শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সহ-সভাপতি হলেন কচুয়ার আকাশ মিয়াজী

মোঃ রাছেল, কচুয়া প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ১১:০৫ পিএম
ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সহ-সভাপতি হলেন কচুয়ার আকাশ মিয়াজী

​​বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণের নতুন বর্ধিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন কচুয়ার কৃতিসন্তান ও ছাত্রনেতা মো. আকাশ মিয়াজী। মঙ্গলবার (৭ জুলাই) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটি ঘোষণা করা হয়। ​আকাশ মিয়াজী এর আগে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক এবং ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বিএনপি পরিবারের সন্তান আকাশ মিয়াজী ছাত্রজীবন থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনীতির মাঠে সক্রিয় রয়েছেন। নিজ এলাকা কচুয়ায় ছাত্র রাজনীতির মাধ্যমে বর্ণাঢ্য ক্যারিয়ার শুরু করেন তিনি। পরবর্তীতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ১ নং হরিপুর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এছাড়া তিনি কচুয়া উপজেলা ছাত্রদলের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এবং আহ্বায়ক কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। উচ্চশিক্ষার জন্য ঢাকায় আসার পর তিনি মহানগর দক্ষিণ ছাত্রদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত হন।

​আকাশ মিয়াজীর রাজনৈতিক পথচলা ছিল নানা চড়াই-উতরাই ও ত্যাগে ভরা। বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে কচুয়া ও মতিঝিল থানায় তার বিরুদ্ধে চারটি মামলা দায়ের করা হয়। ২০১৫ সালে তাকে কচুয়ার সাচার এলাকা থেকে গ্রেফতার করে চাঁদপুর কারাগারে পাঠানো হয়, যেখানে তিনি কোনো বিচার ছাড়াই দীর্ঘ ৪০ দিন কারাভোগ করেন। এছাড়া স্বৈরাচারবিরোধী বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করতে গিয়ে তিনি চারবার হামলার শিকার হয়েছেন।

​নতুন দায়িত্ব প্রাপ্তির পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মো. আকাশ মিয়াজী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে আমি সব সময় রাজনীতির মাঠে অটল ছিলাম। একজন সৎ ও নিষ্ঠাবান রাজনীতিবিদ হিসেবে জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে আমি সবার দোয়া ও সহযোগিতা কামনা করি।

Model Hospital

​তার এই সাফল্যে কচুয়া উপজেলাসহ তার রাজনৈতিক অঙ্গনের কর্মী ও শুভানুধ্যায়ীদের মাঝে আনন্দের জোয়ার বইছে। অনেকেই তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন।

উৎপাদনই বদলাবে বাংলাদেশ: দক্ষতা বৃদ্ধিতে চাঁদপুরে ব্যবসায়ী সম্মেলন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ১০:২৭ পিএম
উৎপাদনই বদলাবে বাংলাদেশ: দক্ষতা বৃদ্ধিতে চাঁদপুরে ব্যবসায়ী সম্মেলন

চাঁদপুরে ‘টাকা মাত্র ১০ হাজার, খুলবে ব্যবসার দ্বার’ এই স্লোগানে অনুষ্ঠিত হয়েছে ব্যবসায়ী সম্মেলন। সম্মেলনে দেশের অর্থনৈতিক অগ্রগতি তরান্বিত করতে নতুন উদ্যোক্তা তৈরি, সৎ-আদর্শ ব্যবসায়ী গড়ে তোলা এবং উৎপাদনমুখী শিল্পপ্রতিষ্ঠান প্রতিষ্ঠার ওপর জোর দিয়েছেন বক্তারা।

শুক্রবার (২৩ অক্টোবর) সকালে চাঁদপুর শহরের চেয়ারম্যানঘাট এলাকার ইউরেশিয়া কনভেনশন হলে ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডাব্লিউএফ) চাঁদপুর জেলা শাখা এ সম্মেলনের আয়োজন করে।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ শহিদুল ইসলাম বলেন, ‘২০৫০ সালের বিশ্ব শিল্পবিপ্লবের সঙ্গে তাল মেলাতে হলে আমাদের উৎপাদনে যেতে হবে। শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার কোনো বিকল্প নেই।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ বাণিজ্যিকভাবে সম্ভাবনাময় দেশ। ১৮ কোটি মানুষের বিশাল বাজার থাকায় দেশি-বিদেশি বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশের গুরুত্ব রয়েছে। এ সম্ভাবনাকে কাজে লাগাতে ব্যবসায়ীদের উৎপাদনমুখী হতে হবে।’

Model Hospital

চীনসহ বিভিন্ন উৎপাদনকারী দেশ সফরের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ‘উৎপাদনই এসব দেশের অর্থনৈতিক পরিবর্তনের অন্যতম প্রধান শক্তি।

তিনি আরও বলেন, সম্পদ অর্জন করতে হবে, তবে তা অবশ্যই সৎ পথে। সংগঠনের সদস্য হওয়ার ক্ষেত্রে ব্যক্তি বা ধর্মীয় পরিচয়ে কোনো বাধা নেই, তবে সততা থাকতে হবে। সঠিক পরিকল্পনা, সততা, সাহস, দক্ষতা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে চাঁদপুরেও বড় শিল্পোদ্যোক্তা তৈরি করা সম্ভব।’

সম্মেলনে অংশ নেওয়া পাঁচ শতাধিক ব্যবসায়ীর মধ্যে মাত্র ১৬ জন উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন উল্লেখ করে তিনি বলেন, এই উদ্যোক্তারা চাঁদপুরে শিল্পায়নের সম্ভাবনা জাগিয়ে তুলেছেন। মাত্র তিনটি মেশিন দিয়ে উৎপাদন শুরু করে তিন বছরের মধ্যে একটি প্রতিষ্ঠানকে অর্ধশতাধিক মেশিনে বিভিন্ন পণ্য উৎপাদন করতে দেখেছেন বলেও নিজের অভিজ্ঞতা তুলে ধরেন তিনি। তার মতে, এ ধরনের সাফল্য নতুন উদ্যোক্তাদের অনুপ্রাণিত করতে পারে।

আইবিডাব্লিউএফের চাঁদপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক শাহ্ আলমের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন সংগঠনটির কেন্দ্রীয় অর্থ সম্পাদক হুমায়ুন কবির পাটওয়ারী, কুমিল্লা আঞ্চলিক সভাপতি কাজী নজরুল ইসলাম খাদেম এবং জেলা শাখার উপদেষ্টা অধ্যক্ষ মো. হারুন অর রশিদ উসমানী।

জেলা শাখার সাধারণ সম্পাদক রেজাউল করিমের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন সহসভাপতি মোজাম্মেল হক পরান ও বাদশা ফয়সাল।

ব্যবসায়ীদের মধ্যে বক্তব্য দেন মাওলানা আবু জাফর সিদ্দিক, শাখাওয়াত হোসেন, আবুবকর সিদ্দিক, হাফেজ তাজবীর ও সাইফুল ইসলাম সবুজ প্রমুখ।

বক্তারা নিজেদের ব্যবসায়িক অভিজ্ঞতা ও সাফল্যের গল্প তুলে ধরে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ব্যবসায়ীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা বলেন। পাশাপাশি নতুন উদ্যোক্তা তৈরি, ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ করা এবং সততা ও আদর্শের ভিত্তিতে ব্যবসা পরিচালনার আহ্বান জানান।