মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জের সড়কে প্রা’ণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তার

এস এম ইকবাল প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৭:২৫ পিএম
ফরিদগঞ্জের সড়কে প্রা’ণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তার
চাঁদপুরের ফরিদগঞ্জে দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় শংকর চন্দ্র শীল (৭০) নামে এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) দুপুরে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের নারকেল তলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শংকর চন্দ্র শীল ফরিদগঞ্জ পৌরসভার দক্ষিণ কাছিয়াড়া গ্রামের বাসিন্দা এবং তিনি তিন সন্তানের জনক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শংকর চন্দ্র শীল রূপসা উত্তর ইউনিয়নের গাব্দেরগাঁও কালীগাছ তলা এলাকায় আয়োজিত হরিনাম সংকীর্তন শুনতে যাচ্ছিলেন। তিনি অটোরিকশা যোগে এসে নারকেল তলায় নেমে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির মোটরসাইকেল তাঁকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় তিনি সড়কে ছিটকে পড়ে মারাত্মকভাবে আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে রক্তাক্ত ও আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করেন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে পথিমধ্যে তাঁর মৃত্যু হয়।
এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহত অবসরপ্রাপ্ত কর্মকর্তার পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে থানা পুলিশ দুর্ঘটনাস্থল সংক্রান্ত তথ্য সংগ্রহ করেছে।

ফরিদগঞ্জে আ.লীগের আরও ৯ নেতাকর্মী গ্রেফতার

এস এম ইকবাল প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৭:২০ পিএম
ফরিদগঞ্জে আ.লীগের আরও ৯ নেতাকর্মী গ্রেফতার
চাঁদপুরের ফরিদগঞ্জে নাশকতা বিরোধী বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের ৯ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ নিয়ে গত চার দিনে মোট ২৮ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
রোববার (৯ নভেম্বর ২০২৬) রাতে চাঁদপুর জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমানের বিশেষ নির্দেশনায় এবং ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এরশাদ উল্ল্যাহর সার্বিক পরিচালনায় উপজেলার বিভিন্ন ইউনিয়নে পৃথক পৃথক অভিযান পরিচালিত হয়। অভিযানে গ্রেফতারকৃতরা হলেন, আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের গুপ্টি পূর্ব ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান ভদ্র (৫০), পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মোঃ শহিদ উল্যা খাঁন(৫২), বালিথুবা পশ্চিম ইউনিয়নের মোঃ আজগর গাজী(৪১), রূপসা এলাকার মোঃ দেলোয়ার(৩২), পৌরসভার কাছিয়াড়া এলাকার আল-আমিন(২১), পৌরসভার কেরোয়া এলাকার মেহেদী হাসান(২৩), রূপসা উত্তর ইউনিয়নের ওমর হোসেন(২০), একই এলাকার সাইফুল ইসলাম(২৩), রূপসা উত্তর ইউনিয়নের গাব্দেরগাঁও এলাকার তৌহিদুল ইসলাম তামজিদ(২২)।
পুলিশ সূত্রে জানা যায়, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড ঠেকাতে এ অভিযান পরিচালনা করে হয়েছে। সারাদেশের ন্যায় সকল ধরনের নাশকতা ঠেকাতে এ অভিযান পরিচালনা করা হয়। পরে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে নিয়মিত মামলা দায়ের করে মঙ্গলবার(১০ নভেম্বর) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এরশাদ উল্ল্যাহ জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের গোপন নাশকতা ও অপ্রীতিকর ঘটনা ঠেকাতে আমাদের এই বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। অপরাধীদের আইনের আওতায় আনতে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সবসময় কঠোর ও সতর্ক অবস্থানে রয়েছে।
উল্লেখ্য: গতচার দিনে এই পর্যন্ত ২৮জন আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীদের গ্রেফতার করেছে পুলিশ।