রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

ভাবিকে ‘ফাঁকি’ দিয়ে বিয়ে করতে গিয়ে জরিমানা গুনলেন দেবর

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৩১ জানুয়ারি, ২০২২, ২:২৭ পিএম
ভাবিকে ‘ফাঁকি’ দিয়ে বিয়ে করতে গিয়ে জরিমানা গুনলেন দেবর

পাবনার সাঁথিয়ায় আলোচিত দেবর-ভাবির বিষয়ে এখনো কোনো সমাধান হয়নি। দেবর ইব্রাহিম শুক্রবার (২৮ জানুয়ারি) অন্যত্র বিয়ে করতে গেলে ভাবি সেখানে উপস্থিত হয়ে সব ঘটনা খুলে বলেন। এতে পাত্রীপক্ষ বিয়ে তো দেয়ইনি উপরন্তু ইব্রাহিমকে বিয়ে বাড়ির খাবার বাবদ ৩০ হাজার টাকা জরিমানা করেছে। বরযাত্রীদের ফিরতে হয়েছে না খেয়ে।

এ ঘটনায় শনিবার (২৯ জানুয়ারি) ওই নারীকে তার শাশুড়ি বাড়ি থেকে বের করে দিয়েছেন। বুধবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা থেকে দেবর ইব্রাহিমকে বিয়ের দাবিতে তার ঘরে অনশনে ছিলেন তিনি।

ওই নারীর দাবি, বিয়ের পর থেকেই গত ১৫ বছর ধরে দেবরের সঙ্গে তার সম্পর্ক চলছে। সাঁথিয়া উপজেলার করমজা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আফড়া হিন্দুপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। ইব্রাহিম ওই গ্রামের মৃত মোকারম শেখের ছেলে।

স্থানীয়রা জানান, গত ২৫ জানুয়ারি ইব্রাহিমের পরিবার গোপনে তার বিয়ে ঠিক করে। শুক্রবার (২৮ জানুয়ারি) ইব্রাহিমের বিয়ের দিন ধার্য হয়। এ খবর পেয়ে বিয়ের দাবিতে ২৬ জানুয়রি থেকে দেবরের ঘরে অনশনে বসেন তার ভাবি। এরপর বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়।

Model Hospital

তারপরও ইব্রাহিম কয়েকজন বরযাত্রী নিয়ে গোপনে বিয়ে করতে যান। এরই মধ্যে তার ভাবি সেখানে উপস্থিত হয়ে তাদের সম্পর্কের কথা সবাইকে নিজ মুখে জানান। পাত্রীপক্ষ ইব্রাহিমের সঙ্গে মেয়ের বিয়ে দিতে অস্বীকার করে। তারা তাৎক্ষণিক সালিশি বৈঠকে বসে বিয়ে বাড়িতে সব আয়োজনের খরচ বাবদ ৩০ হাজার টাকা ইব্রাহিমের কাছ থেকে আদায় করে। ইব্রাহিমের সঙ্গে যাওয়া বরযাত্রীদেরও না খেয়ে ফিরে আসতে হয়।

অনশনরত নারী জানান, তিনি তিনদিন ধরে দেবরের ঘরে বিয়ের দাবিতে না খেয়ে বসেছিলেন। কিন্তু শনিবার (২৯ জানুয়ারি) তার শাশুড়ি তাকে ঘর থেকে বের করে দিয়ে ঘরে তালা লাগিয়ে দিয়েছেন। এখন তিনি পাশের এক বাড়িতে আশ্রয় নিয়েছেন বলে জানান।

তিনি জানান, এলাকার চেয়ারম্যান-মেম্বারদের কাছে বিচার দিয়েছেন। সমাধান না হলে তিনি আইনের আশ্রয় নেবেন।

তিনি অভিযোগ করে আরও বলেন, তার সঙ্গে যদি ইব্রাহিমের সম্পর্ক না থাকে তাহলে কেন সে বাড়ি থেকে পালিয়ে গেছে? তিনি নায্যবিচার দাবি করেছেন।

অভিযুক্ত দেবর ইব্রাহিম বলেন, ভাবির সঙ্গে তার কোনো রকম প্রেমের সম্পর্ক নেই। তার ভাবি এর আগেও তার তিনটি বিয়ে ভেঙে দিয়েছেন। তিনিও এলাকার গণ্যমান্যদের কাছে বিচার চেয়েছেন।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য আবু দায়েন কালু জানান, এ বিষয়ে দু’পক্ষই মৌখিকভাবে বিচার চেয়েছেন। ইউনিয়ন পরিষদে তাদের ডেকে খুব শিগগির একটা সমাধান করার চেষ্টা করা হবে।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম শনিবার রাতে জানান, বিষয়টি তিনি লোকমুখে ও পত্র-পত্রিকার মাধ্যমে জেনেছেন। তবে তার কাছে কেউ কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

