বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে সমাজ উন্নয়নে দৃষ্টান্ত স্থাপন আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬, ১:০২ এম
ফরিদগঞ্জে সমাজ উন্নয়নে দৃষ্টান্ত স্থাপন আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের

উপজেলার ৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়নে সামাজিক উন্নয়নের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশন। সম্পূর্ণ অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও সমাজসেবামূলক এই সংগঠনটি ইতোমধ্যে গোটা জেলায় দ্যুতি ছড়াচ্ছে। “মানবিক ও সামাজিক কল্যাণে অঙ্গীকারবদ্ধ” শ্লোগানকে ধারণ করে দীর্ঘদিন ধরে এলাকার দরিদ্র, নিম্ন আয়ের ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

২০১৯ সালে এক ঝাঁক স্বপ্নবাজ তরুণের হাত ধরে প্রতিষ্ঠিত সংগঠনটি শুরু থেকেই স্থানীয় শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে পরিচালিত হয়ে আসছে। ৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়নের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই এই সংগঠনের মূল চালিকাশক্তি। অন্যদিকে, ইউনিয়নের সর্বস্তরের মানুষের আর্থিক সহযোগিতায় সংগঠনটির কার্যক্রম পরিচালিত হচ্ছে, যা এটিকে একটি সত্যিকারের জনমুখী উদ্যোগে পরিণত করেছে।

বিশ্বব্যাপী করোনা (কোভিড-১৯) মহামারির সময় আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সে সময় তারা বিনামূল্যে অক্সিজেন সেবা প্রদান, মাস্ক বিতরণ, কর্মহীন মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ এবং স্বাস্থ্য সচেতনামূলক বিভিন্ন ক্যাম্পেইন পরিচালনা করে এলাকায় ব্যাপক সাড়া ফেলে।
মহামারি পরবর্তী সময়েও সংগঠনটির কার্যক্রম থেমে থাকেনি। প্রতি রমজানে নিম্নআয়ের মানুষের মাঝে গরুর মাংস, খাদ্যসামগ্রী, ইফতার, ফল ও ঈদ উপহার বিতরণ, নিয়মিত রক্তদান কর্মসূচি ও ব্লাড ক্যাম্পেইন, বৃক্ষরোপণ এবং শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণসহ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়। পাশাপাশি রাস্তা সংস্কার, শীতবস্ত্র বিতরণ, বাৎসরিক মেডিকেল ক্যাম্প, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, শিক্ষা উপকরণ বিতরণ এবং পরিচ্ছন্নতা কার্যক্রমের মতো সামাজিক উদ্যোগও নিয়মিতভাবে বাস্তবায়ন করা হচ্ছে।

২০২৪ সালের স্মরণকালের ভয়াবহ জলাবদ্ধতার সময় সংগঠনটির স্বেচ্ছাসেবকরা ঝুঁকি নিয়ে পানিবন্দী মানুষদের উদ্ধার, আশ্রয়কেন্দ্র পরিচালনা এবং জলাবদ্ধতা পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে সহায়তা ও চিকিৎসা সেবা প্রদান করে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে।

Model Hospital

৭ বছরে ধারাবাহিক কার্যক্রমের মাধ্যমে আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশন ইতোমধ্যে জেলার একটি শীর্ষস্থানীয় সামাজিক সংগঠন হিসেবে নিজেদের অবস্থান তৈরি করেছে। শ্রেষ্ঠ সংগঠন হিসেবে বিভিন্ন গণমাধ্যম, সামাজিক সংগঠন থেকেও পুরস্কৃত হয়েছে। স্থানীয় দরিদ্র, মেহনতি ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে সংগঠনটি এখন একটি নির্ভরতার নাম। যেকোনো দুর্যোগ বা সংকটে মানুষ আশা করে এই সংগঠনটি তাদের পাশে দাঁড়াবে।

সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক পারভেজ মোশারফ বলেন, দায়বদ্ধতার জায়গা থেকে মানুষের জন্য কিছু করার প্রত্যয় নিয়েই এই সংগঠনের যাত্রা শুরু করেছি। সংগঠনটির মাধ্যমে ৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়নের সর্বস্তরের মানুষের সহযোগিতায় ৭ বছরে প্রায় ২০ লাখ টাকার সমপরিমাণ সামাজিক ও মানবিক কার্যক্রম বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। এজন্য আমরা সবার প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আগামী দিনে সংগঠনটিকে আরও বৃহৎ পরিসরে কার্যক্রম পরিচালনার মাধ্যমে একটি শক্তিশালী মানবিক প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার স্বপ্ন রয়েছে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বুলবুল আহম্মেদ বলেন, সংগঠনটি একটা সময় চমৎকার কাজ করেছে। আমি আমার স্থান থেকে যতটুকু সম্ভব সহযোগিতা করেছি। সবার উচিত উক্ত সংগঠনকে সহযোগিতা করা।

আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশন সম্পর্কে ফরিদগঞ্জ প্রেসক্লাব’র সাধারণ সম্পাদক, ফরিদগঞ্জ লেখক ফোরাম’র প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি নুরুল ইসলাম ফরহাদ বলেন, একটি সুন্দর সমাজ বির্নিমানে সামাজিক সংগঠনগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা অনেকটা ‘নিজের খেয়ে বনের মোষ তাড়ানোর মতো।’ তারপরও এসব সমাজকর্মীদের নানান প্রতিবন্ধকতার শিকার হতে হয়। অনেক কটু কথা শুনতে হয়। একজন সফল সংগঠককে ডাস্টবিন হতে হবে। সকল ময়লা আবর্জনা নিজের মধ্যে নিয়ে রিসাইকেল করে সুন্দর বিষয়গুলো ডেলিভারি দিতে হবে। তাহলেই সে একজন সফল সংগঠক হতে পারবে। আইডিয়াল সমাজ সেবা ফাউন্ডেশন বিগত বছরগুলোতে চমৎকার সব কাজ করে আসছে। ধন্যবাদ পাওয়ার মতো প্রতিষ্ঠানটি যথেষ্ট কাজ করেছে।

উপজেলা সমাজসেবা অফিসার মাহমুদুল হাসান বলেন, স্বেচ্ছাশ্রমে সামাজিক কাজ সবাই পারেনা। যারা পারে তারাই মহৎ মানুষ, তারাই গুণী। জনপ্রতিনিধিসহ সমাজের বিত্তবানদের উচিত সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত থাকা।

উল্লেখ্য, প্রতিষ্ঠার ৭ বছর অতিক্রম করে সংগঠনটি এখন ৮ম বর্ষে পদার্পণের পথে। ভবিষ্যতেও মানবিকতা, সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতা নিয়ে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।