শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

চাঁদপুরে যুবদল নেতার বিরুদ্ধে চাঁদা না পেয়ে হামলার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ৫ জুলাই, ২০২৬, ৯:৪৭ এম
চাঁদপুরে যুবদল নেতার বিরুদ্ধে চাঁদা না পেয়ে হামলার অভিযোগ
চাঁদপুরের মতলব দক্ষিণে চাঁদা না পেয়ে ইউসুফ মিয়াজী নামে এক মাংস ব্যবসায়ীকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে মো. শাহআলম হাজী ও জিসান আহমেদ নামে দুই যুবদল নেতার বিরুদ্ধে।
শুক্রবার (৩ জুলাই) ভোর ৪টার দিকে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের হরিদাসপাড়া এলাকায় এই অতর্কিত হামলার ঘটনা ঘটে। এসময় ইউসুফ মিয়াজীর সাথে থাকা ৩ লক্ষ ১০ হাজার টাকা হামলাকারীরা নিয়ে যায় বলে অভিযোগ করেন তার মা। আহত ইউসুফ মিয়াজী ওই এলাকার মৃত আবুল বাসার মিয়াজীর ছেলে। সে স্থানীয় জোড়পুল আড়ং বাজারে গোস্তের ব্যবসা করেন। আহত ইউসুফ বর্তমানে চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে তার পরিবার জানায়।
স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, হরিদাসপাড়া গ্রামের সফিউল্লাহ খন্দকারের ছেলে ইরফান খন্দকার ও ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার নিগুয়ারী এলাকার পরিমল চন্দ্র ধরের মেয়ে নীপা সূত্রধর দীপা ধর্মান্তরিত হয়ে বিজ্ঞ আদালতের মাধ্যমে (এভিডেভিড) ইসলাম ধর্মের রীতিরেওয়াজ মেনে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। এই ঘটনাকে কেন্দ্র করে পার্শ্ববর্তী দৌলতপুর গ্রামের মৃত তোফাজ্জল হাজীর ছেলে নারায়ণপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি মো. শাহআলম হাজী ও যুবদলকর্মী জিসান আহমেদ গত ২৬ জুন রাত ৯টার দিকে খন্দকার বাড়িতে গিয়ে ইরফানের পরিবারের কাছে চাঁদা দাবি করে। বিষয়টি নিয়ে তাৎক্ষণিক শাহআলম হাজী ও জিসানের সাথে ইরফানের বাবা সফিউল্লাহ খন্দকার ও বোন জামাই ইউসুফ মিয়াজীসহ হরিদাসপাড়া গ্রামের লোকজনের তর্কবিতর্ক হয়। পরবর্তীতে বিষয়টি স্থানীয় বিএনপি নেতারা বৈঠক করে মীমাংসা করে দিবে বলে আশ্বস্ত করলে বিষয়টি নিয়ন্ত্রণে আসে।
এই ঘটনার জের ধরে হরিদাসপাড়া গ্রামের মিয়াজী বাড়ির মৃত আবুল বাসারের ছেলে গোস্ত ব্যবসায়ী ইউসুফ মিয়াজী শুক্রবার (৩ জুলাই) ভোর ৪টার দিকে জোড়পুল আড়ং বাজারে গরু জবাইর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে হরিদাসপাড়া-জোড়পুল রাস্তার মোড়ে আসলে আগে থেকে ওঁৎ পেতে থাকা যুবদল নেতা শাহআলম হাজী ও জিসান আহমেদ ইউসুফ মিয়াজীকে পিছন থেকে লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে আঘাত করে। এসময় ইউসুফের সাথে থাকা ৩ লক্ষ ১০ হাজার টাকা নিয়ে যায় এবং তার ভাই সাত্তার মিয়াজীকে পাশের ডোবায় পেলে দেয়। এক পর্যায়ে ইউসুফ দৌড়ে পাশের মজুমদার বাড়ির হাবিব মজুমদারের ঘরের সামনে গিয়ে বাঁচানোর জন্য চিৎকার দিলে হাবিব মজুমদার ও এলাকার লোকজন গিয়ে ইউসুফকে রক্তাক্ত জখম অবস্থা উদ্ধার করে প্রথমে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।
ভুক্তভোগী ও ইউসুফের শ্বাশুড়ি আছমা বেগম জানান, আমার ছেলে হিন্দু মেয়েকে বিয়ে করায় দৌলতপুর গ্রামের হাজির বাড়ির শাহআলম হাজী ও জিসান আহমেদ আমার বাড়িতে এসে আমার ছেলের বউকে টেনেহিঁচড়ে ঘর থেকে বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় তাঁরা আমার কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে না হলে মেয়েকে বের করে দিতে বলে। পরে আমার এলাকার লোকজন আসলে তারা বাড়ি থেকে চলে যায়। এসময় তাদের সাথে আমার স্বামী সফিউল্লাহ খন্দকার ও মেয়ের জামাই ইউসুফ মিয়াজীর সাথে তর্কবিতর্ক হয়। এই ঘটনার জের ধরেই শুক্রবার ভোরে আমার মেয়ের জামাইকে শাহআলম হাজী ও জিসান আহমেদ মারধর করে।
আহত ইউসুফের মা হালিমা বেগম জানান,   আমার ছেলের শ্যালক হিন্দু মেয়েকে মুসলিম বানিয়ে বিয়ে করাকে কেন্দ্র করে শাহআলম হাজী ও জিসানের সাথে কথা কাটাকাটি হয়। এই ঘটনার জের ধরে তারা  আমার ছেলের উপর অতর্কিত হামলা করে। এসময় আমার ছেলের সাথে থাকা ৩ লক্ষ ১০ হাজার টাকা নিয়ে যায়। আমি এই হামলা ও মারধরের বিচার চাই।
এবিষয়ে অভিযুক্ত শাহআলম হাজী বলেন, আমি কোন চাঁদা দাবি করি নাই এবং ইউসুফকে মারধরের বিষয়ে আমি কিছুই জানিনা।
নারায়ণপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সুমন বকাউল বলেন, দলের নাম ভাঙ্গিয়ে যদি কেউ চাঁদাবাজি বা অন্যায় করে। আর তা যদি প্রমানিত হয়। তবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