‘ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, কুমিল্লায় ইতিহাস গড়া হবে’ ওলামা মাশায়েখ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ১২:৩৭ এম
‘ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, কুমিল্লায় ইতিহাস গড়া হবে’ ওলামা মাশায়েখ

কুমিল্লা টাউন হলে আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের যুগ্ম মহাসচিব আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, পীরে তরিকত আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী, আল্লামা আনম মাসউদ হোসাইন আল-কাদেরী ও সাংগঠনিক সচিব পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরী।

আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতাদর্শ ভিত্তিক কুমিল্লার সকল দরবার ও খানেকার প্রতিনিধি, সংগঠনের নেতৃবৃন্দ এবং পীর মাশায়েখ ও ওলামায়ে কেরামের সাথে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর ২০২৬) সকালে ঐতিহ্যবাহী কুমিল্লা টাউন হলের মুক্তিযোদ্ধা কর্নারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কো-চেয়ারম্যান পীরে তরিকত শায়খ আবু সুফিয়ান আবেদী আল-কাদেরী।

গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের যুগ্ম মহাসচিব বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, পীরে তরিকত আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী ও আল্লামা আ ন ম মাসউদ হোসাইন আল-কাদেরী, কো-চেয়ারম্যান পীরে তরিকত মুফতি কাজী মোহাম্মদ মহিউদ্দিন লতিফি, প্রেসিডিয়াম সদস্য পীরে তরিকত মুফতি এসএম সাকিউল কাউসার, সাংগঠনিক সম্পাদক পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরী, ঐতিহ্যবাহী কুমিল্লা শাহপুর দরবার শরীফের পীর সাহেব শাহজাদা শেখ গোলাম আব্দুল কাদের কাওকাব, কুমিল্লা কেন্দ্রীয় মসজিদ ও ঈদগাহর খতিব, কুমিল্লা ইসলামিয়া আলিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক হাফেজ মাওলানা মুফতি ইব্রাহিম আল-কাদেরী, বখশিয়া দরবার শরীফের পীর সাহেব কুতুবউদ্দিন বখশী শাহেদী, কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য মাওলানা এএইচএম আহসান উল্লাহ, পীরে তরিকত মাওলানা মুফতি মহিউদ্দিন সুফি, এস একে এম মোস্তাফিজুর রহমান, মাওলানা সোহরাব হোসেন জালালী প্রমুখ। পরিচালনা করেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা সাদেকুর রহমান খান ও বিশিষ্ট যুব নেতা জাবের হোসাইন।

এই মতবিনিময় সভায় কুমিল্লার সকল তরিকতপন্থী দরবারের পীর সাহেব এবং খানেকার প্রতিনিধি, আহলে সুন্নাতের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্বতঃস্ফূর্ত এই মতবিনিময় সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, আজকের এই মতবিনিময় সভায় ব্যাপক উপস্থিতি কুমিল্লা আহলে সুন্নাত ওয়াল জামাআতের জন্য একটা মাইলফলক হয়ে থাকবে।

Model Hospital

আজকে ইতিহাস হয়ে গেলো। আজকের উপস্থিতি প্রমাণ করে কুমিল্লা মহানগর এবং জেলায় আহলে সুন্নাত ওয়াল জামাআত ইতিহাস সৃষ্টি করবে। নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে এখনও যে কয়জন বিচ্ছিন্নভাবে আছেন, তাঁদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে কিছু করার সুযোগ নেই। কেন্দ্রীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেহ কিছু করলে তা গ্রহণযোগ্য হবে না। তারা বিচ্ছিন্ন হিসেবেই থাকবে।

নেতৃবৃন্দ সহসা বিশাল আয়োজনে স্মরণকালের সেরা কাউন্সিল অধিবেশনের মাধ্যমে কুমিল্লা মহানগর এবং জেলা আহলে সুন্নাত ওয়াল জামাআতের শক্তিশালী কমিটি গঠন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সবশেষে মিলাদ কিয়াম ও তবররুক বিতরণের মধ্য দিয়ে মতবিনিময় সভা শেষ হয়।