চাঁদপুরে দোয়া চাইলেন মোমবাতি মার্কার প্রার্থী সাংবাদিক আহসান উল্লাহ
চাঁদপুর শহরের ঢালীরঘাটে আঞ্জুমানে রহমানিয়া মঈনিয়া খানেকা শরীফে ভক্তদের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন চাঁদপুর-৩ আসনে মোমবাতি মার্কার প্রার্থী সাংবাদিক এএইচএম আহসান উল্লাহ।
মাইজভান্ডার দরবার শরীফের আলা হযরত, আওলাদে রাসুল হযরত শাহসুফি সৈয়দ মঈনুদ্দিন আহমাদ আল হাসানী ওয়াল-হুসাইনি (র.) ও মরহুম খলিফা আব্দুল হালিম মুন্সির স্মরণে মিলাদ ও দোয়া অনুষ্ঠানে চাঁদপুর-৩ আসনে আহলে সুন্নাত ওয়াল জামাআত সমর্থিত ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মোমবাতি প্রতীকের প্রার্থী সাংবাদিক এএইচএম আহসান উল্লাহ সবার কাছে দোয়া চেয়েছেন।

চাঁদপুর পৌর ৫নং ওয়ার্ড ঢালীর ঘাট আঞ্জুমানে রহমানিয়া মঈনীয়া সাইফিয়া খানকা শরীফে মঙ্গলবার (৪ নভেম্বর ২০২৫) এশার পর এই মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

এই দোয়া অনুষ্ঠানে চাঁদপুর-হাইমচর আসনে মোমবাতি মার্কার সংসদ সদস্য প্রার্থী, আহলে সুন্নাত ওয়াল জামাআত চাঁদপুর জেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাংবাদিক এএইচএম আহসান উল্লাহ সবার কাছে দোয়া চান।

এ সময় তিনি বলেন, আহলে সুন্নাত ওয়াল জামাআতের মধ্যে এখন আর দ্বিধাবিভক্তি নেই। রাজনৈতিক অঙ্গনে বৃহত্তর সুন্নী জোট নামে আমরা সুন্নীরা এক হয়েছি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসন থেকে আমাকে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট থেকে মনোনীত করেছে। মোমবাতি মার্কার দাওয়াত নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। যেহেতু আমরা সবাই তরিকতের লোক, মাইজভান্ডার দরবার শরীফের আওলাদে রাসুল হযরত মঈনুদ্দীন আহমাদ আল হাসানী ওয়াল হুসাইনী এবং বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান হযরত শাহসুফি ড. সাইফুদ্দীন আহমাদ আল হাসানী ওয়াল হুসাইনি আল মাইজভান্ডারীর মুরিদ আপনারা। আমি আপনাদের দোয়া চাই।






