বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

চাঁদপুরের চাঁদমুখ বাপ্পির রংপুর জয়

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩, ৪:৩৩ পিএম
চাঁদপুরের চাঁদমুখ বাপ্পির রংপুর জয়
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সম্মান চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ সাঈদুর জামান বাপ্পি। জন্ম ইলিশের শহর চাঁদপুরের শাহারাস্তিতে। চার ভাইয়ের মধ্যে দ্বিতীয় বাপ্পির পড়াশোনার হাতেখড়ি হয় উপলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
মাধ্যমিকে ছিলেন মেহার উচ্চ বিদ্যালয়ের ছাত্র। স্কুলজীবন থেকেই তিনি ছিলেন সাংগঠনিক নেতৃত্বগুণসম্পন্ন। তৃতীয় শ্রেণি থেকেই কাব স্কাউটের সাথে যুক্ত ছিলেন। শাহারাস্তি উপজেলায় বিভিন্ন জাতীয় দিবসে অনুষ্ঠিত কুচকাওয়াজ এবং শরীরচর্চা প্রদর্শনীতে কয়েকবার প্রথম স্থান অধিকার করার নেপথ্যে দলনেতা ছিলেন তিনি। ৬ষ্ঠ শ্রেণি থেকে বিতর্কের সাথে যুক্ত ছিলেন তিনি। চাঁদপুর কন্ঠ পাঞ্জেরী বিতর্ক উৎসব ছাড়াও উপজেলা, জেলা এবং বিভাগীয় পর্যায়ে বিতর্কে অর্জন ছিলো অসংখ্য। বিভিন্ন জাতীয় দিবসে স্কাউটিংয়ের কার্যক্রমের মাধ্যমে অসংখ্য পুরষ্কার এনে দিয়েছে বিদ্যালয়কে।
উচ্চ মাধ্যমিক ছিলেন হাজীগঞ্জ মডেল সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্র। প্রথম এবং দ্বিতীয় বর্ষে টানা দুইবার আন্ত:বিভাগ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলের বিতার্কিক ছিলেন তিনি। এছাড়াও জেলা পর্যায়ে কুইজ প্রতিযোগিতা, বিজ্ঞান উৎসব এবং একক অভিনয়ে অসংখ্য অর্জনের খেতাব। গান গেয়েও পেয়েছেন ভূয়সী প্রশংসা এবং অসংখ্য পুরষ্কার।
প্রগতিশীল চর্চায় ছিলেন বরাবরই সচেষ্ট। বিশ্ববিদ্যালয় জীবনে অনেকটা অংশই ব্যয় করেন বিতর্ক, রোভার স্কাউট, বন্ধুসভা, টিআইবিসহ নানাবিধ সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডে। বর্তমানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অন্যতম বিতর্ক সংগঠন বেগম রোকেয়া ইউনিভার্সিটি ডিবেট অ্যাসোসিয়েশন (ব্রুডা) এর সভাপতি, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সভাপতি এবং সিনিয়র রোভারমেট হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও প্রথম আলো বন্ধুসভা রংপুর এর সাধারণ সম্পাদক এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ – রংপুর সনাক এর ইয়েস সহ দলনেতা হিসেবে দায়িত্ব পালন করছেন। চাঁদপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
তার অর্জনের ঝুলি অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে তাকে। মুজিব শতবর্ষ উপলক্ষে জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় রানার আপ হয়ে শিক্ষামন্ত্রীর হাত থেকে পুরষ্কার গ্রহণ করেন। এছাড়াও বিতর্কে রয়েছে অসংখ্য বিজয়ী হওয়ার খেতাব। বিতার্কিক ছাড়াও বিচারক হিসেবেও দেখা যায় তাকে বিভিন্ন বিতর্ক প্রতিযোগিতায়। এছাড়াও রোভার স্কাউটে অনেক জাতীয় ক্যাম্পে অংশগ্রহণ করেন। স্বেচ্ছাসেবক হিসেবে সেবা প্রদান করেন। বন্ধুসভার বিভিন্ন অনুষ্ঠানে সঞ্চালনায় দেখা যায়। তার অসাধারণ নেতৃত্বের স্বীকৃতি হিসেবে সবগুলো সংগঠনের সর্বোচ্চ পদে আসীন হয়েছেন।
চাঁদপুরের ছেলে রংপুরে এসে আলোর দ্যুতি ছড়াচ্ছে তার মেধা এবং মননশীলতার জায়গায় পরিস্ফুটন করে।
বাপ্পি বলেন, ব্যাক্তিকে তৈরি করে সংগঠন। ভিন্ন সংগঠনে সমবেত হয় ভিন্ন ভাবনা ও কর্মের মানুষ। বিভিন্ন সংগঠনের উদ্যোগ ও সেখানে কাজের মধ্য দিয়ে প্রকৃতপক্ষে আমি মানুষকে অধিকতর জানার সুযোগ পেয়েছি। এই জানাই সমৃদ্ধ করেছে আমার চিন্তাজগৎকে, গড়ে তুলেছে এই ক্ষুদ্র আমাকে।

