সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

শিক্ষার্থীদেরকে ধর্মীয় মূল্যবোধ শেখাতে হবে : জেলা পরিষদের চেয়ারম্যান ওচমান গনি পাটওয়ারী

মাসুদ হোসেন প্রকাশিত: বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৪, ১০:০১ পিএম
শিক্ষার্থীদেরকে ধর্মীয় মূল্যবোধ শেখাতে হবে : জেলা পরিষদের চেয়ারম্যান ওচমান গনি পাটওয়ারী
চাঁদপুর শহরের নিউ ট্রাক রোডে অবস্থিত আল-আমিন মডেল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকালে মাদ্রার প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ওসমান গনি পাটোয়ারী।
এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করলে শরীর ও মন ভালো থাকে। খেলাধুলার মাধ্যমে আমাদের মানব দেহের অনেক সমস্যার সমাধানের উপায়ও হয়ে থাকে। আমাদের চাঁদপুরে ডাঃ দীপু মনি এমপি যখন শিক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন, সব সময় শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন সহ শিক্ষার মান উন্নয়নে নিরলস ভাবে কাজ করেছিলেন। নিঃসন্দেহে আমাদের বর্তমান সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনির প্রশংসার দাবিদার।
তিনি আরো বলেন, আমরা বাংলাদেশকে একটি উন্নয়নশীল দেশ হিসেবে বিশ্বের দরবারে উপহার দেওয়ার চেষ্টা করে যাচ্ছি। ২০৪১ সালের ভিশনে উন্নত রাষ্ট্র হিসেবে আমরা বিশ্ব দরবারে পৌঁছবো। তাই আজকের ছোট ছোট শিশুরাই আগামী দিনে আরো ভালো লেখাপড়ার মাধ্যমে এই দেশকে এগিয়ে নিতে জোড়ালো ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস।
প্রত্যেক শিক্ষার্থীদেরকে সু-শিক্ষার মাধ্যমে যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। আমরা শিক্ষার্থীদেরকে গতানুগতিক শিক্ষা না দিয়ে সৃজশনশীলমুখী শিক্ষা দিতে হবে। তাদেরকে নিয়মিত পাঠদানে প্রতিযোগিতার মাধ্যমে এগিয়ে নিতে হবে। এবং ধর্মীয় মূল্যবোধ শেখাতে হবে যেন এই শিক্ষার মাধ্যমে তারা তাদের বাবা-মা সহ আত্নীয় স্বজন ও সমাজের মানুষদের কে শ্রদ্ধা করে। যারা অভিভাবক আছেন সন্তানদের সবসময় নজরদারি রাখতে হবে। ছেলে-মেয়েরা যেন লাইনচ্যুত না হয় সেই দিকে লক্ষ্য রাখতে হবে।
আল- আমিন মডেল মাদ্রাসার অধ্যক্ষ আ ন ম ফখরুল ইসলাম মাসুম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি আব্দুস শুকুর মোস্তান, চাঁদপুর পৌর ১০ নং ওয়ার্ড কাউন্সিলর ইউনুস সোহেব, ১১ নং ওয়ার্ড কাউন্সিলর ইকবাল হোসেন বাবু পাটোয়ারী, অত্র মাদ্রাসার পরিচালনা কমিটির সদস্য ও দলিল লেখক এমআই মমিন খান, মোঃ মজিবুর রহমান সুমন মোস্তান, অভিভাবক সদস্য ফিরুজ আহমেদ প্রমুখ।
হিফজুল কুরআন শিক্ষা গবেষণা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাওলানা নুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চাঁদপুর হিফজুল কুরআন শিক্ষা গবেষণা ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব হাফেজ মাওলানা আসাদুজ্জামান দেওয়ান।
অতিথিদের বক্তব্যের পূর্বে মহান শিল্পী গোষ্ঠী সদস্য মোঃ জিএম ইকবাল হোসাইন ইসলামী সংগীত পরিবেশন করেন। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাদ্রাসার শিক্ষার্থী সুলতান আরেফিন।
এসময়  মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ সহ স্থানীয় এলাকার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

চাঁদপুরে আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে নিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক 

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১০:৩৫ এম
চাঁদপুরে আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে নিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক 

