শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

মডার্ন শিশু একাডেমিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৫৯ পিএম
মডার্ন শিশু একাডেমিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন

চাঁদপুরের মডার্ন শিশু একাডেমিতে সারাদিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা–২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণী ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকাল পর্যন্ত বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মর্ডান শিশু একাডেমির অধ্যক্ষ- ওমর ফারুক এর সভাপতিত্বে বিকালে পুরস্কার বিতরণী ও সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন, অবসরপ্রাপ্ত এজিএম বাংলাদেশ কৃষি ব্যাংক- মোহাম্মদ ইসমাইল হোসাইন, ক্লিন চাঁদপুর-এর প্রতিষ্ঠাতা ও শিক্ষানুরাগী- এডভোকেট নুরুল আমিন খান আকাশ (সংবর্ধিত অতিথি), বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার, সাধারণ সম্পাদক- সবুজ ভদ্র, বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন মতলব দক্ষিণ উপজেলা শাখার, সভাপতি- ফারুক আহমেদ বাদল, বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন চাঁদপুর সদর উপজেলা শাখার, সভাপতি- লায়ন গোলাম হোসেন টিটু, পুরান বাজার ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক- শামসুল আলম পাটোয়ারী এবং আনন্দ ভ্রমণ বিষ্ণুদী কল্যাণ সমিতি, চাঁদপুর-এর আহ্বায়ক- এনামুল হক মজুমদার।

পুরস্কার বিতরণী বক্তব্যে বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা, মানসিক দৃঢ়তা ও সামাজিক দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত ক্রীড়া চর্চা শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ, নেতৃত্বগুণ, সহনশীলতা ও দলগত কাজের মানসিকতা তৈরি করে, যা ভবিষ্যৎ জীবনে সফলতা অর্জনে সহায়ক।

Model Hospital

তারা আরও বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করলে শিক্ষার্থীরা আত্মবিশ্বাসী, মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠে। বক্তারা অভিভাবকদের প্রতি আহ্বান জানান, সন্তানদের লেখাপড়ার পাশাপাশি শারীরিক ও নৈতিক বিকাশে সমান গুরুত্ব দিতে এবং তাদের প্রতিভা বিকাশে উৎসাহিত করতে।

অনুষ্ঠান শেষে ৩৭টি ক্রীড়া ইভেন্টে অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং বিশিষ্ট অতিথিদের সংবর্ধনা প্রদান করা হয়।

সকাল ৮টা ১৫ মিনিটে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রাক্তন অভিভাবক ও শিক্ষানুরাগী- মানিকুর রহমান মানিক, এডভোকেট- সাখাওয়াত হোসেন, প্রশাসনিক কর্মকর্তা- মোহাম্মদ মহিবুবুল আহসান, অধ্যক্ষ- ওমর ফারুক, মডার্ন শিশু একাডেমি এবং অবসরপ্রাপ্ত কর্মকর্তা বাংলাদেশ কৃষি ব্যাংক- এম এ মতিন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের সুস্থ ও মেধাবী হিসেবে গড়ে তুলতে শিক্ষার পাশাপাশি খেলাধুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীরা আত্মবিশ্বাসী, সাহসী ও শৃঙ্খলাবদ্ধ হয়ে ওঠে। তারা বিদ্যালয় পর্যায়ে নিয়মিত ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন এবং শিক্ষার্থীদের ক্রীড়ামুখী জীবনধারায় অভ্যস্ত হওয়ার আহ্বান জানান।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে দিনব্যাপী শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন ক্রীড়া ইভেন্ট অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুলসংখ্যক শিক্ষার্থী।

উৎপাদনই বদলাবে বাংলাদেশ: দক্ষতা বৃদ্ধিতে চাঁদপুরে ব্যবসায়ী সম্মেলন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ১০:২৭ পিএম
উৎপাদনই বদলাবে বাংলাদেশ: দক্ষতা বৃদ্ধিতে চাঁদপুরে ব্যবসায়ী সম্মেলন

