শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

গুজব বা কানকথা বিশ্বাস না করে যা দেখবেন, বুঝবেন, সেটাই বিশ্বাস করবেন : লায়ন হারুনুর রশিদ

এস. এম ইকবাল প্রকাশিত: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৮:৩২ পিএম
গুজব বা কানকথা বিশ্বাস না করে যা দেখবেন, বুঝবেন, সেটাই বিশ্বাস করবেন : লায়ন হারুনুর রশিদ

ফরিদগঞ্জের পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের ২ নং ওয়ার্ডের কেন্দ্র কমিটি গঠনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিচ্ছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী লায়ন মোঃ হারুনুর রশিদ।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী, দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক এবং চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশিদ বলেছেন, “যুগে যুগে এদেশের মানুষ বিএনপির প্রতি আস্থা রেখেছে। বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দেশে একটি দায়িত্বশীল ও জনগণবান্ধব প্রশাসন প্রতিষ্ঠিত হবে। বেকাররা চাকরির সুযোগ পাবে, কৃষকেরা ফারমার্স কার্ডের মাধ্যমে সহজে কৃষি উপকরণ সংগ্রহ করতে পারবে এবং সাধারণ মানুষ ফ্যামিলি কার্ডের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় পণ্য কমমূল্যে ক্রয় করতে সক্ষম হবে।”
বুধবার (১৯ নভেম্বর ২০২৫) বিকেলে ফরিদগঞ্জের পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের খুরুমখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির কেন্দ্র কমিটি গঠন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
লায়ন হারুনুর রশিদ আরও বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বিএনপি আজও জনগণের আস্থার প্রতীক। এই দলকে নেতৃত্ব দিচ্ছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির প্রতীক ধানের শীষ— সে প্রতীকটি চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের জন্য আমাকে আপনাদের মাঝে পাঠানো হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের দোয়া ও সমর্থন নিয়ে ২০০৮ সালের চেয়েও বড় বিজয় উপহার দিতে চাই।”
তিনি ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “গুজব বা কানকথা বিশ্বাস না করে যা দেখবেন, বুঝবেন, সেটাই বিশ্বাস করবেন।”
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হুমায়ুন কবির কাজী এবং পরিচালনা করেন সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসনে ভূঁইয়া।
এসময় আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির উদ্দিন পাটওয়ারী, জেলা যুবদলের সদস্য মো. ফজলুর রহমান, গুপ্টি পশ্চিম ইউনিয়ন বিএনপির সভাপতি আব্বাছ গাজী, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এম এম টুটুল পাটওয়ারী, সাবেক সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান ভুট্টো, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক সেলিম মাহমুদ রাঢ়ী, যুগ্ম আহ্বায়ক হারুন পাঠান, বিএনপি নেতা সেলিম পাটওয়ারী, ইকবাল পাটওয়ারী, মানিক পাটওয়ারী, ইউনিয়ন বিএনপির সহসভাপতি মো. সেলিম খাঁন, যুবদলের সাবেক সভাপতি নজরুল মিন্টু, আ. জলিল, দেলোয়ার হোসেন, রানা, মোহাম্মদ আলী মৃধা, নাজিম উদ্দিন, সাবেক পৌর কাউন্সিলর সোহেল, মহিলা নেত্রী শারমিন করিম, মাহমুদা পারুল প্রমুখ।
সভা শেষে আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে মাঠে থেকে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন উপস্থিত নেতাকর্মীরা।

চাঁদপুরে লঞ্চ থেকে নামার সময় নদীতে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ আটক ২

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
চাঁদপুরে লঞ্চ থেকে নামার সময় নদীতে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ আটক ২