অদম্য ইচ্ছাশক্তিতে ক্যাসেট শুনে শুনে কোরআন মুখস্থ করলেন বৃদ্ধা মরিয়ম

অনলাইন ডেস্ক প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৯:১১ পিএম
অদম্য ইচ্ছাশক্তিতে ক্যাসেট শুনে শুনে কোরআন মুখস্থ করলেন বৃদ্ধা মরিয়ম

অদম্য ইচ্ছাশক্তি ও পবিত্র কোরআনের প্রতি গভীর ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ইয়েমেনের এক বৃদ্ধা। পড়তে কিংবা লিখতে না জানলেও শুধু শুনে শুনে পবিত্র কোরআনের ৩০ পারা মুখস্থ করেছেন তিনি। ইয়েমেনের তায়েজ প্রদেশের ৮২ বছর পেরোনো হাজ্জা মরিয়ম আল-রুমাইমাহ নামের এই নারী প্রায় ১০ বছরের সাধনায় কোরআন হিফজ সম্পন্ন করেন।

তায়েজ প্রদেশের জাবাল সাবরের পাহাড়ি এলাকার হাদনান গ্রামে জন্ম মরিয়ম আল-রুমাইমাহর। এমন এক সময়ে তার বেড়ে ওঠা, যখন গ্রামীণ মেয়েদের শিক্ষার সুযোগ ছিল অত্যন্ত সীমিত। জীবনের অধিকাংশ সময় সংসার সামলানো ও কৃষিকাজ করেই কাটিয়েছেন তিনি। কখনো প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ না পাওয়ায় পড়তে কিংবা লিখতে শেখা হয়নি তার।

তবে কোরআনের প্রতি গভীর ভালোবাসা থেকেই একসময় পুরো কোরআন মুখস্থ করার স্বপ্ন দেখেন তিনি। ২০০৬ সালে ষাটের কোঠায় থাকা অবস্থায় সেই স্বপ্ন বাস্তবায়নের উদ্যোগ নেন। তার ছেলে শেখ মুখতার আল-রুমাইমাহ গ্রামে একটি কোরআন শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠা করলে মায়ের স্বপ্নপূরণের পথ আরও সহজ হয়।

কোরআন মুখস্থের জন্য প্রতিদিন নির্দিষ্ট সময় মেনে চলতেন মরিয়ম। বিকেলে গ্রামের একজন শিক্ষিকার কাছে গিয়ে আয়াত মুখস্থ শোনাতেন এবং নতুন আয়াত শিখতেন। সন্ধ্যার পর বাড়িতে ফিরে ক্যাসেট প্লেয়ারে কোরআন তিলাওয়াত শুনে সেগুলো বারবার অনুশীলন করতেন। এমনকি ফজরের আগেও ঘুম থেকে উঠে তিলাওয়াত শুনতেন এবং মুখস্থ করা আয়াতগুলো ঝালিয়ে নিতেন।

