সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

শাহরাস্তিতে শারদীয় দুর্গোৎসবের পূজামণ্ডপ পরিদর্শনে

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত : ইঞ্জিঃ মমিনুল হক

মোঃ মাসুদ রানা প্রকাশিত: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫, ৪:০৫ পিএম
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত : ইঞ্জিঃ মমিনুল হক

শারদীয় দুর্গোৎসব-১৪৩২ উপলক্ষে শাহরাস্তি উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও হাজীগঞ্জ-শাহরাস্তি বিএনপির সমন্বয়ক আলহাজ্ব লায়ন ইঞ্জিঃ মমিনুল হক।

বুধবার (১ অক্টোবর) রাতে উপজেলা ও পৌর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে তিনি পূজামণ্ডপগুলো ঘুরে দেখেন।

তিনি পৌরসভার নিজমেহের দক্ষিণ, উপলতা পুরোহিতবাড়ি, পালপাড়া, নাওড়া ঠাকুরবাড়ি, মেহের কালীবাড়ি হরিসভা, ছিখটিয়া কবিরাজবাড়ি, বরুলিয়া পঁতিচো, কুলশী ঠাকুরবাড়ি, সুচিপাড়া অধিকারবাড়ি এবং গন্ধেবপুর পূজামণ্ডপসহ একাধিক স্থানে যান। এ সময় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, পুরোহিত, ভক্ত ও আগত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় শেষে তিনি সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন।

প্রধান অতিথির বক্তব্যে লায়ন ইঞ্জিঃ মমিনুল হক বলেন,“বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত। দেশের মতো শাহরাস্তিও আবহমানকাল ধরে এই সম্প্রীতির বন্ধন অটুট রেখে পূজা উদযাপন করে আসছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দিয়েছেন, দুর্গাপূজা যেন নির্বিঘ্নে ও নির্ভয়ে অনুষ্ঠিত হয়। সেই নির্দেশনা অনুযায়ী হাজীগঞ্জ-শাহরাস্তির প্রতিটি পূজামণ্ডপে আমরা নিরাপত্তা সহযোগিতা দিয়ে যাচ্ছি।”

Model Hospital

তিনি আরও বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব সময় আপনাদের পাশে ছিল এবং থাকবে। আগামীতে বিএনপি সরকার গঠন করলে পূজার সার্বিক উন্নয়ন ও সহযোগিতা নিশ্চিত করা হবে। এবারের দুর্গোৎসবে আপনাদের আন্তরিক সহযোগিতা সত্যিই প্রশংসনীয়।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ সেলিম পাটোয়ারী লিটন, সহ-সভাপতি আক্তার হোসেন পাটোয়ারী, যুগ্ম সম্পাদক মোঃ ইকবাল হোসেন, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আবুল কালাম পাটোয়ারী, সাবেক সভাপতি শেখ বেলায়েত হোসেন সেলিম, সাবেক সাধারণ সম্পাদক আক্তার হোসেন, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক গাজী ফিরোজ, পৌর যুবদলের সভাপতি জাকির হোসেন নয়ন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ মাসুদ হোসেন, ছাত্রদলের আহ্বায়ক ইঞ্জিঃ এবিএম পলাশ ও সদস্য সচিব আলী আজগর মিজি, পৌরসভা যুবদলের নেতা আদনান নোমান, শ্রমিক দলের আহ্বায়ক হেলাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমানসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি নিখিল চন্দ্র মজুমদার এবং সাধারণ সম্পাদক অমৃত মজুমদার টুটুন।

পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা গেছে, এ বছর শাহরাস্তি উপজেলায় মোট ১৯টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে পৌরসভায় ৯টি এবং উপজেলার ১০টি ইউনিয়নে ১০টি মণ্ডপ রয়েছে। এর আগে ২০ সেপ্টেম্বর ইঞ্জিঃ মুমিনুল হক  এর পক্ষে  প্রতিটি পূজা কমিটির সভাপতির হাতে নগদ অর্থ সহায়তা প্রদান করেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ আয়েত আলী ভূঁইয়া।

উল্লেখ্য, এবারের শারদীয় দুর্গোৎসব মহাষষ্ঠীর মধ্য দিয়ে ২৮ সেপ্টেম্বর শুরু হয়ে মহাবিসর্জনের মধ্য দিয়ে ২ অক্টোবর সমাপ্ত হবে।

‘মাগো’ বলে আর্তচিৎকার, চোখের সামনেই নিভে গেল বাবার প্রাণ! ফরিদগঞ্জে বি’দ্যুৎস্পৃ’ষ্টে বৃদ্ধের মৃ’ত্যু

এস এম ইকবাল প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৫:৫৭ পিএম
‘মাগো’ বলে আর্তচিৎকার, চোখের সামনেই নিভে গেল বাবার প্রাণ! ফরিদগঞ্জে বি’দ্যুৎস্পৃ’ষ্টে বৃদ্ধের মৃ’ত্যু

চাঁদপুরের ফরিদগঞ্জে নারিকেল গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রফিকুল ইসলাম বেপারি (৬৫) নামের এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (২৬শে অক্টোবর) দুপুরে উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের দক্ষিণ চৌরাঙ্গা বেপারি বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম বেপারি ওই এলাকার মৃত ছলেমান বেপারির ছেলে এবং তিনি দুই ছেলে ও দুই মেয়ের জনক ছিলেন।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুর দেড়টার দিকে রফিকুল ইসলাম নিজ বাড়ির একটি নারিকেল গাছের ডাল কাটতে গাছে ওঠেন। গাছে ওঠার কিছুক্ষণ পরই হঠাৎ তাঁর মাগো বলে আর্তচিৎকার শুনতে পান পরিবারের সদস্যরা। এ সময় নিচে থাকা তাঁর মেয়ে নাছিমা আক্তার ও স্বজনরা দ্রুত গাছের দিকে তাকিয়ে দেখতে পান, তাঁর শরীরের বিভিন্ন অংশে বিদ্যুতের আগুন জ্বলছে এবং তিনি নিস্তেজ হয়ে পড়েছেন। মুহূর্তের মধ্যেই গাছের ওপরই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

খবর পেয়ে ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হানিফ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছান এবং স্থানীয়দের সহায়তায় গাছ থেকে মৃতদেহটি নিচে নামিয়ে আনেন। এছাড়া ঘটনাস্থল পরিদর্শন করে শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মহসিন।

Model Hospital

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আল-আমিন তালুকদার জানান, বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে।