বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

১৮ পেরোলো ‘দৈনিক আমাদের সময়’ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুরে কেককাটা ও সভা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ৪ অক্টোবর, ২০২৩, ৮:০৮ পিএম
১৮ পেরোলো ‘দৈনিক আমাদের সময়’ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুরে কেককাটা ও সভা

‘সময় এবার আমাদের বাংলাদেশের’- এ স্লোগানকে সামনে রেখে নতুন ধারার দৈনিক আমাদের সময় পত্রিকার ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১২টায় চাঁদপুর প্রেসক্লাব কার্যালয়ে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম বার।

তিনি বলেন, দেড়যুগ পেরিয়ে দৈনিক আমাদের সময় ১৯ বছরে পদার্পন করেছে, এটি সত্যিই আনন্দের। পত্রিকাটি শুরু থেকেই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশের মাধ্যমে পাঠপ্রিয়তা অর্জন করার পাশাপাশি মানুষের মাঝে আস্থা তৈরী করতে সক্ষম হয়েছে। এ পত্রিকার সুনাম এখন সর্বত্র। তাই পত্রিকাটির প্রকাশক ও সম্পাদক এবং সংশ্লিষ্ট সকল গণমাধ্যম কর্মীদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই।

পত্রিকাটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে তিনি আরো বলেন, এই পত্রিকাটি শুরু থেকেই মানুষের কাছে জনপ্রিয় এবং আস্থা অর্জন করতে পেরেছে। আমি আশা করব, পত্রিকাটির দৃষ্টি আরও পরিব্যাপ্ত হবে, অন্যায়-অবিচার-দুর্নীতি-অধিকারহীনতার বিপক্ষে এর অবস্থান আরও দৃঢ় হবে। মানুষের পক্ষে আরও প্রত্যয়ী হবে এর কণ্ঠস্বর।

দৈনিক আমাদের সময় এর চাঁদপুর জেলা প্রতিনিধি এম এ লতিফের সভাপতিত্বে ও দৈনিক শপথ পত্রিকার সম্পাদক ও প্রকাশক কাদের পলাশের সঞ্চালনায় বক্তব্য রাখেন, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক চাঁদপুর কণ্ঠ পত্রিকার প্রধান সম্পাদক কাজী শাহাদাত, সনাক চাঁদপুরের সভাপতি ও ছড়াকার ডা. পীযূষ কান্তি বড়ুয়া, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক চাঁদপুর প্রবাহ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক রহিম বাদশা, দৈনিক চাঁদপুর সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক আবদুর রহমান, দৈনিক আলোকিত চাঁদপুর পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. জাকির হোসেন, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও ভোরের কাগজ পত্রিকার চাঁদপুর জেলা প্রতিনিধি লক্ষণ চন্দ্র সূত্রধর, চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট এর সাধারণ সম্পাদক শাওন পাটোয়ারী, সাবেক সাধারণ সম্পাদক ও মতলবের আলো পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক কে এম মাসুদ, পত্রিকার এজেন্ট জসিম মেহেদী প্রমুখ।

Model Hospital

অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন, নতুন বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ অলি আহমেদ, ছাত্রদল নেতা শফিউদ্দিন বাবলু, দৈনিক প্রিয় চাঁদপুর পত্রিকার প্রধান সম্পাদক বিপ্লব সরকার, বার্তা সম্পাদক আরিফ হোসেন শান্ত, দৈনিক চাঁদপুর দিগন্ত পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদ ইলিয়াছ পাটওয়ারী, বার্তা সম্পাদক কে এম সালাউদ্দিন, এনটিভির জেলা প্রতিনিধি শরীফুল ইসলামসহ বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক এবং ভিভিন্ন শ্রেণিপেশার শুভাকাঙ্খী উপস্থিত ছিলেন।

অদম্য ইচ্ছাশক্তিতে ক্যাসেট শুনে শুনে কোরআন মুখস্থ করলেন বৃদ্ধা মরিয়ম

অনলাইন ডেস্ক প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৯:১১ পিএম
অদম্য ইচ্ছাশক্তিতে ক্যাসেট শুনে শুনে কোরআন মুখস্থ করলেন বৃদ্ধা মরিয়ম

অদম্য ইচ্ছাশক্তি ও পবিত্র কোরআনের প্রতি গভীর ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ইয়েমেনের এক বৃদ্ধা। পড়তে কিংবা লিখতে না জানলেও শুধু শুনে শুনে পবিত্র কোরআনের ৩০ পারা মুখস্থ করেছেন তিনি। ইয়েমেনের তায়েজ প্রদেশের ৮২ বছর পেরোনো হাজ্জা মরিয়ম আল-রুমাইমাহ নামের এই নারী প্রায় ১০ বছরের সাধনায় কোরআন হিফজ সম্পন্ন করেন।

তায়েজ প্রদেশের জাবাল সাবরের পাহাড়ি এলাকার হাদনান গ্রামে জন্ম মরিয়ম আল-রুমাইমাহর। এমন এক সময়ে তার বেড়ে ওঠা, যখন গ্রামীণ মেয়েদের শিক্ষার সুযোগ ছিল অত্যন্ত সীমিত। জীবনের অধিকাংশ সময় সংসার সামলানো ও কৃষিকাজ করেই কাটিয়েছেন তিনি। কখনো প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ না পাওয়ায় পড়তে কিংবা লিখতে শেখা হয়নি তার।

