হাজীগঞ্জে জাল ভোট দিতে গিয়ে আটক-১
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও ইউনিয়নের একটি কেন্দ্রে জাল ভোট দিতে এসে মো. হারেছ বেপারী নামের এক যুবককে আটক করা হয়েছে। পরে দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ১৯নং কেন্দ্র, রাজারগাঁও ইউনিয়নের পশ্চিম রাজারগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। কারাদণ্ডপ্রাপ্ত যুবক ওই ইউনিয়নের পশ্চিম রাজারগাঁও গ্রামের শাহ আলম বেপারীর ছেলে।

জানা গেছে, উত্তর-পশ্চিম রাজারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাল ভোট দিতে আসেন ওই যুবক। এ সময় তাকে আটক করেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট তানজিনা জাহান বলেন, “হারেছ বেপারী নামের এক ব্যক্তি ভোট দিতে আসেন। এ সময় যাচাই-বাছাইয়ে জাল ভোটের বিষয়টি নিশ্চিত হয় এবং তিনি অপরাধ স্বীকার করার পর তাকে এই দণ্ড দেওয়া হয়।”

উল্লেখ্য, এই আসনের দুই উপজেলায় মোট ৫ লাখ ১৪ হাজার ৫৮৮ জন ভোটার রয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং কোথাও কোনো বড় ধরনের অপ্রীতিকর পরিস্থিতির খবর পাওয়া যায়নি।








