শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

শাহরাস্তিতে জেলা প্রশাসক গোল্ডকাপে পক্ষপাতিত্বের অভিযোগে মানববন্ধন

রাফিউ হাসান হামজা প্রকাশিত: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৩৪ পিএম
শাহরাস্তিতে জেলা প্রশাসক গোল্ডকাপে পক্ষপাতিত্বের অভিযোগে মানববন্ধন

চাঁদপুরে চলমান ২১তম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট-২০২৬ কে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। রেফারিদের পক্ষপাতমূলক আচরণ ও জেলা ক্রীড়া সংস্থার নিয়মবহির্ভূত সিদ্ধান্তের প্রতিবাদে শাহরাস্তি উপজেলায় সর্বস্তরের জনগণের আয়োজনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে শাহরাস্তি উপজেলা সদরে অনুষ্ঠিত এই মানববন্ধনে স্থানীয় ক্রীড়াবিদ, খেলোয়াড়, ক্রীড়াপ্রেমী ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। তারা অভিযোগ করেন, জেলা ক্রীড়া সংস্থার রেজুলেশনের বাইরের অনুমোদিত রেফারি দিয়ে ম্যাচ পরিচালনার কথা থাকলেও সেটি অমান্য করে স্থানীয় রেফারি নিয়োগ দেওয়া হয়েছে। এর ফলে মাঠে নিরপেক্ষতা হারিয়ে গিয়ে পক্ষপাতিত্বের ঘটনা ঘটে, যা প্রতিযোগিতার মান ও মর্যাদা ক্ষুণ্ণ করছে।

বক্তারা জানান, খেলাধুলা সমাজকে একত্রিত করার শক্তিশালী মাধ্যম হলেও নিয়ম ভঙ্গ ও স্বজনপ্রীতি খেলোয়াড়দের হতাশ করছে। এর আগে ২০১৮ সালে চাঁদপুর স্টেডিয়ামে শাহরাস্তির খেলোয়াড় ও কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় ক্রীড়াঙ্গনে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এবারের আসরেও রেফারিদের বিতর্কিত সিদ্ধান্তে বিভিন্ন উপজেলার খেলোয়াড় ও কর্মকর্তাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তবে এবার প্রথমবারের মতো কোনো উপজেলা আনুষ্ঠানিকভাবে মানববন্ধনের মাধ্যমে প্রতিবাদ জানালো।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাদের দায়িত্বহীনতা এবং স্থানীয় রেফারি নিয়োগের মাধ্যমে স্বজনপ্রীতি প্রকাশ পেয়েছে। তারা দাবি করেন, জেলা প্রশাসককে বিষয়টি সরাসরি হস্তক্ষেপ করতে হবে এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি ভবিষ্যতে যেন ন্যায়সঙ্গত, স্বচ্ছ এবং নিয়মতান্ত্রিকভাবে খেলা পরিচালিত হয়, সে জন্য কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

Model Hospital

উৎপাদনই বদলাবে বাংলাদেশ: দক্ষতা বৃদ্ধিতে চাঁদপুরে ব্যবসায়ী সম্মেলন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ১০:২৭ পিএম
উৎপাদনই বদলাবে বাংলাদেশ: দক্ষতা বৃদ্ধিতে চাঁদপুরে ব্যবসায়ী সম্মেলন

চাঁদপুরে ‘টাকা মাত্র ১০ হাজার, খুলবে ব্যবসার দ্বার’ এই স্লোগানে অনুষ্ঠিত হয়েছে ব্যবসায়ী সম্মেলন। সম্মেলনে দেশের অর্থনৈতিক অগ্রগতি তরান্বিত করতে নতুন উদ্যোক্তা তৈরি, সৎ-আদর্শ ব্যবসায়ী গড়ে তোলা এবং উৎপাদনমুখী শিল্পপ্রতিষ্ঠান প্রতিষ্ঠার ওপর জোর দিয়েছেন বক্তারা।