Model Hospital

এ ক্ষেত্রে তার সবচেয়ে বড় সঙ্গী ছিল ক্যাসেট প্লেয়ার। বিশেষ করে কোরআনের বিখ্যাত ক্বারি শেখ ফারিস আব্বাদের কণ্ঠে তিলাওয়াত শুনতে ভালোবাসতেন তিনি। ক্যাসেটে একটি অংশ মুখস্থ শেষ হলে পরিবারের সদস্যরা তাকে পরবর্তী ক্যাসেট এনে দিতেন।

কোরআনের আয়াতগুলোর মধ্যে মিল থাকায় কিছু অংশ মুখস্থ করতে বেশ বেগ পেতে হয়েছে তাকে। বিশেষ করে সূরা তাওবা ও সূরা রাদের আয়াতগুলো আলাদা করে মনে রাখা কঠিন ছিল। তবে বারবার শোনা ও অনুশীলনের মাধ্যমে সেই বাধাও কাটিয়ে ওঠেন তিনি।

এভাবে টানা ১০ বছর সাধনার পর ২০১৬ সালে পুরো কোরআন মুখস্থ সম্পন্ন করেন মরিয়ম। শেষ আয়াতটি মুখস্থ করার পর আনন্দে কেঁদে ফেলেন তিনি। এরপর সিজদায় পড়ে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। তার এই অর্জনে আবেগাপ্লুত হয়ে পড়েন পরিবারের সদস্য ও স্বজনেরা।

মরিয়মের এক ছেলে ও তিন মেয়ে। তার রয়েছে ২১ জন নাতি-নাতনি। তাদের অনেকেই উচ্চশিক্ষা গ্রহণ করেছেন। কিন্তু পরিবারের সদস্যদের কাছে সবচেয়ে বিস্ময়কর বিষয় ছিল, নিরক্ষর হয়েও তাদের মা ও দাদি কেবল শুনে শুনে পুরো কোরআন মুখস্থ করতে পেরেছেন।

কোরআনের সব সূরার মধ্যে সূরা বাকারা তার বিশেষ প্রিয়। প্রতিদিনের আমলে এই সূরা রাখার চেষ্টা করেন তিনি।

আল-মুশাহিদের প্রতিবেদন প্রকাশের সময় তার বয়স ৮২ বছরের বেশি ছিল। বার্ধক্য ও উচ্চ রক্তচাপের কারণে শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। চোখের দৃষ্টিশক্তিও কিছুটা কমেছে। বয়সের প্রভাবে মুখস্থ করা কিছু আয়াত মনে করতে আগের তুলনায় সমস্যা হলেও কোরআনের সঙ্গে সম্পর্ক ধরে রেখেছেন তিনি।

মরিয়মের কোরআন মুখস্থের পুরো সময়টি কেটেছে ইয়েমেনের তায়েজে যুদ্ধ ও অবরোধের কঠিন পরিস্থিতির মধ্যে। গোলাগুলির শব্দ, বিদ্যুৎবিভ্রাট ও নানা সংকটের মধ্যেও থেমে থাকেনি তার সাধনা। বরং কোরআনের তিলাওয়াতই হয়ে উঠেছিল তার মানসিক শক্তি ও প্রশান্তির উৎস।

শারীরিক সীমাবদ্ধতা, নিরক্ষরতা ও প্রতিকূল পরিবেশ কোনো কিছুই যে দৃঢ় সংকল্পের সামনে বাধা হয়ে দাঁড়াতে পারে না, মরিয়ম আল-রুমাইমাহর জীবন তারই এক অনুপ্রেরণাদায়ক উদাহরণ।

সূত্র: আল-মুশাহিদ