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল লঞ্চ টার্মিনালে লঞ্চ থেকে ঘাটে নামার সময় মেঘনা নদীতে পড়ে এক যুবক নিখোঁজ হয়েছেন। তার বয়স আনুমানিক ৩০ বছর। তবে এখন পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় মুকবিল-২ লঞ্চ ও লঞ্চের ২জন স্টাফকে আটক করা হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ষাটনল লঞ্চঘাটে এ ঘটনা ঘটে। নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরগামী মুকবিল-২ লঞ্চ থেকে নামার সময় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরগামী মুকবিল-২ লঞ্চটি ষাটনল লঞ্চঘাটে যাত্রী নামাচ্ছিল। এ সময় ওই যুবক লঞ্চ থেকে নামার পর নিজের ব্যাগ লঞ্চে রেখে যাওয়ার কথা মনে পড়ে আবার লঞ্চে ওঠেন। পরে তিনি ফের লঞ্চ থেকে নামার সময় লঞ্চটি পেছনের দিকে চালিয়ে দেওয়া হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এ সময় ঘাটে লাফ দিয়ে নামার চেষ্টা করলে তিনি মেঘনা নদীতে পড়ে নিখোঁজ হন।

ঘটনার পর মুকবিল-২ লঞ্চ দ্রুত সেখান থেকে মোহনপুর লঞ্চঘাটের দিকে চলে যায়। পরে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা লঞ্চটি এবং ২জন স্টাফকে আটক করেন বলে জানিয়েছেন ফাঁড়ির ইনচার্জ মো. রুহুল আমিন।

Model Hospital

স্থানীয় সৈকত নামের একজন বলেন, লঞ্চ চালকদের ভুলের কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে তারা মনে করছেন। ষাটনল লঞ্চঘাটে আগে এমন ঘটনা ঘটেনি উল্লেখ করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। এদিকে লঞ্চযাত্রীরাও যাত্রী ওঠানামার সময় নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

ষাটনল লঞ্চঘাটের ইজারাদার মো. ইমন জানান, ঘটনার পরপরই বিষয়টি সংশ্লিষ্টদের জানানো হয়েছে এবং নিখোঁজ যুবকের সন্ধানে উদ্ধার তৎপরতা চলছে।

বেলতলী নৌ পুলিশের ইনচার্জ মোজাম্মেল হক পিপিএম জানান, নিখোঁজ যুবকের সন্ধানে নৌ পুলিশ ও স্থানীয়দের সহায়তায় নদীতে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। তবে এখনো নিখোঁজ ব্যক্তির কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ যুবকের সন্ধানে বেলতলী নৌ পুলিশ, মোহনপুর নৌ পুলিশ ও মতলব উত্তর থানা পুলিশের সদস্যরাও স্থানীয়দের সহায়তায় নদীতে তৎপরতা চালাচ্ছেন।

এদিকে দুর্ঘটনা প্রায় ৩ ঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএ’র ডুবুরি দল। জানা যায়, বৈরী আবহাওয়ার কারণে সড়কপথে তাদের ঘটনাস্থলে আসতে দেরি হয়েছে।

ঘটনাস্থলে পৌঁছতে দেরী হওয়ার বিষয়ে চাঁদপুর নদী ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. রাকিবুল ইসলাম বলেন, সকাল ১১টা ৪৫ মিনিটে ষাটনল লঞ্চঘাটে একজন যাত্রী নদীতে পড়ে যাওয়ার খবর পান তারা। আবহাওয়া প্রতিকূল থাকায় সড়কপথে ঘটনাস্থলে এসে পরিস্থিতি অনুকূলে আসার পর ডুবুরি দলকে দিয়ে উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। বিআইডব্লিউটিএর ডুবুরি দলও একই সঙ্গে উদ্ধার কাজে অংশ নিয়েছে।

চাঁদপুর বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক সঞ্জয় দেবনাথ বলেন, খবর পাওয়ার পর চাঁদপুর থেকে ডুবুরি দল নিয়ে দ্রুত ঘটনাস্থলে আসা হয়েছে।ঘটনাস্থলে ৪ জন ডুবুরি দিয়ে তল্লাশি চালানো হচ্ছে নদীতে স্রোত থাকায় ঘটনাস্থলে না পাওয়া গেলে ভাটির দিকে তল্লাশি চালানো হবে। আবহাওয়া অনুকূলে থাকলে সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান চালানোর কথাও জানান তিনি।

এ বিষয়ে কথা হলে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি জানান, বিষয়টি জানার পরপরই নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিটের সঙ্গে কথা বলি। নিখোঁজ যুবকের সন্ধানে প্রয়োজনীয় উদ্ধার তৎপরতা চালানোর জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।