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা তামজিদ মৃধা

চাঁদপুরের মতলব দক্ষিণে পুলিশের অভিযানে আটক হওয়া নিষিদ্ধঘোষিত ইউনিয়ন ছাত্রলীগের সভাপতিকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদসহ ইউনিয়ন বিএনপি ও যুবদলের কয়েকজন নেতা-কর্মীর বিরুদ্ধে। এঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমসহ এলাকাজুড়ে ব্যাপক সমালোচনার ঝড় বইছে।
শনিবার (২৪ অক্টোবর) রাত ৯টার দিকে মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের আশ্বিনপুর মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
ছাড়িয়ে নেওয়া নিষিদ্ধ ছাত্রলীগের ওই নেতার নাম তামজিদ হাসান মৃধা (৩২)। তিনি মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। তামজিদ মৃধা ওই ইউনিয়নের আশ্বিনপুর গ্রামের মৃত আবদুল আউয়াল বাচ্চু মৃধার ছেলে। তার দুই ভাই বিএনপির রাজনীতির সাথে জরিত। এক ভাই তোফায়েল মৃধা উপজেলা যুবদলের সদস্য এবং আরেক ভাই আলম মৃধা ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক।
তামজিদ মৃধার বিরুদ্ধে মতলব দক্ষিণ থানায় ২০২৬ সালের ২০ সেপ্টেম্বর সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে।
​স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৪ অক্টোবর রাত ৯টার দিকে মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের আশ্বিনপুর মাদ্রাসার সামনে থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন শাখার সভাপতি তামজিদ হাসান মৃধাকে আটক করে পুলিশ। খবর পেয়ে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শরীফ পাটোয়ারী, উপজেলা যুবদলের সদস্য এবং আটক তামজিদ মৃধার বড় ভাই তোফায়েল মৃধা, আরেক ভাই ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক আলম মৃধাসহ কয়েকজন ঘটনাস্থলে উপস্থিত হন। একপর্যায়ে তাঁরা পুলিশকে চাপ দিয়ে আটক ছাত্রলীগ সভাপতিকে ছাড়িয়ে নিয়ে যান। এ ঘটনাটি প্রকাশ্যে আসার পর স্থানীয় বিএনপি নেতাকর্মীসহ এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও সমালোচনার ঝড় বইছে।
​নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বিএনপির নেতাকর্মী ও এলাকাবাসী জানান, আটক তামজিদ মৃধার কাছ থেকে মাদক উদ্ধার করা হলেও সবকিছু জেনে শুনে মোটা অঙ্কের টাকার বিনিময়ে তাঁকে ছাড়িয়ে নেন বিএনপি নেতা আবুল কালাম আজাদ। এর ফলে দলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হচ্ছে বলে অভিযোগ করেন তারা। এলাকাবাসীর দাবি, গত ৫ আগস্টের পর থেকে এই বিএনপি নেতা সরকারি গাছ বিক্রি, সরকারি চাল আত্মসাৎসহ নানা ধরনের অনিয়ম ও অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িয়ে পড়েছেন। মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ জ্যেষ্ঠ নেতৃবৃন্দের কাছে বিষয়টি নিরপেক্ষ তদন্ত করে অবিলম্বে আবুল কালাম আজাদসহ তার সহযোগীদের দল থেকে বহিষ্কারের জোর দাবি জানান তারা।
​ঘটনার বিষয়ে জানতে চাইলে মতলব দক্ষিণ থানা এসআই দেলোয়ার হোসেন জানায়, অভিযান চালানোর সময় তানজিদ মৃধাকে আটক করা হয়েছিল। পরবর্তীতে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ এসে তাঁকে নিয়ে যান। তবে তাৎক্ষণিক তামজিদ মৃধা যে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আমরা তা শনাক্ত করতে পারেনি। পরে বিষয়টি জানা গেছে সে ছাত্রলীগ নেতা।
​অভিযোগের বিষয়ে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, তামজিদ মৃধাকে ছাড়িয়ে নেওয়ার সময় আমি ছিলাম না। তার ভাই তোফায়েল মৃধা ও আলম মৃধা তাকে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নিয়েছে। আমি পরে গিয়ে জানতে পেরেছি পুলিশ তাকে ছেড়ে দিয়েছে।