শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

নিখোঁজের ৪ দিন পর হাইমচরে মসজিদের ছাদ থেকে অর্ধ-গলিত লাশ উদ্ধার

মোঃ সাজ্জাদ হোসেন রনি প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, ১০:৩০ পিএম
নিখোঁজের ৪ দিন পর হাইমচরে মসজিদের ছাদ থেকে অর্ধ-গলিত লাশ উদ্ধার
হাইমচর উপজেলা পরিষদ জামে মসজিদের ছাঁদ থেকে হোসেন মোহাম্মদ জাহাঙ্গীর (দুলাল) মেলকার (৪০) নামের এক ইজি বাইক (অটো) চালকের অর্ধ-গলিত মরদেহ উদ্ধার করেছে হাইমচর থানা পুলিশ। গত ২৭ অক্টোবর সোমবার ফজর নামাজ পড়তে বের হওয়ার পর থেকেই নিখোঁজ ছিলেন তিনি।
নিহত দুলাল মেলকার হাইমচর উপজেলা পরিষদ সংলগ্ন ৩নং আলগী দূর্গাপুর দক্ষিণ ইউনিয়নের ৩নং ওয়ার্ড পূর্বচর কৃষ্ণপুর গ্রামের হাসিম মেলকারের বড় ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, অটো চালিয়ে জীবিকা নির্বাহ করা দুলাল মেলকার গত সোমবার (২৭ অক্টোবর) ফজর নামাজ পড়তে বের হয়ে আর ফেরেননি। চারদিন নিখোঁজ থাকার পর আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলা পরিষদ জামে মসজিদের ভেতর থেকে দুর্গন্ধ এলে মসজিদের ইমাম ও কর্মরত আনসার সদস্য দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে ছাঁদে যান। সেখানেই দুলাল মেলকারের অর্ধ-গলিত লাশ দেখতে পান এবং তাৎক্ষণিকভাবে থানা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে নিহতের পরিবার। তারা মরদেহটি দুলাল মেলকারের বলে শনাক্ত করেন। পরে থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
নিহতের ছেলে জানান, তার বাবার তেমন কোনো শত্রু ছিল না। তিনি অটো চালিয়ে সংসার চালাতেন এবং সবার সাথে হাসিখুশি ছিলেন। স্ত্রী তামান্না বেগমও কান্নাজড়িত কণ্ঠে জানান, তার স্বামীর কারো সাথে শত্রুতা ছিল না। স্বামী-স্ত্রী ও একমাত্র ছেলেকে নিয়ে সুখে জীবন যাপন করছিলেন এবং তার স্বামী অটো চালিয়ে সংসার নির্বাহ করতেন।
উপজেলা পরিষদ প্রাঙ্গণে এবং মসজিদের ছাদে দুলাল মেলকারের মরদেহ পাওয়া নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। অনেকেই এটিকে স্বাভাবিকভাবে দেখছেন না। এটি স্বাভাবিক মৃত্যু, আত্মহত্যা নাকি হত্যা, তা নিয়ে রহস্য সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবার সকল সিসি ক্যামেরার ফুটেজ ও ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী মৃত্যুর সঠিক কারণ উদঘাটনের দাবি জানিয়েছে।
ঘটনাস্থল পরিদর্শনে আসেন অতিরিক্ত পুলিশ সুপার চাঁদপুর সদর সার্কেল মোঃ খায়রুল কবীর। তিনি সাংবাদিকদের জানান, আজ বেলা সাড়ে ১২টায় খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে যায়। তথ্য নিয়ে জানা যায়, মৃত ব্যক্তির নাম হোসেন মোহাম্মদ জাহাঙ্গীর দুলাল মেলকার। তিনি গত ২৭ অক্টোবর থেকে নিখোঁজ ছিলেন, তবে এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে থানায় কোনো সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি।
তিনি আরও বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হসপিটালে পাঠানো হয়েছে। লাশটি অর্ধ-গলিত হওয়ায় প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিতভাবে বলা সম্ভব হচ্ছে না। তবে এই ঘটনায় থানায় বর্তমানে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
হাইমচর থানা অফিসার ইনচার্জ ভারপ্রাপ্ত শাহ আলম সহ পুলিশের অন্যান কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন করেন। মরদেহ উদ্ধারের পর পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) চাঁদপুরও ঘটনাস্থল পরিদর্শনে আসে।

উৎপাদনই বদলাবে বাংলাদেশ: দক্ষতা বৃদ্ধিতে চাঁদপুরে ব্যবসায়ী সম্মেলন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ১০:২৭ পিএম
উৎপাদনই বদলাবে বাংলাদেশ: দক্ষতা বৃদ্ধিতে চাঁদপুরে ব্যবসায়ী সম্মেলন

চাঁদপুরে ‘টাকা মাত্র ১০ হাজার, খুলবে ব্যবসার দ্বার’ এই স্লোগানে অনুষ্ঠিত হয়েছে ব্যবসায়ী সম্মেলন। সম্মেলনে দেশের অর্থনৈতিক অগ্রগতি তরান্বিত করতে নতুন উদ্যোক্তা তৈরি, সৎ-আদর্শ ব্যবসায়ী গড়ে তোলা এবং উৎপাদনমুখী শিল্পপ্রতিষ্ঠান প্রতিষ্ঠার ওপর জোর দিয়েছেন বক্তারা।

শুক্রবার (২৩ অক্টোবর) সকালে চাঁদপুর শহরের চেয়ারম্যানঘাট এলাকার ইউরেশিয়া কনভেনশন হলে ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডাব্লিউএফ) চাঁদপুর জেলা শাখা এ সম্মেলনের আয়োজন করে।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ শহিদুল ইসলাম বলেন, ‘২০৫০ সালের বিশ্ব শিল্পবিপ্লবের সঙ্গে তাল মেলাতে হলে আমাদের উৎপাদনে যেতে হবে। শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার কোনো বিকল্প নেই।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ বাণিজ্যিকভাবে সম্ভাবনাময় দেশ। ১৮ কোটি মানুষের বিশাল বাজার থাকায় দেশি-বিদেশি বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশের গুরুত্ব রয়েছে। এ সম্ভাবনাকে কাজে লাগাতে ব্যবসায়ীদের উৎপাদনমুখী হতে হবে।’

Model Hospital

চীনসহ বিভিন্ন উৎপাদনকারী দেশ সফরের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ‘উৎপাদনই এসব দেশের অর্থনৈতিক পরিবর্তনের অন্যতম প্রধান শক্তি।

তিনি আরও বলেন, সম্পদ অর্জন করতে হবে, তবে তা অবশ্যই সৎ পথে। সংগঠনের সদস্য হওয়ার ক্ষেত্রে ব্যক্তি বা ধর্মীয় পরিচয়ে কোনো বাধা নেই, তবে সততা থাকতে হবে। সঠিক পরিকল্পনা, সততা, সাহস, দক্ষতা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে চাঁদপুরেও বড় শিল্পোদ্যোক্তা তৈরি করা সম্ভব।’

সম্মেলনে অংশ নেওয়া পাঁচ শতাধিক ব্যবসায়ীর মধ্যে মাত্র ১৬ জন উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন উল্লেখ করে তিনি বলেন, এই উদ্যোক্তারা চাঁদপুরে শিল্পায়নের সম্ভাবনা জাগিয়ে তুলেছেন। মাত্র তিনটি মেশিন দিয়ে উৎপাদন শুরু করে তিন বছরের মধ্যে একটি প্রতিষ্ঠানকে অর্ধশতাধিক মেশিনে বিভিন্ন পণ্য উৎপাদন করতে দেখেছেন বলেও নিজের অভিজ্ঞতা তুলে ধরেন তিনি। তার মতে, এ ধরনের সাফল্য নতুন উদ্যোক্তাদের অনুপ্রাণিত করতে পারে।

আইবিডাব্লিউএফের চাঁদপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক শাহ্ আলমের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন সংগঠনটির কেন্দ্রীয় অর্থ সম্পাদক হুমায়ুন কবির পাটওয়ারী, কুমিল্লা আঞ্চলিক সভাপতি কাজী নজরুল ইসলাম খাদেম এবং জেলা শাখার উপদেষ্টা অধ্যক্ষ মো. হারুন অর রশিদ উসমানী।

জেলা শাখার সাধারণ সম্পাদক রেজাউল করিমের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন সহসভাপতি মোজাম্মেল হক পরান ও বাদশা ফয়সাল।

ব্যবসায়ীদের মধ্যে বক্তব্য দেন মাওলানা আবু জাফর সিদ্দিক, শাখাওয়াত হোসেন, আবুবকর সিদ্দিক, হাফেজ তাজবীর ও সাইফুল ইসলাম সবুজ প্রমুখ।

বক্তারা নিজেদের ব্যবসায়িক অভিজ্ঞতা ও সাফল্যের গল্প তুলে ধরে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ব্যবসায়ীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা বলেন। পাশাপাশি নতুন উদ্যোক্তা তৈরি, ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ করা এবং সততা ও আদর্শের ভিত্তিতে ব্যবসা পরিচালনার আহ্বান জানান।