মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

সাবেক মন্ত্রী দীপু মনির ভাই

টিপুর বাণিজ্যে নির্বাচিত চাঁদপুর পৌরসভার কাউন্সিলররা আত্মগোপনে

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪, ৭:৫৬ পিএম
টিপুর বাণিজ্যে নির্বাচিত চাঁদপুর পৌরসভার কাউন্সিলররা আত্মগোপনে

শেখ হাসিনা পদত্যাগ করে গত ৫ আগস্ট ভারতে পলায়ন করার পর থেকে আত্মগোপনে রয়েছেন চাঁদপুর পৌরসভার সাবেক মেয়রসহ ২০ কাউন্সিলর। গা ঢাকা দেওয়া এ সব কাউন্সিলর ও অপসারিত মেয়র জিল্লুর রহমান জুয়েল সাবেক মন্ত্রী দীপু মনি ও তার ভাই টিপুর আশীর্বাদপুষ্ট। দীপু মনি ও টিপুর কোটি কোটি টাকার মনোনয়ন বাণিজ্যে তারা এক দলীয় ভোটে মেয়র, কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন। আত্মগোপনে থাকা অধিকাংশ কাউন্সিলরই এখন নাশকতাসহ ছাত্র জনতার ওপর হামলার ঘটনায় একাধিক মামলার আসামী।

মেয়র ও কাউন্সিলরের মধ্যে সবাই সরকার পতনের সঙ্গে সঙ্গে গা ঢাকা দিয়ে চলে যান আত্মগোনে। পৌরসভার ১৫টি ওয়ার্ডের ২০জন কাউন্সিলর গা ঢাকা দেওয়ায় কিছুটা স্থবির হয়ে পড়ে ওয়ার্ডের নাগরিক সেবা। এসব কাউন্সিলররা কেউ অফিসে আসেন না আটক ও জনরোষের ভয়ে। তবে দু একজন মহিলা কাউন্সিলর গোপনে এসে কিছু কাজ করছেন বলে সূত্রে জানা গেছে। আত্মগোপনে থাকা অধিকাংশ কাউন্সিলর নাশকতা ও বৈষম্য বিরোধী ছাত্র জনতার ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলার আসামী।

চাঁদপুর পৌরসভার ১৫ জন পুরুষ কাউন্সিলর ও ৫ জন মহিলা কাউন্সিলরের সবাই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। তারা সাবেক মন্ত্রী দীপু মনির অনুসারী। অভিযোগ রয়েছে, তাদেরকে দলীয়ভাবে মনোনীত ও নির্বাচিত করার জন্যে দীপু মনির ভাই জেআর ওয়াদুদ টিপু কোটি কোটি টাকার মনোনয়ন বাণিজ্য করেছিলেন। বঞ্চিত হয়েছিলেন আওয়ামী লীগের অনেক ত্যাগি নেতা। আর এ কারনেই জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাধারন সম্পাদকের সমর্থিত কোন প্রার্থীকে একদলীয় ঐ নির্বাচনে বিজয়ী হওয়ার সুযোগ দেয়া হয়নি।

দীপু মনি ও টিপুর আশীর্বাদপুষ্ট সাবেক ছাত্রলীগ নেতা মেয়র জুয়েল অপসারণের পর চাঁদপুর পৌরসভার প্রশাসক হিসেবে নিয়োগ পান একরামুল সিদ্দিক। তিনি চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের এডিসি, এডমিন ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক। গত ১৯ আগস্ট স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে চাঁদপুর পৌর সভার প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরদিন অর্থাৎ ২০ আগস্ট নতুন প্রশাসকের সভাপতিত্বে চাঁদপুর পৌরসভায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় চাঁদপুর পৌরসভার ১৫ জন সাধারণ ওয়ার্ড কাউন্সিলর ও ৫ জন সংরক্ষিত নারীসহ ২০কাউন্সিলরই অনুপস্থিত ছিলেন।

