শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে

কলেজে যাবেন সভাপতি এমন খবর শুনে পালালেন অধ্যক্ষ

এস. এম ইকবাল প্রকাশিত: বুধবার, ৭ মে, ২০২৫, ৭:৪৬ পিএম
কলেজে যাবেন সভাপতি এমন খবর শুনে পালালেন অধ্যক্ষ

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজে নবনিযুক্ত এডহক কমিটির সভাপতি ও চাঁদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশিদের কলেজ পরিদর্শনের খবরে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গৌরি রানী সাহার আচমকা কলেজ ত্যাগ ঘিরে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। বুধবার (৭মে) ঘটনাটি ঘটে।

কলেজ সূত্রে জানা যায়, সভাপতি কলেজে পৌঁছানোর মাত্র ১০ মিনিট আগে অধ্যক্ষ গৌরি রানী সাহা কলেজ থেকে বেরিয়ে যান। পরে নবনিযুক্ত সভাপতি শিক্ষক মিলনায়তনে এক পরিচিতি সভা করেন, যেখানে অধ্যক্ষ অনুপস্থিত ছিলেন। এ সময় তিনি একাধিকবার অধ্যক্ষের ব্যক্তিগত নম্বরে ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক মো. আব্দুল হাই সিদ্দিক সরকারের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের (স্মারক নং- ওঘঝঙ২-৩/০০১০৬/২০১৬/৩৯১৫/৬৭৩৮) মাধ্যমে গত ২৪ এপ্রিল সাবেক সভাপতি ডা. আনোয়ার হকের স্থলাভিষিক্ত হয়ে লায়ন মো. হারুনুর রশিদকে কলেজের এডহক কমিটির সভাপতি করা হয়।

এ বিষয়ে কলেজ টিচার্স কাউন্সিলের সেক্রেটারি দেলোয়ার হোসেন জানান, “নতুন সভাপতি নিয়োগের বিষয়ে আমরা কিছুই জানতাম না। অধ্যক্ষও আমাদের কিছু জানাননি। তিনি জরুরি কাজের কথা বলে কিছুক্ষণ আগে বের হয়ে গেছেন বলে শুনেছি।”

Model Hospital

স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন খান বলেন, “লায়ন মো. হারুনুর রশিদ আজ কলেজে এসেছেন কলেজের সভাপতি হিসেবে, রাজনৈতিক নেতা হিসেবে নয়। অথচ অধ্যক্ষ তার আগমনের খবরে কলেজ থেকে পালিয়ে গেছেন, যা দুঃখজনক।”

নবনিযুক্ত সভাপতি লায়ন মো. হারুনুর রশিদ বলেন, “আমি গত ২৪ এপ্রিল চিঠি পেয়েছি এবং এতদিনে কলেজ কর্তৃপক্ষেরও তা পাওয়ার কথা। কিন্তু আজ এসে দেখি কেউ কিছুই জানে না। অধ্যক্ষের এমন আচরণ দায়িত্বহীনতা ছাড়া কিছু নয়।”

এ ঘটনায় কলেজে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং প্রশাসনিক অঙ্গনে প্রশ্ন উঠেছে অধ্যক্ষের আচরণ নিয়ে।

চাঁদপুরে লঞ্চ থেকে নামার সময় নদীতে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ আটক ২

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
চাঁদপুরে লঞ্চ থেকে নামার সময় নদীতে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ আটক ২

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল লঞ্চ টার্মিনালে লঞ্চ থেকে ঘাটে নামার সময় মেঘনা নদীতে পড়ে এক যুবক নিখোঁজ হয়েছেন। তার বয়স আনুমানিক ৩০ বছর। তবে এখন পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় মুকবিল-২ লঞ্চ ও লঞ্চের ২জন স্টাফকে আটক করা হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ষাটনল লঞ্চঘাটে এ ঘটনা ঘটে। নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরগামী মুকবিল-২ লঞ্চ থেকে নামার সময় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরগামী মুকবিল-২ লঞ্চটি ষাটনল লঞ্চঘাটে যাত্রী নামাচ্ছিল। এ সময় ওই যুবক লঞ্চ থেকে নামার পর নিজের ব্যাগ লঞ্চে রেখে যাওয়ার কথা মনে পড়ে আবার লঞ্চে ওঠেন। পরে তিনি ফের লঞ্চ থেকে নামার সময় লঞ্চটি পেছনের দিকে চালিয়ে দেওয়া হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এ সময় ঘাটে লাফ দিয়ে নামার চেষ্টা করলে তিনি মেঘনা নদীতে পড়ে নিখোঁজ হন।

