শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শিশু ধর্ষণের প্রতিবাদ ও দ্রুত শাস্তির দাবিতে চাঁদপুরে কোমলমতি শিশুদের মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৩ মে, ২০২৬, ৯:৫৬ পিএম
শিশু ধর্ষণের প্রতিবাদ ও দ্রুত শাস্তির দাবিতে চাঁদপুরে কোমলমতি শিশুদের মানববন্ধন

সারা দেশে শিশু ধর্ষণের প্রতিবাদ এবং দোষীদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চাঁদপুরে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ মে) বিকেল ৪টায় চাঁদপুর শহরের অঙ্গীকার ভাষ্কর্যের সামনে সামাজিক সংগঠন আপন ও আপন কিডস এন্ড অ্যাডভান্স স্পোকেন-এর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রায় একঘন্টা ব্যাপী চলা এই মানববন্ধনে আপন কিডস এন্ড অ্যাডভান্স স্পোকেন-এর কোমলমতি শিশু শিক্ষার্থী, অভিভাবক, নারী ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা “নির্যাতন নয়, নিরাপত্তা চাই। ধর্ষণের বিচার চাই” সহ বিভিন্ন লেখা সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন। এ সময় তারা শিশু ও নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তোলা এবং অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান।

মানববন্ধনে সভাপতিত্ব করেন সামাজিক সংগঠন আপন-এর সিনিয়র সহ-সভাপতি রোটারিয়ান মোঃ আশরাফুল আরিফ। তিনি বলেন, দেশে একের পর এক শিশু ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা জাতিকে উদ্বিগ্ন করে তুলেছে। এসব ঘটনার দ্রুত এবং সুষ্ঠু বিচার না হলে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠবে। শিশুদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

Model Hospital

সংগঠনের সাধারণ সম্পাদক আশিক বিন রহিম বলেন, “শিশুরা আমাদের ভবিষ্যৎ। তাদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের যৌথ দায়িত্ব। শিশু নির্যাতন ও ধর্ষণের মতো জঘন্য অপরাধের সঙ্গে জড়িতদের দ্রুত বিচার এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।”

আপন-এর যুগ্ম সম্পাদক সিত্তুল মুনা চৈতি বলেন, “আজ আমরা সন্তানদের নিয়ে রাস্তায় নেমেছি শুধু প্রতিবাদের জন্য নয়, তাদের নিরাপদ ভবিষ্যতের দাবিতে। আমরা চাই, কোনো শিশুই যেন আর নির্যাতনের শিকার না হয়।”

কর্মসূচিতে অংশ নেওয়া ক্ষুদে শিক্ষার্থী বলেন, “আমরা ভয়মুক্ত পরিবেশে বেড়ে উঠতে চাই। যারা শিশুদের ওপর নির্যাতন করে, তাদের কঠোর শাস্তি দিতে হবে।”

চাঁদপুরে লঞ্চ থেকে নামার সময় নদীতে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ আটক ২

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
চাঁদপুরে লঞ্চ থেকে নামার সময় নদীতে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ আটক ২

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল লঞ্চ টার্মিনালে লঞ্চ থেকে ঘাটে নামার সময় মেঘনা নদীতে পড়ে এক যুবক নিখোঁজ হয়েছেন। তার বয়স আনুমানিক ৩০ বছর। তবে এখন পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় মুকবিল-২ লঞ্চ ও লঞ্চের ২জন স্টাফকে আটক করা হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ষাটনল লঞ্চঘাটে এ ঘটনা ঘটে। নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরগামী মুকবিল-২ লঞ্চ থেকে নামার সময় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরগামী মুকবিল-২ লঞ্চটি ষাটনল লঞ্চঘাটে যাত্রী নামাচ্ছিল। এ সময় ওই যুবক লঞ্চ থেকে নামার পর নিজের ব্যাগ লঞ্চে রেখে যাওয়ার কথা মনে পড়ে আবার লঞ্চে ওঠেন। পরে তিনি ফের লঞ্চ থেকে নামার সময় লঞ্চটি পেছনের দিকে চালিয়ে দেওয়া হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এ সময় ঘাটে লাফ দিয়ে নামার চেষ্টা করলে তিনি মেঘনা নদীতে পড়ে নিখোঁজ হন।

