বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

মতলব উত্তরে কিন্ডার গার্টেন সমিতিগুলো বৃত্তি পরীক্ষার নামে বাণিজ্যে

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩, ৮:৩১ পিএম
মতলব উত্তরে কিন্ডার গার্টেন সমিতিগুলো বৃত্তি পরীক্ষার নামে বাণিজ্যে

নতুন শিক্ষা কারিকুলাম বাস্তবায়নে ইতোমধ্যেই নির্দেশনা দিয়েছে শিক্ষা অধিদপ্তর। তা বাস্তবায়নে প্রতিটি জেলা, উপজেলা এবং সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান তৎপর হলেও মানছে না কিন্ডার গার্টেন।

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় নতুন কারিকুলাম অমান্য করেই বার্ষিক পরীক্ষা এবং বৃত্তি পরীক্ষা নেওয়ায় ব্যস্ত তারা। এতে করে আর্থিক বাণিজ্য করার সুযোগ পাচ্ছে অসাধু কিন্ডার গার্টেন ব্যবসায়ী ও নেতৃত্বদানকারী লোকেরা। আর এর ভূক্তভোগী হচ্ছে অভিভাবক ও কোমলমতি শিশুরা।

জানা গেছে, মতলব উত্তর উপজেলায় ৫/৬ টি সংগঠন আছে। তাদের প্রতিটি সংগঠনের মধ্যে রয়েছে ১০-১২ টি বা তার চেয়ে বেশি পরিমানে কিন্ডার গার্টেন স্কুল। বিভিন্ন নাম দিয়ে চলছে এই সমিতিগুলো।

মতলব উত্তর উপজেলা কিন্ডার গার্টেন সমিতি, মতলব উত্তর কিন্ডার গার্টেন সমিতি, মতলব উত্তর আইডিয়েল কিন্ডার গার্টেন এসোসিয়েশন, রেনেসাঁ কিন্ডার গার্টেন সমিতি, এমন নাম ব্যবহার করে সমিতি খুলে চলছে কিন্ডার গার্টেন স্কুলের শিক্ষা ব্যবস্থা।

Model Hospital

সরকারের সাথে টেক্কা দিতে তারা পাঠ নিচ্ছে মাত্রাতিরিক্ত। সরকারি বইয়ের বাইরেও প্রতিটি ক্লাসে রয়েছে ৪/৬ টি অতিরিক্ত বই। যা এই অল্প বয়সী শিশুদের জন্য মারাত্মক হুমকি।

উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. সফিকুল ইসলাম সরকার বলেন, এবারে সরকার নতুন শিক্ষা কারিকুলাম দিয়েছে। ওই কারিকুলাম অনুযায়ী শিক্ষা ব্যবস্থা চলবে। ইতোমধ্যেই ৫ম শ্রেণির বার্ষিক সমাপনী পরীক্ষা বাদ পড়ে গেছে। বার্ষিক বৃত্তি পরীক্ষার নামে যে পরীক্ষাটি হত, নতুন কারিকুলামের নিয়মে সেটাও হবে না। সকল ক্লাসেই শুধু মূল্যায়ন পরীক্ষা হয়েছে।

তিনি আরো বলেন, সরকারি কারিকুলামের বাইরে স্কুল চালানোর কোন সুযোগ নেই। সেটা কিন্ডার গার্টেন হোক বা অন্য কোন শিক্ষা প্রতিষ্ঠান হোক। সমাপনী বা বৃত্তি পরীক্ষা কোনটাই নিতে পারবে না। এ ব্যাপারে আমরা দ্রুত সোচ্ছার হব। কোথায় কোথায় হচ্ছে তা খুঁজে বের করে ব্যবস্থা নেয়া হবে।

কয়েকজন অভিভাবকের সাথে কথা বলে জানা গেছে, কিন্ডার গার্টেনগুলোতে গলাকাটা ফি ধরা হচ্ছে। বছরে ৪ টি পরীক্ষার কথা বলে হাতিয়ে নিচ্ছে মোটা অংকের টাকা।

যেখানে প্রাইমারী স্কুলে শুধু দুইটি পরীক্ষা হয়। অথচ কিন্ডার গার্টেন স্কুলে হচ্ছে ৪-৫ টি পরীক্ষা। প্রতিটি পরীক্ষার জন্য নেয়া হচ্ছে ২০০, ৪০০, ৬০০ টাকা হারে ফি। এছাড়াও বার্ষিক বৃত্তি পরীক্ষার নামে নেওয়া হচ্ছে শ্রেণী ভিত্তিক ফি।

নার্সারীতে ২০০, প্রথম শ্রেণিতে ৪০০ টাকা থেকে শুরু করে ১ হাজার টাকা পর্যন্ত ফি। বৃত্তি পরীক্ষা কেন্দ্র করে হয়েছে অতিরিক্ত ক্লাস ও মূল্যায়ন পরীক্ষা।

যার ফলে শিশুদের উপর অতিরিক্ত চাপ পড়েছে। এমন চাঁদাবাজি ও শিক্ষা ব্যবস্থার চাপে পড়ে দিশেহারা অভিভাবকরা।

সরকারি কারিকুলাম অমান্য করে এ ধরনের বাণিজ্য বন্ধ করতে প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছেন সচেতন অভিভাবক, সুধী সমাজ ও সচেতন জনগণ।

হাজীগঞ্জে পুকুরে মিলল আওয়ামীলীগ নেতা সাবেক ইউপি সদস্যের রক্তাক্ত মরদেহ, মাথা-পিঠে আঘাতের চিহ্ন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১:৪৯ পিএম
হাজীগঞ্জে পুকুরে মিলল আওয়ামীলীগ নেতা সাবেক ইউপি সদস্যের রক্তাক্ত মরদেহ, মাথা-পিঠে আঘাতের চিহ্ন

চাঁদপুরের হাজীগঞ্জে পুকুর থেকে দুলাল মিয়াজী (৬০) নামে সাবেক এক ইউপি সদস্যের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ নভেম্বর) সকালে উপজেলার ৪ নম্বর কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ওড়পুর নোয়াপাড়া এলাকার একটি পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত দুলাল মিয়াজী কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য এবং কার্যক্রম নিষিদ্ধ স্থানীয় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি ছিলেন।

নিহতের পরিবারের সদস্য ও ছেলে তামিমের বরাত দিয়ে জানা যায়, গ্রেপ্তার আতঙ্কে গত কয়েক দিন ধরে রাতে বাড়িতে ঘুমাতে পারতেন না দুলাল মিয়াজী। মঙ্গলবার সন্ধ্যায় মায়ের সঙ্গে শেষবারের মতো কথা বলে তিনি ঘুমাতে যান। পরদিন বুধবার সকালে বাড়ির পাশের পুকুরে তাঁর মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা।

পরিবারের দাবি, নিহতের শরীরের বিভিন্ন স্থানে, বিশেষ করে মাথা ও পিঠে গুরুতর জখম ও আঘাতের চিহ্ন রয়েছে। তবে কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

Model Hospital

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মুকুর চাকমা জানান, খবর পেয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি নিয়ে প্রাথমিক তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো সম্ভব হবে।

এদিকে, সাবেক এই ইউপি সদস্যের মৃত্যুর ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।