হাজীগঞ্জে বোগদাদ-আইদি বাসের সংঘর্ষে প্রাণ গেল শাহরাস্তির নাইটগার্ড বিল্লালের
চাঁদপুরের হাজীগঞ্জে বোগদাদ ও আইদি পরিবহনের বাসের সংঘর্ষে বিল্লাল হোসেন (৫৫) নামে এক নাইটগার্ড নিহত হয়েছেন।

রবিবার (৩১ মে) সকাল আনুমানিক ৭টা ৪০ মিনিটে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের টোড়াগড় কাজী বাড়ির সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত বিল্লাল হোসেন চাঁদপুরের শাহরাস্তি উপজেলার মুরাগাঁও গ্রামের মিজি বাড়ির বাসিন্দা। তিনি হাজীগঞ্জ ডক্টরস সিটি স্ক্যান অ্যান্ড স্পেশালাইজড হাসপাতালের নাইটগার্ড হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সারারাত দায়িত্ব পালন শেষে বিল্লাল হেসেন সকালে বাড়ি ফেরার উদ্দেশ্যে আইদি পরিবহনের একটি বাসে ওঠার চেষ্টা করছিলেন। এ সময় আইদি বাস তাকে না উঠিয়ে সামনের দিকে এগিয়ে গেলে পেছন দিক থেকে দ্রুতগতির বোগদাদ পরিবহনের একটি বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে হাজীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জড়িত আইদি ও বোগদাদ পরিবহনের বাস দুটি আটক করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয়দের দাবী, সড়কে আর কত প্রাণ ঝরলে কর্তৃপক্ষের টনক নড়বে? যাত্রী ধরার প্রতিযোগিতা বন্ধ করতে হবে, না হলে ভবিষ্যতেও এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটতেই থাকবে। তারা সড়কে কঠোর নজরদারি বৃদ্ধি এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণেরও আহ্বান জানান।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।