ঘটনার পর মুকবিল-২ লঞ্চ দ্রুত সেখান থেকে মোহনপুর লঞ্চঘাটের দিকে চলে যায়। পরে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা লঞ্চটি এবং ২জন স্টাফকে আটক করেন বলে জানিয়েছেন ফাঁড়ির ইনচার্জ মো. রুহুল আমিন।

Model Hospital

স্থানীয় সৈকত নামের একজন বলেন, লঞ্চ চালকদের ভুলের কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে তারা মনে করছেন। ষাটনল লঞ্চঘাটে আগে এমন ঘটনা ঘটেনি উল্লেখ করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। এদিকে লঞ্চযাত্রীরাও যাত্রী ওঠানামার সময় নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

ষাটনল লঞ্চঘাটের ইজারাদার মো. ইমন জানান, ঘটনার পরপরই বিষয়টি সংশ্লিষ্টদের জানানো হয়েছে এবং নিখোঁজ যুবকের সন্ধানে উদ্ধার তৎপরতা চলছে।

বেলতলী নৌ পুলিশের ইনচার্জ মোজাম্মেল হক পিপিএম জানান, নিখোঁজ যুবকের সন্ধানে নৌ পুলিশ ও স্থানীয়দের সহায়তায় নদীতে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। তবে এখনো নিখোঁজ ব্যক্তির কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ যুবকের সন্ধানে বেলতলী নৌ পুলিশ, মোহনপুর নৌ পুলিশ ও মতলব উত্তর থানা পুলিশের সদস্যরাও স্থানীয়দের সহায়তায় নদীতে তৎপরতা চালাচ্ছেন।

এদিকে দুর্ঘটনা প্রায় ৩ ঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএ’র ডুবুরি দল। জানা যায়, বৈরী আবহাওয়ার কারণে সড়কপথে তাদের ঘটনাস্থলে আসতে দেরি হয়েছে।

ঘটনাস্থলে পৌঁছতে দেরী হওয়ার বিষয়ে চাঁদপুর নদী ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. রাকিবুল ইসলাম বলেন, সকাল ১১টা ৪৫ মিনিটে ষাটনল লঞ্চঘাটে একজন যাত্রী নদীতে পড়ে যাওয়ার খবর পান তারা। আবহাওয়া প্রতিকূল থাকায় সড়কপথে ঘটনাস্থলে এসে পরিস্থিতি অনুকূলে আসার পর ডুবুরি দলকে দিয়ে উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। বিআইডব্লিউটিএর ডুবুরি দলও একই সঙ্গে উদ্ধার কাজে অংশ নিয়েছে।

চাঁদপুর বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক সঞ্জয় দেবনাথ বলেন, খবর পাওয়ার পর চাঁদপুর থেকে ডুবুরি দল নিয়ে দ্রুত ঘটনাস্থলে আসা হয়েছে।ঘটনাস্থলে ৪ জন ডুবুরি দিয়ে তল্লাশি চালানো হচ্ছে নদীতে স্রোত থাকায় ঘটনাস্থলে না পাওয়া গেলে ভাটির দিকে তল্লাশি চালানো হবে। আবহাওয়া অনুকূলে থাকলে সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান চালানোর কথাও জানান তিনি।

এ বিষয়ে কথা হলে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি জানান, বিষয়টি জানার পরপরই নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিটের সঙ্গে কথা বলি। নিখোঁজ যুবকের সন্ধানে প্রয়োজনীয় উদ্ধার তৎপরতা চালানোর জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।