নভেম্বরেই রেকর্ড রোগী হাজীগঞ্জ হাসপাতালে, ৩০ দিনে সেবা নিল ২৫ হাজার মানুষ!
হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০২৫ সালের নভেম্বর মাসে চিকিৎসাসেবা নিতে রোগীর ভিড় বেড়েছে উল্লেখযোগ্যভাবে। বিভিন্ন বিভাগে সব মিলিয়ে ২৫ হাজারেরও বেশি মানুষ সেবা নিয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

প্রাপ্ত পরিসংখ্যান অনুযায়ী, বহির্বিভাগে চিকিৎসাসেবা নিয়েছেন ১৮ হাজার ৬৩৮ রোগী। জরুরি বিভাগে এসেছে ২ হাজার ২৭০ জন। অন্তঃবিভাগে ভর্তি হয়েছেন ৬৬৬ রোগী। শয্যা অনুযায়ী রোগী ভর্তির হার দাঁড়িয়েছে ১৩৫.০১ শতাংশ, যা স্বাভাবিক ধারণক্ষমতার তুলনায় বেশি।

নভেম্বর মাসে ৩৪টি নরমাল ডেলিভারি এবং ১টি সিজারিয়ান ডেলিভারি সম্পন্ন হয়েছে। মাইনর সার্জারি করা হয়েছে ১,২০৩টি। এছাড়া ১৮৮টি এক্স–রে, চোখের বিভাগে ৪২৪ জন, দন্ত বিভাগে ৮১৮ জন এবং শিশু বিভাগে ২৯৫ শিশু চিকিৎসাসেবা পেয়েছে। ভাষা–বধির ক্যাম্পে পরীক্ষা করানো হয়েছে ১৯০ জনকে।

রাজস্ব আদায়েও প্রতিষ্ঠানটি অগ্রগতি দেখিয়েছে। নভেম্বর মাসে মোট ২,৭৬,৮৮০ টাকা রাজস্ব সংগ্রহ করা হয়।

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ তানভির হাসান নয়া দিগন্তকে বলেন, “নভেম্বর মাসে প্রতিটি বিভাগে রোগীর চাপ ছিল। আমরা চেষ্টা করেছি যেন কোনো রোগী সেবা থেকে বঞ্চিত না হয়। প্রয়োজনীয় সমন্বয় ও মনিটরিংয়ের মাধ্যমে সেবা কার্যক্রম সচল রাখা হয়েছে।”
তিনি আরও বলেন, “জনবল ও অবকাঠামোগত কিছু সীমাবদ্ধতা থাকলেও আমরা ধাপে ধাপে সেবার মান উন্নয়নের জন্য কাজ করছি। বিশেষ করে মা ও শিশুসেবায় আমরা আরও গুরুত্ব দিচ্ছি।”
স্থানীয়রা বলছেন, সরকারি স্বাস্থ্যসেবার প্রতি মানুষের আগ্রহ আগের তুলনায় বেড়েছে। নিয়মিত সেবা পাওয়া গেলে জনগণের আস্থা আরও মজবুত হবে বলে তারা মত দেন।








