শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জে সংস্কারের ৭দিনেই সড়কে ইটের সলিংয়ে ধসের শঙ্কা, অনিয়মের অভিযোগ

অনলাইন ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ৯:৫৮ পিএম
ফরিদগঞ্জে সংস্কারের ৭দিনেই সড়কে ইটের সলিংয়ে ধসের শঙ্কা, অনিয়মের অভিযোগ
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৮ নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নে সরকারি অর্থায়নে সংস্কার করা একটি সড়কের ইটের সলিংয়ে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। কাজ শেষ হওয়ার মাত্র এক সপ্তাহের মাথায় সড়কের দুই পাশের মাটি সরে গিয়ে ইটের সলিং দেবে যেতে শুরু করেছে। এতে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
সম্প্রতি সরেজমিনে সাহাপুর সেতু থেকে ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের গাজী বাড়ি–সংলগ্ন পালের বাড়ি পর্যন্ত সড়কটি ঘুরে দেখা যায়, সড়কের বিভিন্ন স্থানে ইট আলগা হয়ে গেছে। কোথাও কোথাও গর্তেরও সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, সড়কের দুই পাশে নিয়ম অনুযায়ী মাটি ভরাট বা আর্থওয়ার্ক না করায় সামান্য বৃষ্টিতেই মাটি সরে যাচ্ছে। ফলে সড়কটি যানবাহন ও পথচারীদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
স্থানীয় বাসিন্দা ইলিয়াস পাটওয়ারী, বাবুল ভূঁইয়া ও বিল্লাল ভূঁইয়া বলেন, সংসদ সদস্য এম এ হান্নান এলাকার উন্নয়নের জন্য বরাদ্দ দিলেও ঠিকাদারের গাফিলতি ও নিম্নমানের কাজের কারণে সেই উন্নয়ন টেকসই হয়নি। তাঁদের দাবি, সংস্কারের এক সপ্তাহের মধ্যেই সড়কের এমন বেহাল অবস্থা প্রমাণ করে কাজটি যথাযথভাবে করা হয়নি। তাঁরা দ্রুত সড়কটি পুনঃসংস্কার এবং অনিয়মের তদন্তের দাবি জানান।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ঠিকাদার ফারুক মিয়াজী বলেন, সড়কটির জন্য দেড় লাখ টাকা বরাদ্দ ছিল। আগে থেকেই রাস্তার অবস্থা খারাপ ছিল। এ ছাড়া পাশের বাড়িগুলোর পানি সড়কের পাশ দিয়ে নিষ্কাশিত হওয়ায় সমস্যা তৈরি হচ্ছে। তাঁরা বালু ও মাটি ভরাট করে কাজ করেছেন। ভবিষ্যতে সড়কটি পাকা করা হলে এ সমস্যা থাকবে না বলেও তিনি দাবি করেন।
স্থানীয় সচেতন মহলের দাবি, সরকারি উন্নয়ন প্রকল্পের কাজের মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়মিত তদারকি প্রয়োজন। তাঁদের মতে, অনিয়মের অভিযোগ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং সড়কটি দ্রুত টেকসইভাবে সংস্কার করা উচিত।
এ বিষয়ে বক্তব্যের জন্য উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার মোবাইলে একাধিক বার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেন নি।

উৎপাদনই বদলাবে বাংলাদেশ: দক্ষতা বৃদ্ধিতে চাঁদপুরে ব্যবসায়ী সম্মেলন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ১০:২৭ পিএম
উৎপাদনই বদলাবে বাংলাদেশ: দক্ষতা বৃদ্ধিতে চাঁদপুরে ব্যবসায়ী সম্মেলন

চাঁদপুরে ‘টাকা মাত্র ১০ হাজার, খুলবে ব্যবসার দ্বার’ এই স্লোগানে অনুষ্ঠিত হয়েছে ব্যবসায়ী সম্মেলন। সম্মেলনে দেশের অর্থনৈতিক অগ্রগতি তরান্বিত করতে নতুন উদ্যোক্তা তৈরি, সৎ-আদর্শ ব্যবসায়ী গড়ে তোলা এবং উৎপাদনমুখী শিল্পপ্রতিষ্ঠান প্রতিষ্ঠার ওপর জোর দিয়েছেন বক্তারা।