ঘটনার পর মুকবিল-২ লঞ্চ দ্রুত সেখান থেকে মোহনপুর লঞ্চঘাটের দিকে চলে যায়। পরে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা লঞ্চটি এবং ২জন স্টাফকে আটক করেন বলে জানিয়েছেন ফাঁড়ির ইনচার্জ মো. রুহুল আমিন।

Model Hospital

স্থানীয় সৈকত নামের একজন বলেন, লঞ্চ চালকদের ভুলের কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে তারা মনে করছেন। ষাটনল লঞ্চঘাটে আগে এমন ঘটনা ঘটেনি উল্লেখ করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। এদিকে লঞ্চযাত্রীরাও যাত্রী ওঠানামার সময় নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

ষাটনল লঞ্চঘাটের ইজারাদার মো. ইমন জানান, ঘটনার পরপরই বিষয়টি সংশ্লিষ্টদের জানানো হয়েছে এবং নিখোঁজ যুবকের সন্ধানে উদ্ধার তৎপরতা চলছে।

বেলতলী নৌ পুলিশের ইনচার্জ মোজাম্মেল হক পিপিএম জানান, নিখোঁজ যুবকের সন্ধানে নৌ পুলিশ ও স্থানীয়দের সহায়তায় নদীতে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। তবে এখনো নিখোঁজ ব্যক্তির কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ যুবকের সন্ধানে বেলতলী নৌ পুলিশ, মোহনপুর নৌ পুলিশ ও মতলব উত্তর থানা পুলিশের সদস্যরাও স্থানীয়দের সহায়তায় নদীতে তৎপরতা চালাচ্ছেন।

এদিকে দুর্ঘটনা প্রায় ৩ ঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএ’র ডুবুরি দল। জানা যায়, বৈরী আবহাওয়ার কারণে সড়কপথে তাদের ঘটনাস্থলে আসতে দেরি হয়েছে।

ঘটনাস্থলে পৌঁছতে দেরী হওয়ার বিষয়ে চাঁদপুর নদী ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. রাকিবুল ইসলাম বলেন, সকাল ১১টা ৪৫ মিনিটে ষাটনল লঞ্চঘাটে একজন যাত্রী নদীতে পড়ে যাওয়ার খবর পান তারা। আবহাওয়া প্রতিকূল থাকায় সড়কপথে ঘটনাস্থলে এসে পরিস্থিতি অনুকূলে আসার পর ডুবুরি দলকে দিয়ে উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। বিআইডব্লিউটিএর ডুবুরি দলও একই সঙ্গে উদ্ধার কাজে অংশ নিয়েছে।

চাঁদপুর বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক সঞ্জয় দেবনাথ বলেন, খবর পাওয়ার পর চাঁদপুর থেকে ডুবুরি দল নিয়ে দ্রুত ঘটনাস্থলে আসা হয়েছে।ঘটনাস্থলে ৪ জন ডুবুরি দিয়ে তল্লাশি চালানো হচ্ছে নদীতে স্রোত থাকায় ঘটনাস্থলে না পাওয়া গেলে ভাটির দিকে তল্লাশি চালানো হবে। আবহাওয়া অনুকূলে থাকলে সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান চালানোর কথাও জানান তিনি।

এ বিষয়ে কথা হলে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি জানান, বিষয়টি জানার পরপরই নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিটের সঙ্গে কথা বলি। নিখোঁজ যুবকের সন্ধানে প্রয়োজনীয় উদ্ধার তৎপরতা চালানোর জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।