বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে অস্ত্রের মুখে জিম্মি করে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা-স্বর্ণালংকার লুট

এস. এম ইকবাল প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৯:৫৭ পিএম
ফরিদগঞ্জে অস্ত্রের মুখে জিম্মি করে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা-স্বর্ণালংকার লুট
চাঁদপুরের ফরিদগঞ্জে এক প্রবাসীর বাড়িতে গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। দেশীয় অস্ত্রের মুখে গৃহবধূকে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোনসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাতদল। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
সোমবার (১৮ মে) দিবাগত রাত প্রায় ২টার দিকে উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের চির্কা চাঁদপুর গ্রামে প্রবাসী মো. বিল্লাল হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে ফরিদগঞ্জ থানা পুলিশ।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, বিল্লাল হোসেন ঢাকায় অবস্থান করছিলেন এবং তার ছেলে প্রবাসে থাকেন। বাড়িতে একা ছিলেন তার স্ত্রী মোসাম্মদ খুর্শিদা বেগম। প্রতিদিনের মতো রাত ১১টার দিকে খাবার খেয়ে তিনি ঘুমিয়ে পড়েন। রাত গভীর হলে একদল ডাকাত বাড়ির জানালার গ্রিল ভেঙে ঘরে প্রবেশ করে।
খুর্শিদা বেগম জানান, হঠাৎ শব্দ পেয়ে ঘুম ভাঙলে ডাকাতরা তাকে মারধর করে এবং দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে রাখে। এরপর আলমারি ও ঘর তছনছ করে ডাকাতরা তার গলায় থাকা স্বর্ণের চেইন, কানের দুলসহ প্রায় ৩ ভরি স্বর্ণালংকার, নগদ ৩ লাখ টাকা, দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ১১টি বিদেশি কম্বল, কসমেটিকসসহ বিভিন্ন মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।
ডাকাতরা চলে যাওয়ার পর তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেন। পরে আহত অবস্থায় খুর্শিদা বেগমকে উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, “খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগীদের লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।”
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চুরির উদ্দেশ্যে ঘরে প্রবেশের পর গৃহবধূ জেগে উঠলে দুর্বৃত্তরা তাকে মারধর করে।
এদিকে ঈদুল আজহাকে সামনে রেখে উপজেলার বিভিন্ন এলাকায় চুরি ও ডাকাতির ঘটনা বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মাঝে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে। স্থানীয়রা রাতের নিরাপত্তা জোরদার এবং টহল বাড়ানোর দাবি জানিয়েছেন।

চাঁদপুরে পুকুর ভরাট করে গরুর খামারের বর্জ্য ফেলায় লাখ টাকা জরিমানা

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৭:২০ পিএম
চাঁদপুরে পুকুর ভরাট করে গরুর খামারের বর্জ্য ফেলায় লাখ টাকা জরিমানা

চাঁদপুর জেলা সদরের উত্তর-পশ্চিম বিষ্ণুদী এলাকায় পুকুরের অংশবিশেষ ভরাট করে গরুর খামারের বর্জ্য ফেলায় মো. শাহাদাত হোসেন গাজী (৩০) নামে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ভরাট করা অংশ খনন করে অপসারণ করা বর্জ্য পরিবেশসম্মতভাবে ব্যবস্থাপনার জন্য তাকে সাত দিনের সময় দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) পরিবেশ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয় ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে চাঁদপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের উত্তর-পশ্চিম বিষ্ণুদী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর ৬(ঙ) ধারা লঙ্ঘন করে পুকুরের অংশবিশেষ ভরাট করে গরুর খামারের বর্জ্য অপসারণের বিষয়টি প্রমাণিত হলে মো. শাহাদাত হোসেন গাজীকে এক লাখ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করেন।

এ ছাড়া ভরাট করা অংশ খনন করে সেখানে থাকা বর্জ্য অপসারণ এবং তা পরিবেশসম্মতভাবে ব্যবস্থাপনার জন্য সাত দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়।

Model Hospital

চাঁদপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল হুদা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া। এ সময় পরিবেশ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় চাঁদপুর জেলা পুলিশের একটি দল সহযোগিতা করে।
পরিবেশ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মিজানুর রহমান বলেন, পরিবেশ সুরক্ষা ও দূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।