মতলব উত্তরের চাঞ্চল্যকর বাবু হত্যা মামলা
ইউপি চেয়ারম্যান কাজী মিজান ফের জেল হাজতে
মতলব উত্তর উপজেলার বাহাদুরপুর গ্রামের যুবলীগ নেতা চাঞ্চল্যকর মোবারক হোসেন বাবু হত্যা মামলায় কাজী মিজানুর রহমানকে আবারও জেল হাজতে প্রেরণ করা হয়েছে।



গত ১২ সেপ্টেম্বর, মঙ্গলবার সকালে জামিন স্থগিতাদেশের সুপ্রিম কোর্টের কপি চাঁদপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পৌঁছেছে বলে জানিয়েছেন বাদী পক্ষের আইনজীবী। এদিকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জামিন ৮ সপ্তাহের জন্য স্থগিতের খবরে মঙ্গলবার হত্যা মামলার ধার্য্য তারিখে মামলার প্রধান আসামি কাজী মিজানুর রহমান আদালতে হাজির হননি।

এর আগে গত ৩১ আগস্ট হাইকোর্ট থেকে কাজী মিজান, কাজী মতিন ও কাজী হাবিব জামিন পেলে ওই দিনই মামলার বাদী ও নিহত বাবু’র ভাই আমির হোসেন কালু সুপ্রিম কোর্টের আপিল বিভাগে জামিন বাতিল চেয়ে আবেদন করেন। আবেদনের শুনানি শেষে আপিল বিভাগের বিচারপতি এম. ইনায়েতুর রহিমের আদালত কাজী মিজানুর রহমানকে উচ্চ আদালতের দেয়া জামিনের ওপর ৮ সপ্তাহের স্থগিতাদেশ দেন।
বাদী পক্ষের আইনজীবী এডভোকেট সেলিম মিয়া ও এডভোকেট আল আমিন উজ্জ্বল জানান, উচ্চ আদালতে তথ্য গোপন করে কাজী মিজান জামিনে বের হয়েছিলো। আমরা বাবু হত্যা মামলায় ন্যায় বিচার প্রত্যাশা করি।