চাঁদপুরে ‘টাকা মাত্র ১০ হাজার, খুলবে ব্যবসার দ্বার’ এই স্লোগানে অনুষ্ঠিত হয়েছে ব্যবসায়ী সম্মেলন। সম্মেলনে দেশের অর্থনৈতিক অগ্রগতি তরান্বিত করতে নতুন উদ্যোক্তা তৈরি, সৎ-আদর্শ ব্যবসায়ী গড়ে তোলা এবং উৎপাদনমুখী শিল্পপ্রতিষ্ঠান প্রতিষ্ঠার ওপর জোর দিয়েছেন বক্তারা।

শুক্রবার (২৩ অক্টোবর) সকালে চাঁদপুর শহরের চেয়ারম্যানঘাট এলাকার ইউরেশিয়া কনভেনশন হলে ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডাব্লিউএফ) চাঁদপুর জেলা শাখা এ সম্মেলনের আয়োজন করে।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ শহিদুল ইসলাম বলেন, ‘২০৫০ সালের বিশ্ব শিল্পবিপ্লবের সঙ্গে তাল মেলাতে হলে আমাদের উৎপাদনে যেতে হবে। শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার কোনো বিকল্প নেই।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ বাণিজ্যিকভাবে সম্ভাবনাময় দেশ। ১৮ কোটি মানুষের বিশাল বাজার থাকায় দেশি-বিদেশি বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশের গুরুত্ব রয়েছে। এ সম্ভাবনাকে কাজে লাগাতে ব্যবসায়ীদের উৎপাদনমুখী হতে হবে।’

Model Hospital

চীনসহ বিভিন্ন উৎপাদনকারী দেশ সফরের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ‘উৎপাদনই এসব দেশের অর্থনৈতিক পরিবর্তনের অন্যতম প্রধান শক্তি।

তিনি আরও বলেন, সম্পদ অর্জন করতে হবে, তবে তা অবশ্যই সৎ পথে। সংগঠনের সদস্য হওয়ার ক্ষেত্রে ব্যক্তি বা ধর্মীয় পরিচয়ে কোনো বাধা নেই, তবে সততা থাকতে হবে। সঠিক পরিকল্পনা, সততা, সাহস, দক্ষতা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে চাঁদপুরেও বড় শিল্পোদ্যোক্তা তৈরি করা সম্ভব।’

সম্মেলনে অংশ নেওয়া পাঁচ শতাধিক ব্যবসায়ীর মধ্যে মাত্র ১৬ জন উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন উল্লেখ করে তিনি বলেন, এই উদ্যোক্তারা চাঁদপুরে শিল্পায়নের সম্ভাবনা জাগিয়ে তুলেছেন। মাত্র তিনটি মেশিন দিয়ে উৎপাদন শুরু করে তিন বছরের মধ্যে একটি প্রতিষ্ঠানকে অর্ধশতাধিক মেশিনে বিভিন্ন পণ্য উৎপাদন করতে দেখেছেন বলেও নিজের অভিজ্ঞতা তুলে ধরেন তিনি। তার মতে, এ ধরনের সাফল্য নতুন উদ্যোক্তাদের অনুপ্রাণিত করতে পারে।

আইবিডাব্লিউএফের চাঁদপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক শাহ্ আলমের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন সংগঠনটির কেন্দ্রীয় অর্থ সম্পাদক হুমায়ুন কবির পাটওয়ারী, কুমিল্লা আঞ্চলিক সভাপতি কাজী নজরুল ইসলাম খাদেম এবং জেলা শাখার উপদেষ্টা অধ্যক্ষ মো. হারুন অর রশিদ উসমানী।

জেলা শাখার সাধারণ সম্পাদক রেজাউল করিমের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন সহসভাপতি মোজাম্মেল হক পরান ও বাদশা ফয়সাল।

ব্যবসায়ীদের মধ্যে বক্তব্য দেন মাওলানা আবু জাফর সিদ্দিক, শাখাওয়াত হোসেন, আবুবকর সিদ্দিক, হাফেজ তাজবীর ও সাইফুল ইসলাম সবুজ প্রমুখ।

বক্তারা নিজেদের ব্যবসায়িক অভিজ্ঞতা ও সাফল্যের গল্প তুলে ধরে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ব্যবসায়ীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা বলেন। পাশাপাশি নতুন উদ্যোক্তা তৈরি, ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ করা এবং সততা ও আদর্শের ভিত্তিতে ব্যবসা পরিচালনার আহ্বান জানান।