বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরের স্থল রেল ও নৌপথ সতর্ক অবস্থানে

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ৬ জানুয়ারি, ২০২৪, ৮:৫২ পিএম
চাঁদপুরের স্থল রেল ও নৌপথ সতর্ক অবস্থানে

দ্বাদশ সংসদ নির্বাচনে ভোটারদের স্বাভাবিক উৎসবমুখর পরিবেশ নিশ্চিতে সতর্ক অবস্থানে রয়েছে স্থল, রেল ও নৌপথ বিভাগ সংশ্লিষ্টরা।

শনিবার (৬ জানুয়ারি) দিনব্যাপী ঘুরে ঘুরে এ সতর্কতার খবর পাওয়া যায়।

নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগ চাঁদপুরের উপপরিচালক বশির আলী বলেন, নির্বাচনকে উৎসবমুখর করতে আমরা মধ্যরাত থেকেই সব রুটের লঞ্চ চলাচল বন্ধ করব। এর মধ্যে ঢাকা চাঁদপুর রুটে ২৫টি, চাঁদপুর নারায়ণগঞ্জ রুটে ১২টি এবং ভায়া আরও ১০-১২টিসহ প্রায় অর্ধশত লঞ্চ চলাচলের সবই রাত ১২টা হতে পরদিন রাত ১২টা পর্যন্ত বন্ধ থাকবে। তবে আবহাওয়াজনিত কুয়াশা বেশি দেখলে আমরা আরও আগেই অবস্থা অনুযায়ী লঞ্চ বন্ধ করার সিদ্ধান্ত নিতে পারি।

চাঁদপুর রেলওয়ে স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার মো. সোয়াইবুল সিকদার বলেন, নির্বাচন উপলক্ষে আমাদের সাগরিকা এক্সপ্রেস ট্রেনটি রোববার বন্ধ থাকবে। অর্থাৎ চট্টগ্রাম থেকে ছেড়েও আসবে না এবং দুপুরে এখান থেকে যাওয়ার কথা সেটিও যাবে না। ৮ বগির এই ট্রেনটি ৫ শতাধিক যাত্রী ধারণক্ষমতাসম্পন্ন। তবে আন্তঃনগর মেঘনা এক্সপ্রেস ট্রেনটির চলাচল স্বাভাবিক সময়ে অব্যাহত থাকবে।

Model Hospital

চাঁদপুর জেলা শ্রমিক ফেডারেশন ইউনিয়নের সভাপতি বাবুল মিজি বলেন, নির্বাচনের দিন গণপরিবহনের আওতায় রেগুলার লাইনের বাস ও প্রাইভেট কারের ওপর নিষেধাজ্ঞা না থাকায় চাঁদপুর রুটে স্থলপথের সব চলবে। তবে সার্বিক পরিস্থিতির ওপর আমাদের নজরদারি থাকবে।

বিআইডব্লিউটিসি চাঁদপুর হরিণা ফেরিঘাটের এ জি এম (বাণিজ্য) ফয়সাল আলম চৌধুরী বলেন, নির্বাচনকে ঘিরে আমরা শুধু প্রশাসন অনুমোদিত গাড়ি পারাপারের জন্য চাঁদপুর-শরীয়তপুর রুটে ৪টি ফেরি চলাচলের জন্য প্রস্তুত রেখেছি। আবহাওয়ার কুয়াশা পরিস্থিতি বিবেচনায় ফেরি চলাচলের স্বাভাবিক সময় ব্যাহত হতে পারে।

উল্লেখ্য, চাঁদপুর জেলায় ৫টি সংসদীয় আসনে উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু ভোট উপহার দিতে ১১ হাজারেরও বেশি আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা একযোগে কাজ করছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital