রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

একদফা দাবিতে ফের চাঁদপুরে নার্সদের ৪ ঘণ্টা কর্মবিরতি

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪, ৩:৫১ পিএম
একদফা দাবিতে ফের চাঁদপুরে নার্সদের ৪ ঘণ্টা কর্মবিরতি

একদফা দাবিতে জরুরী সেবা চালু রেখে ফের চাঁদপুরে নার্সরা ৪ ঘণ্টা কর্মবিরতি পালন করেন।

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালক ও পরিচালক এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্ট্রার পদ হতে প্রশাসন ক্যাডারদের অপসারন পূর্বক পদগুলোতে উচ্চশিক্ষিত, দক্ষ ও যোগ্য নার্স কর্মকর্তাদের পদোন্নতির মাধ্যমে পদায়নের ১ দফা দাবিতে ফের কর্মবিরতি শুরু করেছেন নার্সরা।

মঙ্গলবার (৮ অক্টোবর) চাঁদপুর সদর হাসপাতালের সকল নার্স জরুরী সেবা চালু রেখে সকাল ৯ টা থেকে দুপুর ১ ট পর্যন্ত ৪ ঘন্টার কর্মবিরতি পালন করেন চাঁদপুরে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ।

কর্মবিরতিতে বক্তারা বলেন, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক এবং কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্ট্রার পদে যোগ্য ও অভিজ্ঞ নার্সদের পদায়নের দাবিতে গত ৯ সেপ্টেম্বর থেকে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ। পরে স্বাস্থ্য উপদেষ্টা দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে ১ অক্টোবর সন্ধ্যায় কর্মসূচি স্থগিত করা হয়।

কিন্তু ৬ অক্টোবর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সাময়িকভাবে দুজন নার্সিং কর্মকর্তাকে অধিদপ্তরের পরিচালক পদে পূর্ণ দায়িত্ব না দিয়ে, নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্বে পদায়ন করে। এ কারণে ফের কর্মবিরতির ডাক দেয় নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ। সকল স্তরের নার্সরা এই প্রজ্ঞাপন ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। নার্স সমাজ যথেষ্ট ধৈর্যশীলতার পরিচয় দিয়ে আসছে। আমাদের দাবি ছিল-নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল থেকে ক্যাডার কর্মকর্তাদের প্রত্যাহার এবং অতিরিক্ত দায়িত্ব না দিয়ে পূর্ণ দায়িত্ব দিতে হবে।

Model Hospital

পূর্ণাঙ্গ দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কঠোর কর্মসূচি দেওয়া হবে।’

এসময় উপস্থিত ছিলেন, নার্সিং ইন্সট্রাক্টর ইনচার্জ জয়নব বেগম, নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের আহবায়ক নাসরিন সুলতানা, সদস্য সচিব খাদিজা বেগম, নার্সিং সুপারভাইজার মাকসুদা বেগম, নার্সিং ইন্সট্রাক্টর সাহানারা আক্তার, মুক্তা বেগম, লাইলী আক্তার, রুহুল বাশার, মাহবুব হাসান, নার্সিং কর্মকতা ইউসুফ ভূঁইয়া, সবুজ হোসেন, শামীমা আক্তার, নার্সিং স্টুডেন্ট মোঃ মাহবুব হোসেন, শান্তসহ, চাঁদপুর সদর হাসপাতালের কর্মরত সকল নার্সরা।

১২৯ বছরের জীবনের অবসান! মতলবের প্রবীণ বারেক বেপারীর বিদায়, বয়স নিয়ে চাঞ্চল্য

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১১:১৬ পিএম
১২৯ বছরের জীবনের অবসান! মতলবের প্রবীণ বারেক বেপারীর বিদায়, বয়স নিয়ে চাঞ্চল্য

দীর্ঘ ১২৯ বছরের জীবনের অবসান। পৃথিবীর আলো-বাতাসে এক শতাব্দীরও বেশি সময় কাটিয়ে না ফেরার দেশে চলে গেলেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মুদাফর গ্রামের প্রবীণ ব্যক্তি বারেক বেপারী। স্থানীয়দের দাবি, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১২৯ বছর। তাঁর দীর্ঘায়ু নিয়ে এলাকায় রয়েছে নানা আলোচনা ও কৌতূহল।

রোববার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীতে মেয়ের বাসায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুর খবরে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

বারেক বেপারী মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের মুদাফর গ্রামের মৃত লতিফ বেপারীর ছেলে। মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

রোববার বাদ আসর মুদাফর ঈদগাহ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজায় ইমামতি করেন তাঁর দৌহিত্র হাফেজ মো. হাফিজ উদ্দিন।

Model Hospital

১২৯ বছরের জীবন, স্থানীয়দের মুখে দীর্ঘায়ুর গল্প

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বারেক বেপারী প্রায় ১২৯ বছর বয়স পর্যন্ত বেঁচে ছিলেন। তাঁদের দাবি, এত দীর্ঘ জীবন পাওয়ায় তিনি ছিলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তিদের একজন। তবে তাঁর বয়সের পক্ষে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও যাচাইকৃত কোনো নথির তথ্য পাওয়া যায়নি। ফলে ১২৯ বছর বয়সের বিষয়টি স্থানীয়দের দাবি হিসেবেই বিবেচিত হচ্ছে।

মানবজীবনে শতবর্ষ পেরিয়ে বেঁচে থাকা অত্যন্ত বিরল ঘটনা। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, ফ্রান্সের জ্যাঁ লুইস কালমঁ ১২২ বছর ১৬৪ দিন বেঁচে ছিলেন, যা কোনো মানুষের সর্বোচ্চ যাচাইকৃত আয়ু হিসেবে স্বীকৃত।

বারেক বেপারীর জীবনও স্থানীয়দের কাছে দীর্ঘায়ুর এক বিস্ময়কর গল্প হয়ে থাকবে। এক শতাব্দীরও বেশি সময়ের জীবনের অবসান ঘটিয়ে তিনি চলে গেলেন চিরবিদায়ের পথে। রেখে গেলেন অসংখ্য স্মৃতি, স্বজনদের ভালোবাসা আর দীর্ঘ জীবনের নানা গল্প।

দীর্ঘ জীবনের পথচলা থেমে গেল, কিন্তু স্মৃতিতে বেঁচে থাকবেন বারেক বেপারী।

তাঁর মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। মহান আল্লাহ তাঁকে ক্ষমা করুন, তাঁর কবরকে প্রশস্ত করুন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।