হাজীগঞ্জে পুকুরে ডুবে ২২ মাস বয়সী শিশুর মৃত্যু
প্রতীকী ছবি
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার কালচোঁ ইউনিয়নে পুকুরে ডুবে মো. মুনতাসির (২২ মাস) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ আগস্ট) দুপুর আনুমানিক ১২টা ৪৫ মিনিটে এ ঘটনা ঘটে।

শিশুটি কালচোঁ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের তাড়াপাল্লা এলাকার বাসিন্দা মো. মাসুদ মিজির ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মুনতাসির খেলার ছলে বাড়ির পাশের পুকুরের ধারে চলে যায়। পরিবারের কেউ বিষয়টি খেয়াল না করায় একপর্যায়ে সে পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর শিশুটির দাদা ও চাচা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে দ্রুত কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মুনতাসিরকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে হাজীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। হাজীগঞ্জ থানার এসআই (নিঃ) আব্দুর রব সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে যান।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।