শুক্রবার (২৩ অক্টোবর) সকালে চাঁদপুর শহরের চেয়ারম্যানঘাট এলাকার ইউরেশিয়া কনভেনশন হলে ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডাব্লিউএফ) চাঁদপুর জেলা শাখা এ সম্মেলনের আয়োজন করে।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ শহিদুল ইসলাম বলেন, ‘২০৫০ সালের বিশ্ব শিল্পবিপ্লবের সঙ্গে তাল মেলাতে হলে আমাদের উৎপাদনে যেতে হবে। শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার কোনো বিকল্প নেই।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ বাণিজ্যিকভাবে সম্ভাবনাময় দেশ। ১৮ কোটি মানুষের বিশাল বাজার থাকায় দেশি-বিদেশি বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশের গুরুত্ব রয়েছে। এ সম্ভাবনাকে কাজে লাগাতে ব্যবসায়ীদের উৎপাদনমুখী হতে হবে।’

Model Hospital

চীনসহ বিভিন্ন উৎপাদনকারী দেশ সফরের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ‘উৎপাদনই এসব দেশের অর্থনৈতিক পরিবর্তনের অন্যতম প্রধান শক্তি।

তিনি আরও বলেন, সম্পদ অর্জন করতে হবে, তবে তা অবশ্যই সৎ পথে। সংগঠনের সদস্য হওয়ার ক্ষেত্রে ব্যক্তি বা ধর্মীয় পরিচয়ে কোনো বাধা নেই, তবে সততা থাকতে হবে। সঠিক পরিকল্পনা, সততা, সাহস, দক্ষতা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে চাঁদপুরেও বড় শিল্পোদ্যোক্তা তৈরি করা সম্ভব।’

সম্মেলনে অংশ নেওয়া পাঁচ শতাধিক ব্যবসায়ীর মধ্যে মাত্র ১৬ জন উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন উল্লেখ করে তিনি বলেন, এই উদ্যোক্তারা চাঁদপুরে শিল্পায়নের সম্ভাবনা জাগিয়ে তুলেছেন। মাত্র তিনটি মেশিন দিয়ে উৎপাদন শুরু করে তিন বছরের মধ্যে একটি প্রতিষ্ঠানকে অর্ধশতাধিক মেশিনে বিভিন্ন পণ্য উৎপাদন করতে দেখেছেন বলেও নিজের অভিজ্ঞতা তুলে ধরেন তিনি। তার মতে, এ ধরনের সাফল্য নতুন উদ্যোক্তাদের অনুপ্রাণিত করতে পারে।

আইবিডাব্লিউএফের চাঁদপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক শাহ্ আলমের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন সংগঠনটির কেন্দ্রীয় অর্থ সম্পাদক হুমায়ুন কবির পাটওয়ারী, কুমিল্লা আঞ্চলিক সভাপতি কাজী নজরুল ইসলাম খাদেম এবং জেলা শাখার উপদেষ্টা অধ্যক্ষ মো. হারুন অর রশিদ উসমানী।

জেলা শাখার সাধারণ সম্পাদক রেজাউল করিমের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন সহসভাপতি মোজাম্মেল হক পরান ও বাদশা ফয়সাল।

ব্যবসায়ীদের মধ্যে বক্তব্য দেন মাওলানা আবু জাফর সিদ্দিক, শাখাওয়াত হোসেন, আবুবকর সিদ্দিক, হাফেজ তাজবীর ও সাইফুল ইসলাম সবুজ প্রমুখ।

বক্তারা নিজেদের ব্যবসায়িক অভিজ্ঞতা ও সাফল্যের গল্প তুলে ধরে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ব্যবসায়ীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা বলেন। পাশাপাশি নতুন উদ্যোক্তা তৈরি, ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ করা এবং সততা ও আদর্শের ভিত্তিতে ব্যবসা পরিচালনার আহ্বান জানান।