উৎপাদনই বদলাবে বাংলাদেশ: দক্ষতা বৃদ্ধিতে চাঁদপুরে ব্যবসায়ী সম্মেলন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ১০:২৭ পিএম
উৎপাদনই বদলাবে বাংলাদেশ: দক্ষতা বৃদ্ধিতে চাঁদপুরে ব্যবসায়ী সম্মেলন

চাঁদপুরে ‘টাকা মাত্র ১০ হাজার, খুলবে ব্যবসার দ্বার’ এই স্লোগানে অনুষ্ঠিত হয়েছে ব্যবসায়ী সম্মেলন। সম্মেলনে দেশের অর্থনৈতিক অগ্রগতি তরান্বিত করতে নতুন উদ্যোক্তা তৈরি, সৎ-আদর্শ ব্যবসায়ী গড়ে তোলা এবং উৎপাদনমুখী শিল্পপ্রতিষ্ঠান প্রতিষ্ঠার ওপর জোর দিয়েছেন বক্তারা।

শুক্রবার (২৩ অক্টোবর) সকালে চাঁদপুর শহরের চেয়ারম্যানঘাট এলাকার ইউরেশিয়া কনভেনশন হলে ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডাব্লিউএফ) চাঁদপুর জেলা শাখা এ সম্মেলনের আয়োজন করে।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ শহিদুল ইসলাম বলেন, ‘২০৫০ সালের বিশ্ব শিল্পবিপ্লবের সঙ্গে তাল মেলাতে হলে আমাদের উৎপাদনে যেতে হবে। শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার কোনো বিকল্প নেই।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ বাণিজ্যিকভাবে সম্ভাবনাময় দেশ। ১৮ কোটি মানুষের বিশাল বাজার থাকায় দেশি-বিদেশি বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশের গুরুত্ব রয়েছে। এ সম্ভাবনাকে কাজে লাগাতে ব্যবসায়ীদের উৎপাদনমুখী হতে হবে।’

Model Hospital

চীনসহ বিভিন্ন উৎপাদনকারী দেশ সফরের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ‘উৎপাদনই এসব দেশের অর্থনৈতিক পরিবর্তনের অন্যতম প্রধান শক্তি।

তিনি আরও বলেন, সম্পদ অর্জন করতে হবে, তবে তা অবশ্যই সৎ পথে। সংগঠনের সদস্য হওয়ার ক্ষেত্রে ব্যক্তি বা ধর্মীয় পরিচয়ে কোনো বাধা নেই, তবে সততা থাকতে হবে। সঠিক পরিকল্পনা, সততা, সাহস, দক্ষতা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে চাঁদপুরেও বড় শিল্পোদ্যোক্তা তৈরি করা সম্ভব।’

সম্মেলনে অংশ নেওয়া পাঁচ শতাধিক ব্যবসায়ীর মধ্যে মাত্র ১৬ জন উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন উল্লেখ করে তিনি বলেন, এই উদ্যোক্তারা চাঁদপুরে শিল্পায়নের সম্ভাবনা জাগিয়ে তুলেছেন। মাত্র তিনটি মেশিন দিয়ে উৎপাদন শুরু করে তিন বছরের মধ্যে একটি প্রতিষ্ঠানকে অর্ধশতাধিক মেশিনে বিভিন্ন পণ্য উৎপাদন করতে দেখেছেন বলেও নিজের অভিজ্ঞতা তুলে ধরেন তিনি। তার মতে, এ ধরনের সাফল্য নতুন উদ্যোক্তাদের অনুপ্রাণিত করতে পারে।

আইবিডাব্লিউএফের চাঁদপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক শাহ্ আলমের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন সংগঠনটির কেন্দ্রীয় অর্থ সম্পাদক হুমায়ুন কবির পাটওয়ারী, কুমিল্লা আঞ্চলিক সভাপতি কাজী নজরুল ইসলাম খাদেম এবং জেলা শাখার উপদেষ্টা অধ্যক্ষ মো. হারুন অর রশিদ উসমানী।

জেলা শাখার সাধারণ সম্পাদক রেজাউল করিমের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন সহসভাপতি মোজাম্মেল হক পরান ও বাদশা ফয়সাল।

ব্যবসায়ীদের মধ্যে বক্তব্য দেন মাওলানা আবু জাফর সিদ্দিক, শাখাওয়াত হোসেন, আবুবকর সিদ্দিক, হাফেজ তাজবীর ও সাইফুল ইসলাম সবুজ প্রমুখ।

বক্তারা নিজেদের ব্যবসায়িক অভিজ্ঞতা ও সাফল্যের গল্প তুলে ধরে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ব্যবসায়ীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা বলেন। পাশাপাশি নতুন উদ্যোক্তা তৈরি, ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ করা এবং সততা ও আদর্শের ভিত্তিতে ব্যবসা পরিচালনার আহ্বান জানান।