শুক্রবার (২৩ অক্টোবর) সকালে চাঁদপুর শহরের চেয়ারম্যানঘাট এলাকার ইউরেশিয়া কনভেনশন হলে ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডাব্লিউএফ) চাঁদপুর জেলা শাখা এ সম্মেলনের আয়োজন করে।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ শহিদুল ইসলাম বলেন, ‘২০৫০ সালের বিশ্ব শিল্পবিপ্লবের সঙ্গে তাল মেলাতে হলে আমাদের উৎপাদনে যেতে হবে। শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার কোনো বিকল্প নেই।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ বাণিজ্যিকভাবে সম্ভাবনাময় দেশ। ১৮ কোটি মানুষের বিশাল বাজার থাকায় দেশি-বিদেশি বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশের গুরুত্ব রয়েছে। এ সম্ভাবনাকে কাজে লাগাতে ব্যবসায়ীদের উৎপাদনমুখী হতে হবে।’

Model Hospital

চীনসহ বিভিন্ন উৎপাদনকারী দেশ সফরের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ‘উৎপাদনই এসব দেশের অর্থনৈতিক পরিবর্তনের অন্যতম প্রধান শক্তি।

তিনি আরও বলেন, সম্পদ অর্জন করতে হবে, তবে তা অবশ্যই সৎ পথে। সংগঠনের সদস্য হওয়ার ক্ষেত্রে ব্যক্তি বা ধর্মীয় পরিচয়ে কোনো বাধা নেই, তবে সততা থাকতে হবে। সঠিক পরিকল্পনা, সততা, সাহস, দক্ষতা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে চাঁদপুরেও বড় শিল্পোদ্যোক্তা তৈরি করা সম্ভব।’

সম্মেলনে অংশ নেওয়া পাঁচ শতাধিক ব্যবসায়ীর মধ্যে মাত্র ১৬ জন উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন উল্লেখ করে তিনি বলেন, এই উদ্যোক্তারা চাঁদপুরে শিল্পায়নের সম্ভাবনা জাগিয়ে তুলেছেন। মাত্র তিনটি মেশিন দিয়ে উৎপাদন শুরু করে তিন বছরের মধ্যে একটি প্রতিষ্ঠানকে অর্ধশতাধিক মেশিনে বিভিন্ন পণ্য উৎপাদন করতে দেখেছেন বলেও নিজের অভিজ্ঞতা তুলে ধরেন তিনি। তার মতে, এ ধরনের সাফল্য নতুন উদ্যোক্তাদের অনুপ্রাণিত করতে পারে।

আইবিডাব্লিউএফের চাঁদপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক শাহ্ আলমের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন সংগঠনটির কেন্দ্রীয় অর্থ সম্পাদক হুমায়ুন কবির পাটওয়ারী, কুমিল্লা আঞ্চলিক সভাপতি কাজী নজরুল ইসলাম খাদেম এবং জেলা শাখার উপদেষ্টা অধ্যক্ষ মো. হারুন অর রশিদ উসমানী।

জেলা শাখার সাধারণ সম্পাদক রেজাউল করিমের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন সহসভাপতি মোজাম্মেল হক পরান ও বাদশা ফয়সাল।

ব্যবসায়ীদের মধ্যে বক্তব্য দেন মাওলানা আবু জাফর সিদ্দিক, শাখাওয়াত হোসেন, আবুবকর সিদ্দিক, হাফেজ তাজবীর ও সাইফুল ইসলাম সবুজ প্রমুখ।

বক্তারা নিজেদের ব্যবসায়িক অভিজ্ঞতা ও সাফল্যের গল্প তুলে ধরে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ব্যবসায়ীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা বলেন। পাশাপাশি নতুন উদ্যোক্তা তৈরি, ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ করা এবং সততা ও আদর্শের ভিত্তিতে ব্যবসা পরিচালনার আহ্বান জানান।