সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

চাঁদপুর তিন নদীর মোহনাকে পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার আহ্বান ডিসির

প্রিয় চাঁদপুর ডেস্ক প্রকাশিত: বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪, ১:২২ পিএম
চাঁদপুর তিন নদীর মোহনাকে পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার আহ্বান ডিসির

চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেছেন, চাঁদপুর তিন নদীর মোহনা বড় স্টেশনকে কেন্দ্র করে যদি কোনো পর্যটন নগরী গড়ে ওঠে সেক্ষেত্রে পর্যটকরা চাঁদপুরের ঐতিহ্য স্মৃতি হিসেবে ধরে রাখতে পারবে। আসুন সবাই মিলে এ কাজটি শুরু করি।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুর শহরের পুরান বাজারের চাঁদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভবন কার্যালয়ে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জেলা প্রশাসক বলেন, চাঁদপুর নদীবন্দর। একসময় যে কয়টা বাণিজ্যিক শহর ছিল তার মধ্যে চাঁদপুর একটি। অন্য শহর শিল্পনগরী হতে পারলে এখানে কেন হবে না। এক্ষেত্রে আপনাদের কিছুটা ঘাটতি রয়েছে। চাঁদপুরে বড় বিনিয়োগ করার জন্য উদ্যোক্তা নেই। চাঁদপুরে ইলিশ রপ্তানি নিয়ে হলেও একটি ইন্ডাস্ট্রি হতে পারত। চাঁদপুর ইলিশের প্রজনন ক্ষেত্র হওয়া সত্ত্বেও কোনো বড় রকমের ইন্ডাস্ট্রি হয়নি। এক্ষেত্রে আপনাদের মতো ব্যবসায়ীদের উদ্যোগ গ্রহণ করতে হবে।

ব্যবসায়ীদের উদ্দেশে মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে প্রত্যেককে স্লিপ বা রশিদ দিতে হবে। এক্ষেত্রে কোনো অজুহাত চলবে না। আমাদের প্রবণতা হয়েছে কত তাড়াতাড়ি বড় লোক হব। এটা আইন দিয়ে প্রতিরোধ করা সম্ভব নয়। আগে আপনি নিজে দায়িত্ববান হন। আপনার নিরাপত্তা দিতে পারবে আপনার সততা ও কর্ম। আপনাদের আমরা পরামর্শ ও মনিটরিং করতে আসব। আমরা আপনাদের প্রতি কোনো অন্যায় করব না। আপনি সৎ ও দায়িত্ববান হবেন। আমরা একটা ভালো বাজার চাই। যেখানে কোনো মনিটরিং করার প্রয়োজন হবে না।

Model Hospital

জেলা প্রশাসক বলেন, নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্য অকারণে বেড়ে যাচ্ছে। অন্য জেলায় অন্য ব্যবসায়ী মূল্য বাড়াচ্ছে বলে এখানের এক ব্যবসায়ী মূল্য বাড়িয়ে দিচ্ছেন। এ ধরনের মন-মানসিকতা দূর করতে হবে। আপনার ক্রয়কৃত পণ্যের মূল্য বেশি না হলে আপনি পণ্যের মূল্য বাড়াতে পারবেন না। আমাদের বদলে যেতে হবে। তবেই বাংলাদেশ বদলে যাবে।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব বলেন, ইতোমধ্যে যেসব সভা হয়েছে, প্রায় সবগুলোতে যানজটের কথা উঠে এসেছে। ইতোমধ্যে আমরা ট্রাফিক আইন প্রয়োগ শুরু করেছি। আপনাদের সহযোগিতা পেলে আমরা সফলতার দিকে এগিয়ে যাব। প্রায় সব শহরে একটা নিয়ম আছে, মালবাহী ট্রাকগুলো নির্দিষ্ট সময়ের পর শহরে প্রবেশ করতে পারে। এক্ষেত্রে আপনাদের সার্বিক সহযোগিতা লাগবে।

তিনি আরও বলেন, আপনারা অনেক আন্তরিক। এখানে যেসব সমস্যা রয়েছে, সেসব সমস্যা আপনাদের সহযোগিতা নিয়ে আমরা সমাধান করব।

সভায় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ সভাপতি সুভাষ চন্দ্র রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন।

চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ সভাপতি তমাল কুমার ঘোষের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক সালাউদ্দিন মোহাম্মদ বাবর, নাজমুল আলম পাটওয়ারীসহ ব্যবসায়ী নেতারা।

:: ঢাকা পোস্ট

লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১১:১৬ পিএম
লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি : প্রধানমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর আগে সরকারদলীয় এমপিদের সভায় শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গটি সংক্ষেপে আলোচনা হয়েছে বলে জানা গেছে। এ সময় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি।

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। আজ সোমবার জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের সভায় এই আলোচনা হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর আগে সরকারদলীয় সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

সভার সূত্রগুলো বলছে, শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গটি সভায় সংক্ষেপে আলোচনায় আসে। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে। এ ক্ষেত্রে বিধি, আইন ও প্রচলিত প্রথা অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার।

Model Hospital

সভায় দলীয় সংসদ সদস্যদের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি, রাজপথে আমাদের থাকতে হবে, রাজপথেই সব ষড়যন্ত্রের মোকাবেলা করতে হবে।

আজ সোমবার রয়টার্স এক প্রতিবেদনে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যু করার অনুরোধ জানিয়ে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে চিঠি দিয়েছেন তার আইনজীবী। যুক্তরাজ্যভিত্তিক আইনজীবী স্টিভেন পাওলস কেসি সোমবার (৯ নভেম্বর) ভারতের নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে এ চিঠি পাঠান।

বিষয়টি নিয়ে আজ সোমবার কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ফিরে পেতে দিল্লি হাইকমিশনে আবেদন করেছেন—এমন খবরের সত্যতা এখনো যাচাই করা হয়নি।

বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় খতিয়ে দেখছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আবেদন করার আইনগত ভিত্তি ও তার আবেদন করার অধিকার আছে কি না, তা সংশ্লিষ্ট আইন পর্যালোচনা করে দেখা হবে।

এদিকে পলাতক অপরাধীদের ক্ষেত্রে কোনো সাধারণ পাসপোর্টের আবেদন কার্যকর হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, ‘আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ায় বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেয় না।’