর্ঘদিন ধরে একশ্রেণির ব্যবসায়ী ফুটপাত দখল করে মালামাল রাখছিলেন। পাশাপাশি অবৈধভাবে স্টিলের সাইনবোর্ড স্থাপন করে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছিল। এতে বাজার এলাকায় যানজট তৈরি হয়ে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ছিলেন। এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রশাসন এ অভিযান চালায়।
অভিযানকালে ফুটপাত ও সড়কের পাশে মালামাল রেখে চলাচলে বাধা সৃষ্টির দায়ে বিভিন্ন প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এতে অভিযুক্ত ৫ ব্যবসায়ীকে অভিযানে স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ১০৯ ধারায় ৫টি মামলায় এ অর্থদণ্ড প্রদান করা হয়৷ একই সঙ্গে সরকারি সড়কের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও রাস্তায় রাখা মালামাল নিজ উদ্যোগে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান বলেন, “সরকারি রাস্তা ও পথচারীদের চলাচলের জায়গা দখল করে ব্যবসা পরিচালনার কোনো সুযোগ নেই। জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং বাজারের যানজট নিরসনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।তিনি আরও বলেন, ব্যবসায়ীদের নিজ নিজ প্রতিষ্ঠানের নির্ধারিত সীমানার মধ্যে মালামাল রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনা অমান্য করে আবার রাস্তা দখল করলে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানে শাহরাস্তি পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, থানা পুলিশ ও উপজেলা আনসার সদস্যরা সহযোগিতা করেন।