বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে নিম্নমানের ইট দিয়েই চলছে ৬ কোটি টাকার কাজ

এস. এম ইকবাল প্রকাশিত: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, ৬:০৯ পিএম
ফরিদগঞ্জে নিম্নমানের ইট দিয়েই চলছে ৬ কোটি টাকার কাজ
চাঁদপুরের ফরিদগঞ্জে কোটি টাকার সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ উঠেছে। সরেজমিনে গিয়ে দেখা গেছে, নিচে নিম্নমানের ইট বিছিয়ে তার ওপর কিছুটা ভালো ইট বসানো হচ্ছে, আর ওপরে বালি ছিটিয়ে ঢেকে দেওয়া হচ্ছে সেই নিম্নমানের অংশ।
এলাকাবাসীর ভাষায়, “এ যেন শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা।” দীর্ঘদিন ধীরগতিতে চলা এই সড়ক নির্মাণ কাজ হঠাৎ করেই দ্রুতগতিতে শুরু হয়েছে। স্থানীয়দের অভিযোগ, অনিয়ম ঢাকতেই এমন তাড়াহুড়ো করছে ঠিকাদারি প্রতিষ্ঠান।
জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর আইআরআইডিপি-৩ প্রকল্পের আওতায় ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের সেকদি–চান্দ্রা সড়কটি নির্মাণ করা হচ্ছে। ২০২৪–২৫ অর্থবছরে ৮২৫ মিটার দৈর্ঘ্যের এই সড়ক নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় ৫ কোটি ৯৭ লাখ টাকা। ঠিকাদারি কাজ পেয়েছে প্রতিষ্ঠান এমজেএআইজেবি।
শুরুতে মাটির কাজ ও পাইলিং শেষ করার পর সম্প্রতি শুরু হয় এইচবিবি (HBB) কাজ। কিন্তু এতে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ ওঠে। বুধবার (২২ অক্টোবর) দুপুরে সরেজমিনে দেখা যায়, শ্রমিকরা দ্রুতগতিতে ইট বসাচ্ছেন—নিচে খারাপ ইট, ওপরের স্তরে কিছুটা ভালো ইট ও বালি দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে।
অভিযোগের বিষয়ে গণমাধ্যমকর্মীরা উপস্থিত হলে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা নিম্নমানের ইট ব্যবহারের বিষয়টি স্বীকার করে শ্রমিকদের ইট উঠিয়ে ফেলার নির্দেশ দেন।
এলাকাবাসীর পক্ষে মিজানুর রহমান, আব্দুল ওয়াদুদ ও ইব্রাহীম মিয়া বলেন, “এই সড়কের কাজ শুরু থেকেই ধীরগতিতে ছিল। এখন আবার খারাপ ইট দিয়ে তড়িঘড়ি করছে। এই ইট বেশি দিন টিকবে না, কয়েক মাসের মধ্যেই ভেঙে পড়বে।”
ঠিকাদারি প্রতিষ্ঠানের তদারক কর্মকর্তা হাবিবুর রহমান ভুট্টো ও শাকিল আহমেদ বলেন, “কিছু নিম্নমানের ইট ভুলঃবশত এসেছে, সেগুলো সরিয়ে ফেলা হচ্ছে। ভালো ইট দিয়েই কাজ সম্পন্ন করা হবে।”
এ বিষয়ে ফরিদগঞ্জ উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আবরার আহাম্মদ বলেন, “নিম্নমানের ইট ব্যবহারের বিষয়টি জানি। ঠিকাদারকে খারাপ ইট সরিয়ে নিতে বলা হয়েছে। আমি নিজে সরেজমিনে গিয়ে ব্যবস্থা নেব।”

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital