বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

আত্মকর্মস্থান সৃষ্টির লক্ষ্যে চাঁদপুরে উদ্বোধন হয়েছে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র

মাসুদ হোসেন প্রকাশিত: রবিবার, ১৬ জুলাই, ২০২৩, ৭:৫৮ পিএম
আত্মকর্মস্থান সৃষ্টির লক্ষ্যে চাঁদপুরে উদ্বোধন হয়েছে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র
চাঁদপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে এলাকার ছাত্র-ছাত্রীদের আত্মকর্মস্থান সৃষ্টি হবে বলে মন্তব্য করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। তিনি বলেন, আজকে চাঁদপুরের জন্য একটি বিশেষ দিন। কারন এরকম একটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এখানে উদ্বোধন হওয়ায়। আমরা শিক্ষাজীবনে শুধু জ্ঞান নয়, সে জ্ঞান থেকে প্রয়োগ করবার দক্ষতা থাকতে হবে। আর সেই দক্ষতা যদি অর্জন করি, তাহলে আমাদের আয় রোজগার বাড়বে এবং দেশের অর্থনীতি এগিয়ে যাবে ও দেশ উন্নত হবে। ২০০৯ সালে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যখন দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করলেন তখন আমাদের বৈদেশিক আয় রেমিট্যান্স ছিল ৯.৬ বিলিয়ন এর মতো। আর এখন সেটি দাঁড়িয়েছে ২২ বিলিয়ন এ।
তিনি আরো বলেন, ২০০৯ সালে কারিগরি শিক্ষায় ভর্তির হার ছিল শতকরা একভাগেরও কম। আর আজকে সেই ভর্তির হার সতেরো ভাগের বেশি। তবে মাননীয় প্রধানমন্ত্রীর ২০০৯ সালের লক্ষ্যমাত্রা মোতাবেক আমরা সেখানে পৌঁছাতে সক্ষম হয়েছি। বঙ্গবন্ধু কন্যা তাঁর দৃঢ় দৃষ্টি, বিচক্ষণতা ও তাঁর সাহস দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তিনি যখন যে পরিকল্পনা করেন সে পরিকল্পনা বাস্তবায়ন করে থাকেন। তিনি দেশকে উন্নত করতে কথা দিয়েছিলেন ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ করবে তা কিন্তু হয়ছে। এবং আজকে তিনি স্বপ্ন দেখিয়েছেন আমরা ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ সুখি শান্তিময় একটি স্মার্ট বাংলাদেশ হবে। আমি বিশ্বাস করি আজকে শিক্ষা ব্যবস্থায়, দক্ষতায় আমরা যে কার্যক্রমগুলো শুরু করেছি তার ফলশ্রুতিতে আমরা অবশ্যই
আগামী ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ হতে পারবো ইনশাআল্লাহ। বাংলাদেশের মতো একটি ছোট দেশে এত পরিমাণ রেমিট্যান্স আয় করছে তা কি করে সম্ভব তা হলো দক্ষতার উপর।
চাঁদপুরের মানুষ এই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ নিয়ে ভাষা ও দক্ষতা নিয়ে বিদেশে গেলে আয় করতে সমস্যা হবে না। অনেকে বলেন ফ্রি ভিসা দিয়ে বিদেশে পাঠান। আসলে ফ্রি ভিসা বলতে বিদেশে কিছু নেই। তারা আপনার সাথে প্রতারণা করছে, আপনার সন্তানকে অনিরাপদ ও জীবনের ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে। আপনি যখন বিদেশে অবৈধভাবে যাবেন, সেই দেশের নিরাপত্তা বাহিনী সারাক্ষণ যখন আপনার পেছনে ঘুরে আপনাকে আটক করবে। অনেক ক্ষেত্রে তাদেরকে বিদেশে নিয়ে গিয়ে ছেড়ে দিলে বাসস্থানসহ খাবারের ব্যবস্থাও থাকে না। তাই সরকারের বৈধ পদ্ধতিতে যাবেন, আপনি অনেক কম খরচে যেতে পারবেন। জমি জমা বিক্রি করে যেতে হবে না। আপনার প্রবাস জীবন বৈধ হবে, নিরাপদ হবে, আপনার আয় রোজগার নিশ্চিত হবে।
আপনি যে চাকরিতে যাবেন সেই চাকরিদাতা আপনাকে সময়মত আপনাকে বেতন দিবে। আর যদি তথাকথিত ফ্রি ভিসায় যান, তাহলে দেখবেন, চাকরি নাই, সেখানে নিরাপত্তা নাই, কোথায় নিয়ে ছেড়ে দিয়েছে তাও বলতে পারবেন না। কাজেই এই অবৈধভাবে কেউ দয়া করে আপনারা পা বাড়াবেন না। এবং প্রত্যেকে আপনার প্রতিবেশি, আত্মীয় যেই হোক তাদেরকে বলবেন এই কথাগুলো যে সরকার ব্যাংক করে দিয়েছে সে ব্যাংক থেকে ঋণ নিয়ে যাওয়ারও সুযোগ হয়েছে। নারীদের অভিবাসনও আগের তুলনায় এখন অনেক বেশি নিরাপদ। তারা দক্ষ হয়ে বিদেশে গেছেই বলে ভালো কাজ পেয়েছে। তাদের জীবনমান উন্নয়ন হয়েছে। তারা তাদের পরিবারকে যেমন উন্নত জীবন দান করতে কাজ করছে, তেমনি দেশের উন্নয়নেও অবদান রাখছে। তবে হাতে কলমের দক্ষতার পাশাপাশি ভাষার দক্ষতা নিয়ে যেতে হবে। ভাষা জানলে আপনাকে কেউ বিপদে ফেলতে পারবে না। আপনার অধিকার কেউ ক্ষুন্ন করতে পারবে না।
শনিবার (১৫ জুলাই) সকালে সাড়ে ১০টায় চাঁদপুর সদর উপজেলার আশিকাটি চাঁদখার বাজারস্থ  প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন এর সভাপতিত্বে চাঁদপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের শুভ উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি।
উদ্বোধকের বক্তব্যে তিনি বলেন, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র আপনাদের জন্যই করা হয়েছে। কারন আপনারা যাতে দক্ষ হয়ে বিদেশ যান। গত বছর চাঁদপুর থেকে বিদেশে গিয়েছে ৪৫ হাজার পাঁচ’শ জন। সেই ক্ষেত্রে চাঁদপুরের অবস্থান ৫ম। আর কুমিল্লার অবস্থান প্রথম। দেশের উন্নয়নে যে আপনাদের ভূমিকা রাখছেন তাই বলবো আপনারা আরো এগিয়ে যান। দক্ষ হয়ে বিদেশে গেলে কোন প্রবাসীই বিপদে পড়েন না। তাই আপনাদের উদ্দেশ্যে আমি বলবো, আপনারা কিংবা আপনাদের সন্তানদের এই টিটিসি থেকে প্রশিক্ষণ দিয়ে বিদেশে পাঠাবেন। তাহলে তারা আর কোন বিপদে পড়বে না। পরিবারের জীবনমান উন্নয়নসহ দেশের উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখতে পারবে। কোন ঝুঁকির মধ্যেও থাকবে না তারা। তিনি চাঁদপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষের নিকট অনুরোধ করে বলেন, প্রথম ব্যাচ এর শিক্ষার্থীরা যেন ভর্তির সময় দুইটি করে ফলজ ও ঔষধি গাছ নিয়ে এসে রোপন করেন এই ক্যাম্পাসে। তাহলে আগামী পাঁচ বছর এই এরিয়াটি হবে প্রাকৃতিক পরিবেশে সাজানো দৃষ্টিনন্দন ক্যাম্পাস। কারিগরি শিক্ষা গ্রহনের মাধ্যমে ছাত্র-ছাত্রীরা উন্নত শিখরে পৌঁছানো সম্ভব। আর কর্মময় জীবনে অনেকেই কারিগরি শিক্ষার মাধ্যমে সাফল্য অর্জন করেছে।
এম আর ইসলাম বাবুর প্রাণবন্ত সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার), চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম নাজিম দেওয়ান, চাঁদপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ রকিবুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হেদায়েত উল্যাহ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান, ভাইস চেয়ারম্যান জিএস তছলিম, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা, চাঁদপুর জেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক এ্যাড. রনজিত রায় চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী এরশাদ মিয়াজী, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্যাহ সহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

অদম্য ইচ্ছাশক্তিতে ক্যাসেট শুনে শুনে কোরআন মুখস্থ করলেন বৃদ্ধা মরিয়ম

অনলাইন ডেস্ক প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৯:১১ পিএম
অদম্য ইচ্ছাশক্তিতে ক্যাসেট শুনে শুনে কোরআন মুখস্থ করলেন বৃদ্ধা মরিয়ম

অদম্য ইচ্ছাশক্তি ও পবিত্র কোরআনের প্রতি গভীর ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ইয়েমেনের এক বৃদ্ধা। পড়তে কিংবা লিখতে না জানলেও শুধু শুনে শুনে পবিত্র কোরআনের ৩০ পারা মুখস্থ করেছেন তিনি। ইয়েমেনের তায়েজ প্রদেশের ৮২ বছর পেরোনো হাজ্জা মরিয়ম আল-রুমাইমাহ নামের এই নারী প্রায় ১০ বছরের সাধনায় কোরআন হিফজ সম্পন্ন করেন।

তায়েজ প্রদেশের জাবাল সাবরের পাহাড়ি এলাকার হাদনান গ্রামে জন্ম মরিয়ম আল-রুমাইমাহর। এমন এক সময়ে তার বেড়ে ওঠা, যখন গ্রামীণ মেয়েদের শিক্ষার সুযোগ ছিল অত্যন্ত সীমিত। জীবনের অধিকাংশ সময় সংসার সামলানো ও কৃষিকাজ করেই কাটিয়েছেন তিনি। কখনো প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ না পাওয়ায় পড়তে কিংবা লিখতে শেখা হয়নি তার।