তবে কোরআনের প্রতি গভীর ভালোবাসা থেকেই একসময় পুরো কোরআন মুখস্থ করার স্বপ্ন দেখেন তিনি। ২০০৬ সালে ষাটের কোঠায় থাকা অবস্থায় সেই স্বপ্ন বাস্তবায়নের উদ্যোগ নেন। তার ছেলে শেখ মুখতার আল-রুমাইমাহ গ্রামে একটি কোরআন শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠা করলে মায়ের স্বপ্নপূরণের পথ আরও সহজ হয়।

কোরআন মুখস্থের জন্য প্রতিদিন নির্দিষ্ট সময় মেনে চলতেন মরিয়ম। বিকেলে গ্রামের একজন শিক্ষিকার কাছে গিয়ে আয়াত মুখস্থ শোনাতেন এবং নতুন আয়াত শিখতেন। সন্ধ্যার পর বাড়িতে ফিরে ক্যাসেট প্লেয়ারে কোরআন তিলাওয়াত শুনে সেগুলো বারবার অনুশীলন করতেন। এমনকি ফজরের আগেও ঘুম থেকে উঠে তিলাওয়াত শুনতেন এবং মুখস্থ করা আয়াতগুলো ঝালিয়ে নিতেন।

Model Hospital

এ ক্ষেত্রে তার সবচেয়ে বড় সঙ্গী ছিল ক্যাসেট প্লেয়ার। বিশেষ করে কোরআনের বিখ্যাত ক্বারি শেখ ফারিস আব্বাদের কণ্ঠে তিলাওয়াত শুনতে ভালোবাসতেন তিনি। ক্যাসেটে একটি অংশ মুখস্থ শেষ হলে পরিবারের সদস্যরা তাকে পরবর্তী ক্যাসেট এনে দিতেন।

কোরআনের আয়াতগুলোর মধ্যে মিল থাকায় কিছু অংশ মুখস্থ করতে বেশ বেগ পেতে হয়েছে তাকে। বিশেষ করে সূরা তাওবা ও সূরা রাদের আয়াতগুলো আলাদা করে মনে রাখা কঠিন ছিল। তবে বারবার শোনা ও অনুশীলনের মাধ্যমে সেই বাধাও কাটিয়ে ওঠেন তিনি।

এভাবে টানা ১০ বছর সাধনার পর ২০১৬ সালে পুরো কোরআন মুখস্থ সম্পন্ন করেন মরিয়ম। শেষ আয়াতটি মুখস্থ করার পর আনন্দে কেঁদে ফেলেন তিনি। এরপর সিজদায় পড়ে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। তার এই অর্জনে আবেগাপ্লুত হয়ে পড়েন পরিবারের সদস্য ও স্বজনেরা।

মরিয়মের এক ছেলে ও তিন মেয়ে। তার রয়েছে ২১ জন নাতি-নাতনি। তাদের অনেকেই উচ্চশিক্ষা গ্রহণ করেছেন। কিন্তু পরিবারের সদস্যদের কাছে সবচেয়ে বিস্ময়কর বিষয় ছিল, নিরক্ষর হয়েও তাদের মা ও দাদি কেবল শুনে শুনে পুরো কোরআন মুখস্থ করতে পেরেছেন।

কোরআনের সব সূরার মধ্যে সূরা বাকারা তার বিশেষ প্রিয়। প্রতিদিনের আমলে এই সূরা রাখার চেষ্টা করেন তিনি।

আল-মুশাহিদের প্রতিবেদন প্রকাশের সময় তার বয়স ৮২ বছরের বেশি ছিল। বার্ধক্য ও উচ্চ রক্তচাপের কারণে শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। চোখের দৃষ্টিশক্তিও কিছুটা কমেছে। বয়সের প্রভাবে মুখস্থ করা কিছু আয়াত মনে করতে আগের তুলনায় সমস্যা হলেও কোরআনের সঙ্গে সম্পর্ক ধরে রেখেছেন তিনি।

মরিয়মের কোরআন মুখস্থের পুরো সময়টি কেটেছে ইয়েমেনের তায়েজে যুদ্ধ ও অবরোধের কঠিন পরিস্থিতির মধ্যে। গোলাগুলির শব্দ, বিদ্যুৎবিভ্রাট ও নানা সংকটের মধ্যেও থেমে থাকেনি তার সাধনা। বরং কোরআনের তিলাওয়াতই হয়ে উঠেছিল তার মানসিক শক্তি ও প্রশান্তির উৎস।

শারীরিক সীমাবদ্ধতা, নিরক্ষরতা ও প্রতিকূল পরিবেশ কোনো কিছুই যে দৃঢ় সংকল্পের সামনে বাধা হয়ে দাঁড়াতে পারে না, মরিয়ম আল-রুমাইমাহর জীবন তারই এক অনুপ্রেরণাদায়ক উদাহরণ।

সূত্র: আল-মুশাহিদ