আগে ৫০ দিন, এবার এক বছর—হাজীগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড
চাঁদপুরের হাজীগঞ্জে মাদকদ্রব্য সেবন করে জনসাধারণের শান্তি বিনষ্ট করার দায়ে জাহাঙ্গীর আলম (৩৮) নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৩০ আগস্ট) উপজেলার দক্ষিণ-পশ্চিম রাজারগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত জাহাঙ্গীর আলম ওই এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে।

স্থানীয় জনগণ ও হাজীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন হাজীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন। অভিযানের সময় মাদক সেবনের অভিযোগে জাহাঙ্গীর আলমকে হাতেনাতে আটক করা হলে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

স্থানীয়দের অভিযোগ, জাহাঙ্গীর আলম দীর্ঘদিন ধরে মাদক সেবনের পাশাপাশি মাদক বিক্রির সঙ্গে জড়িত ছিলেন। তার কর্মকাণ্ডে এলাকায় বিশেষ করে তরুণ ও যুবসমাজের ওপর নেতিবাচক প্রভাব পড়ছিল বলে অভিযোগ রয়েছে।

স্থানীয় সূত্রে আরও জানা যায়, এর আগেও ২০২৫ সালের জুলাই মাসে মাদক সেবন ও বিক্রির অভিযোগে জাহাঙ্গীর আলমকে কারাদণ্ড দেওয়া হয়েছিল। ওই ঘটনায় তিনি ৫০ দিন কারাভোগ করেন। কারাভোগের পরও পুনরায় মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িয়ে পড়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।
স্থানীয় বাসিন্দারা জানান, তাকে আটকের জন্য এর আগেও কয়েক দফা অভিযান চালানো হলেও বিভিন্নভাবে তিনি পালিয়ে যেতে সক্ষম হন। সর্বশেষ স্থানীয়দের সহযোগিতায় পুলিশের অভিযান চালিয়ে তাকে আটক করা সম্ভব হয়।
এদিকে, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন স্থানীয়রা। তাদের মতে, নিয়মিত অভিযান পরিচালনা করা হলে এলাকায় মাদকের বিস্তার কমানোর পাশাপাশি তরুণ ও যুবসমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে দূরে রাখা সম্ভব হবে।