তবে কোরআনের প্রতি গভীর ভালোবাসা থেকেই একসময় পুরো কোরআন মুখস্থ করার স্বপ্ন দেখেন তিনি। ২০০৬ সালে ষাটের কোঠায় থাকা অবস্থায় সেই স্বপ্ন বাস্তবায়নের উদ্যোগ নেন। তার ছেলে শেখ মুখতার আল-রুমাইমাহ গ্রামে একটি কোরআন শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠা করলে মায়ের স্বপ্নপূরণের পথ আরও সহজ হয়।

কোরআন মুখস্থের জন্য প্রতিদিন নির্দিষ্ট সময় মেনে চলতেন মরিয়ম। বিকেলে গ্রামের একজন শিক্ষিকার কাছে গিয়ে আয়াত মুখস্থ শোনাতেন এবং নতুন আয়াত শিখতেন। সন্ধ্যার পর বাড়িতে ফিরে ক্যাসেট প্লেয়ারে কোরআন তিলাওয়াত শুনে সেগুলো বারবার অনুশীলন করতেন। এমনকি ফজরের আগেও ঘুম থেকে উঠে তিলাওয়াত শুনতেন এবং মুখস্থ করা আয়াতগুলো ঝালিয়ে নিতেন।

Model Hospital

এ ক্ষেত্রে তার সবচেয়ে বড় সঙ্গী ছিল ক্যাসেট প্লেয়ার। বিশেষ করে কোরআনের বিখ্যাত ক্বারি শেখ ফারিস আব্বাদের কণ্ঠে তিলাওয়াত শুনতে ভালোবাসতেন তিনি। ক্যাসেটে একটি অংশ মুখস্থ শেষ হলে পরিবারের সদস্যরা তাকে পরবর্তী ক্যাসেট এনে দিতেন।

কোরআনের আয়াতগুলোর মধ্যে মিল থাকায় কিছু অংশ মুখস্থ করতে বেশ বেগ পেতে হয়েছে তাকে। বিশেষ করে সূরা তাওবা ও সূরা রাদের আয়াতগুলো আলাদা করে মনে রাখা কঠিন ছিল। তবে বারবার শোনা ও অনুশীলনের মাধ্যমে সেই বাধাও কাটিয়ে ওঠেন তিনি।

এভাবে টানা ১০ বছর সাধনার পর ২০১৬ সালে পুরো কোরআন মুখস্থ সম্পন্ন করেন মরিয়ম। শেষ আয়াতটি মুখস্থ করার পর আনন্দে কেঁদে ফেলেন তিনি। এরপর সিজদায় পড়ে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। তার এই অর্জনে আবেগাপ্লুত হয়ে পড়েন পরিবারের সদস্য ও স্বজনেরা।

মরিয়মের এক ছেলে ও তিন মেয়ে। তার রয়েছে ২১ জন নাতি-নাতনি। তাদের অনেকেই উচ্চশিক্ষা গ্রহণ করেছেন। কিন্তু পরিবারের সদস্যদের কাছে সবচেয়ে বিস্ময়কর বিষয় ছিল, নিরক্ষর হয়েও তাদের মা ও দাদি কেবল শুনে শুনে পুরো কোরআন মুখস্থ করতে পেরেছেন।

কোরআনের সব সূরার মধ্যে সূরা বাকারা তার বিশেষ প্রিয়। প্রতিদিনের আমলে এই সূরা রাখার চেষ্টা করেন তিনি।

আল-মুশাহিদের প্রতিবেদন প্রকাশের সময় তার বয়স ৮২ বছরের বেশি ছিল। বার্ধক্য ও উচ্চ রক্তচাপের কারণে শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। চোখের দৃষ্টিশক্তিও কিছুটা কমেছে। বয়সের প্রভাবে মুখস্থ করা কিছু আয়াত মনে করতে আগের তুলনায় সমস্যা হলেও কোরআনের সঙ্গে সম্পর্ক ধরে রেখেছেন তিনি।

মরিয়মের কোরআন মুখস্থের পুরো সময়টি কেটেছে ইয়েমেনের তায়েজে যুদ্ধ ও অবরোধের কঠিন পরিস্থিতির মধ্যে। গোলাগুলির শব্দ, বিদ্যুৎবিভ্রাট ও নানা সংকটের মধ্যেও থেমে থাকেনি তার সাধনা। বরং কোরআনের তিলাওয়াতই হয়ে উঠেছিল তার মানসিক শক্তি ও প্রশান্তির উৎস।

শারীরিক সীমাবদ্ধতা, নিরক্ষরতা ও প্রতিকূল পরিবেশ কোনো কিছুই যে দৃঢ় সংকল্পের সামনে বাধা হয়ে দাঁড়াতে পারে না, মরিয়ম আল-রুমাইমাহর জীবন তারই এক অনুপ্রেরণাদায়ক উদাহরণ।

সূত্র: আল-মুশাহিদ