Model Hospital

পৌরসভার সচিব আবুল কালাম ভুইয়া জানান, আত্মগোপনে থাকা কাউন্সিলরদের ওয়ার্ডে ট্রেড লাইসেন্স, নাগরিক সনদ, জন্মনিবন্ধন ও মৃত্যুসনদসহ যাবতীয় নাগরিক সেবায় ভোগান্তি নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। যেহেতু এ সব সেবাগুলো অনলাইন ভিত্তিক, তাই পলাতক কাউন্সিলরদের মোবাইল ফোনে মেসেজ যায়। তারা রেসপন্স না করলে সংশ্লিষ্ট ওয়ার্ডের মহিলা কাউন্সিলরদের মাধ্যমে অ্যাপ্রুভাল নিয়ে সেবা প্রদান অব্যাহত রয়েছে।

পৌরসভার নির্বাহী প্রকৌশলী শামছুদ্দোহা জানান, শহরে পানিবদ্ধতা নিরসন, ভেঙ্গে যাওয়া সড়ক সংস্কারসহ আনুসঙ্গিক কাজগুলো তাৎক্ষনিক সমাধান করা হচ্ছে। সেই সাথে কাউন্সিলদের অনুপস্থিতিতে স্থবির হয়ে পড়া উন্নয়নমূলক কাজ সম্পন্ন করার লক্ষ্যে পৌর সভার প্রশাসক স্যারের নির্দেশে অগ্রগতি চলমান। প্রজেক্ট তৈরী করে মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। অনুমোদন এলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

চাঁদপুর পৌরসভার প্রশাসক একরামুল সিদ্দিক বলেন, নাগরিক সেবায় ভোগান্তি নিরসনে অনুপস্থিত কাউন্সিলরদের পরিবর্তে বিধিমোতাবেক ব্যবস্থা নেয়া হয়েছে। এছাড়া পৌরসভার সকল নাগরিক সেবা কার্যক্রম অব্যাহত আছে।

এদিকে আত্মগোপনে থাকা কাউন্সিলরদের বিরুদ্ধে হত্যা চেস্টা, অগ্নিসংযোগ, লুটপাটের ঘটনায় এখন পর্যন্ত মোট ২/৩টি মামলা করা হয়েছে। ঐ সব কাউন্সিলরদের মোবাইল ফোন বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি।

লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১১:১৬ পিএম
লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি : প্রধানমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর আগে সরকারদলীয় এমপিদের সভায় শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গটি সংক্ষেপে আলোচনা হয়েছে বলে জানা গেছে। এ সময় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি।

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। আজ সোমবার জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের সভায় এই আলোচনা হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর আগে সরকারদলীয় সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

সভার সূত্রগুলো বলছে, শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গটি সভায় সংক্ষেপে আলোচনায় আসে। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে। এ ক্ষেত্রে বিধি, আইন ও প্রচলিত প্রথা অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার।

Model Hospital

সভায় দলীয় সংসদ সদস্যদের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি, রাজপথে আমাদের থাকতে হবে, রাজপথেই সব ষড়যন্ত্রের মোকাবেলা করতে হবে।

আজ সোমবার রয়টার্স এক প্রতিবেদনে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যু করার অনুরোধ জানিয়ে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে চিঠি দিয়েছেন তার আইনজীবী। যুক্তরাজ্যভিত্তিক আইনজীবী স্টিভেন পাওলস কেসি সোমবার (৯ নভেম্বর) ভারতের নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে এ চিঠি পাঠান।

বিষয়টি নিয়ে আজ সোমবার কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ফিরে পেতে দিল্লি হাইকমিশনে আবেদন করেছেন—এমন খবরের সত্যতা এখনো যাচাই করা হয়নি।

বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় খতিয়ে দেখছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আবেদন করার আইনগত ভিত্তি ও তার আবেদন করার অধিকার আছে কি না, তা সংশ্লিষ্ট আইন পর্যালোচনা করে দেখা হবে।

এদিকে পলাতক অপরাধীদের ক্ষেত্রে কোনো সাধারণ পাসপোর্টের আবেদন কার্যকর হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, ‘আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ায় বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেয় না।’